অর্থ আত্মসাত করে এমএলএসএস লাপাত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএলএসএস জালাল উদ্দিন চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে এলাকার সাধারণ মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত তিন মাস যাবত অফিস না করে তিনি লাপাত্তা হয়ে আছেন। কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করে বলছে, সে অফিসে অনুপস্থিত থাকায় বেতন-ভাতা দেওয়া হয়নি। তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ১ সেপ্টেম্বর থেকে এ যাবত জালাল উদ্দিন অফিসে আসেননি ৩১ অক্টোবর কাজে যোগদান করে দু-একদিন অফিস করে বেতন-ভাতা উঠাতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জি এম শাহা বেতন না দিয়ে অফিসে আগের অনুপস্থিতির কারণ জানতে চান। এ ঘটনার পর থেকে জালাল উদ্দিন আর কাজে যোগদান করেননি। স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিদিন বিভিন্ন এলাকার দু-একজন করে মানুষ এসে ঝামেলা করে জালালের কাছে টাকা পায় বলে। উপজেলার রসালপাড়া গ্রামের চার দোকানদার জহুরুল ইসলাম অভিযোগ করেন, তাঁর ছেলেকে পিয়নের চাকরি দেওয়ার নামে গত জুন মাসে ২ লাখ টাকা নেন জালাল। তারপর আর চাকরি দেননি বরং ভুয়া একটি নিয়োগপত্র দিয়েছিলেন। বর্তমানে জালাল চাকরিতেও আসেন না। এ টাকা না পেলে ছেলেমেয়েদের নিয়ে রাস্তায় বসতে হবে বলে কান্নাজড়িত কণ্ঠে জানান জহুরুল। বারইল গ্রামের শহিদুল ইসলাম অভিযোগ করেন, তাঁকে চাকরি দেওয়ার জন্য প্রলোভন দিয়ে সাড়ে তিন লাখ টাকা নিয়েছেন জালাল, এখন পালিয়ে বেড়াচ্ছেন। তিনি জানান, জালাল এভাবে কমপক্ষে ১০ জনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।শহিদুল ইসলাম আরও জানান, জালালের বাড়ি বগুড়ার মহাস্থান গড়ের পাশে পীরগঞ্জ গ্রামে। সেখানে গিয়ে জানা গেছে, তিনি তাঁর বাড়িঘর বিক্রি করে চলে গেছেন। তিনি জয়পুরহাটের বাসস্ট্যান্ট এলাকায় একটি ভাড়ার বাসায় থাকতেন সেখানে গিয়ে তাঁর পরিবার-পরিজনকে পাওয়া গেলেও জালালকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী জানান, অনেক দিন যাবত জালাল বাসায় আসে না।উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা গোবিন্দ মোহন শাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জালালের বিষয়টা নিয়ে ভীষণ চিন্তায় আছি। অফিসে না আসায় বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। এসব কারণে প্রয়োজনে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।