অর্থ আত্মসাতের অভিযোগে নাঈমুল ইসলামের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের সময় পত্রিকার সম্পাদক নাঈমুল ইসলাম খানের বিরুদ্ধে দুই কোটি ৩৫ লাখ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় তাঁকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত।আজ মঙ্গলবার ব্যবসায়ী ও শিল্পপতি এন এইচ এন বুলু ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন। মহানগর হাকিম শাহাদাত হোসেন ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদীর জবাববন্দি গ্রহণ করে নাঈমুল ইসলামকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।মামলার আরজিতে বলা হয়, আমাদের সময় পত্রিকাটি আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হলে নাঈমুল ইসলাম বাদীর সঙ্গে যোগাযোগ করে পত্রিকার শেয়ার বিক্রির প্রস্তাব করেন। শেয়ারের দাম হিসেবে বাদী দুই কোটি ৩৫ লাখ টাকা নাঈমুল ইসলামকে দেন। আরজিতে আরও অভিযোগ করা হয়, নাঈমুল ইসলাম পত্রিকার শেয়ার বাদীর নামে হস্তান্তর না করে অন্যত্র বিক্রি করে দেন। বাদী তাঁর শেয়ার ফেরত চাইতে গেলে আসামি দুই কোটি ৩৫ লাখ টাকার সুদসহ অর্থ ফেরত দেবেন বলে মৌখিকভাবে জানান। এর পরও শেয়ার হস্তান্তর ও টাকা ফেরত না দেওয়ায় তিনি এ মামলা করেন।