অর্থ আত্মসাতের মামলায় বাংলা টিভির চেয়ারম্যান দোষী সাব্যস্ত
ব্রিটেনের বাংলা স্যাটেলাইট চ্যানেল বাংলা টিভির চেয়ারম্যান ফিরোজ খান অর্থ আত্মসাত্ এবং অবৈধভাবে হ্যালিফেক্স বিল্ডিং সোসাইটির টাকা আত্মসাত্ মামলায় ইংল্যান্ডে লিডস ক্রাউন কোর্টে দোষী সাব্যস্ত হয়েছেন।এই মামলায় আটজন আসামির মধ্যে ছয়জন এর আগে নিজের দোষ স্বীকার করে নেওয়ায় প্রত্যেককে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে মোহাম্মদ ফিরোজ খান দোষ স্বীকার না করায় তাঁকে বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামী ৫ মার্চ আদালত তাঁর কারাভোগের মেয়াদ ও দণ্ড ঘোষণা করবেন।ফিরোজ খান ২০০৬ সালে হ্যালিফেক্স ব্যাংকের দুই কর্মকর্তার সহযোগিতায় প্রায় ১০ কোটি টাকার সমপরিমাণ অর্থ বিভিন্ন হিসাবের (অ্যাকাউন্ট) মাধ্যমে সরিয়ে ফেলেন। হ্যালিফেক্স ব্যাংকের তদন্তে এর প্রমাণ মিললে স্কটল্যান্ড ইয়ার্ডের ফাইনান্সিয়াল ক্রাইম ইউনিট তাঁর বিরুদ্ধে মামলা করে।২০০৭ সালে সেপ্টেম্বর মাসে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ফিরোজ খান জামিন নেন।প্রায় তিন বছর দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালত অর্থ আত্মসাতের সঙ্গে ফিরোজ খানের সম্পৃক্ততা খুঁজে পান।ফিরোজ খান ২০০৮ সালে ঢাকা সেশন জজ আদালতের এক মামলায় ৫০ লাখ টাকার অর্থদণ্ড এবং এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়ে পলাতক রয়েছেন।