অর্জিত সুনাম সামান্য ভুলে নষ্ট হতে পারে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বহুদিনের পরিশ্রমের মাধ্যমে অর্জিত সুনাম সামান্য ভুল বা অবহেলার কারণে বিনষ্ট হয়ে যেতে পারে। এ ব্যাপারে সামান্যতম ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি-বেসরকারি প্রচেষ্টার ফলে বাংলাদেশের পোশাকশিল্প আজ বিশ্বজুড়ে সুনাম কুড়িয়েছে। এ সুনাম যাতে নষ্ট না হয়, সে দায়িত্ব আমাদের সবার। এ জন্য আমি শ্রমিক, মালিক, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে সজাগ থাকার অনুরোধ জানাই।’দেশের সম্ভাবনা সঠিকভাবে নিরূপণ ও উপস্থাপনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের সার্বিক অগ্রগতির জন্য তার ইতিবাচক ভাবমূর্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভাবমূর্তি নির্ভর করে পারস্পরিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য কর্মকাণ্ডের ওপর। একই সঙ্গে প্রধানমন্ত্রী কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে তাঁর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্প্রতি আশুলিয়ার পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানির মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।ঢাকা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), বাংলাদেশ ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট, ক্যাটালিস্ট অ্যান্ড বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বিএএসআইএস) যৌথভাবে ‘পজিশনিং বাংলাদেশ: ব্র্যান্ডিং ফর বিজনেস’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে।