প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তাঁদের জলবায়ু পরিবর্তনের ফলে পরিবর্তিত বিশ্বের সঙ্গে নিজেদের খাপ খাওয়ানোর প্রযুক্তি উদ্ভাবনে মনোনিবেশেরও তাগিদ দিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২৪তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বিজ্ঞানী ও কারিগরি বিশেষজ্ঞ হিসেবে তোমাদের বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সম্ভাব্য বিপর্যয় মোকাবিলার উপযোগী প্রযুক্তি আবিষ্কার করতে হবে। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) কর্তৃপক্ষ মেয়েদের ভর্তির উদ্যোগ নিয়েছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। দ্রুততম সময় আবাসনের জন্য হোস্টেল নির্মাণ করে তাদের ভর্তি-প্রক্রিয়া শুরুর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।’সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ অপরিহার্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সব কর্মকাণ্ডে মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা আমার সরকারের অন্যতম নীতি।’ তিনি বলেন, ২০১৪ সালের মধ্যে বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে ছেলেমেয়েদের সমান অংশগ্রহণ, উভয়ের জন্য স্নাতক পর্যন্ত বিনা বেতনে লেখাপড়া এবং শিক্ষার হার শতভাগে উন্নীত করার লক্ষ্যে সম্প্রতি জাতীয় শিক্ষানীতি-২০১০ চূড়ান্ত করা হয়েছে। এই নীতিতে মাদ্রাসাসহ সব ধারার শিক্ষাব্যবস্থাকে একই পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। প্রধান অতিথি বলেন, ২০০৫ সালে মক্কায় গৃহীত ওআইসির ১০ বছরের কর্মসূচি বাস্তবায়নে এই প্রতিষ্ঠান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সময়ের পরিক্রমায় এ বিশ্ববিদ্যালয় এখন বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অনুষ্ঠানে ২৩৩ জন শিক্ষার্থীকে (ডিগ্রি) সনদ দেওয়া হয়। এ ছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সমাবর্তন অনুষ্ঠানে চারজনকে স্বর্ণপদক দেওয়া হয়। তাঁদের মধ্যে মোহাম্মদ মঞ্জুরুল এহসানকে ওআইসি স্বর্ণপদক, খান মোহাম্মদ ফয়সাল, এস এম মাসুদুর রহমান আল-আরিফ ও আবিদ হাসানকে আইইউটি স্বর্ণপদক দেওয়া হয়। অনুষ্ঠানে ভিসি অধ্যাপক ইমতিয়াজ হোসেন প্রধানমন্ত্রীকে একটি স্মারক ক্রেস্টও উপহার দেন। ৩০ একর জমির ওপর প্রতিষ্ঠিত আইআইটি চলে ওআইসিভুক্ত ৫৭টি দেশের অর্থায়নে। শিক্ষা ও গবেষণামূলক এ প্রতিষ্ঠানটিতে আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট শ্রেণীর বিভিন্ন কোর্স রয়েছে। রয়েছে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি) কোর্স। এ ছাড়া এক-দুই বছর মেয়াদি টেকনিক্যাল এডুকেশন নামের কোর্সও রয়েছে। বিএসসি কোর্সে (চার বছর মেয়াদি) ভর্তির জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের অঙ্ক, রসায়ন, পদার্থ ও ইংরেজিতে (ভালো ফলাফলসহ) ন্যূনতম জিপিএ ৪.৫ থাকতে হবে। গতকাল সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছে আসন গ্রহণের পরপরই গাউন পরে শিক্ষক-ছাত্র-অতিথিদের শোভাযাত্রা শুরু হয়।এর আগে স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন ভিসি এম ইমতিয়াজ হোসেন ও রেজিস্ট্রার এম আহসান হাবিব। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাংসদ রহমত আলী, সাংসদ আ ক ম মোজাম্মেল হক, সাংসদ সোহেল তাজ, সাংসদ জাহিদ আহসান রাসেল, আইইউটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত ভাকুর এরকুল প্রমুখ উপস্থিত ছিলেন।