অর্ণবের গান
শান্তিনিকেতনে একটা বড় সময় কাটিয়েছেন অর্ণব। সেখানে পড়াশোনা করেছেন, গান শিখেছেন। সেখানকার আলো, বাতাস, মাটির গন্ধ, সুর এখনো লেগে আছে তাঁর কণ্ঠে। তাই তো এবার তিনি সেই শান্তিনিকেতনে শেখা গান নিয়ে অ্যালবাম তৈরি করেছেন। নাম দিয়েছেন আধেক ঘুমে। গানগুলোর মধ্যে রয়েছে ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’, ‘আধেক ঘুমে’, ‘সঘন গগনে’, ‘আমি কান পেতে রই’, ‘মেঘ বলেছে যাব যাব’, ‘কোথা হতে বাজে’, ‘প্রচন্ড গর্জনে’, ‘ধ্বনিল আহ্বান’, ‘পুরানো সেই’, ‘আমার দিন ফুরালো’। জানালেন, এবার বাংলা নববর্ষ উপলক্ষে একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানে শোনা যাওয়ার সম্ভাবনা আছে গানগুলো। দু-এক দিনের মধ্যে রবির সঙ্গে একটি চুক্তি হওয়ার কথা রয়েছে। মাস খানেক পর বেঙ্গল মিউজিক থেকে আধেক ঘুমে অডিও অ্যালবাম আকারে বাজারে আসবে।অর্ণব জানান, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গানের সঙ্গে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর পিয়ানো বাজিয়েছেন। ওই গানগুলোর সুরের মাঝে অন্য রকম একটা অনুভূতি রয়েছে। আমিও এমনি কিছু গান গাওয়ার সময় পিয়ানো ব্যবহার করেছি। সেই অনুভূতিটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এ ক্ষেত্রে আমাকে সহযোগিতা করেছেন বন্ধু অ্যাইভিন্ড লোডমেল। ও খুব চমৎকার পিয়ানো বাজায়।’আধেক ঘুমে অর্ণবের পঞ্চম অ্যালবাম। অন্যগুলো হলো চাইনা ভাবিস, হোক কলরব, ডুব এবং রোদ বলেছে হবে।