অর্থ আত্মসাতের মামলায় বিটিসিএলের ৮ কর্মকর্তা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে করা দুর্নীতির দুটি মামলায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) আট কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক তাঁদের জামিনের আবেদন নাকচ করে এ আদেশ দেন।আসামিদের আইনজীবী এ বি এম গোলাম ফাত্তাহ আদালতকে বলেন, এজাহারে আসামিদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ নেই। মামলায় আসামিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে। তবে কে, কত টাকা নিয়েছেন, তাঁর উল্লেখ নেই। বিটিসিএলের চেয়ারম্যানের পক্ষে আয়-ব্যয়ের হিসাব নিয়ন্ত্রণ করে সংস্থার পরিচালক। কিন্তু দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধানের সময় এই পদের কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। আসামিরা হাইকোর্ট থেকে অভিযোগপত্র দাখিলের আগ পর্যন্ত জামিনে আছেন। অভিযোগপত্র দেওয়ার পরই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন। একই অভিযোগে অন্য মামলায় আসামিরা সংশ্লিষ্ট আদালত থেকে জামিনে আছেন। সার্বিক বিবেচনায় আসামিরা জামিন পেতে পারেন।দুদকের আইনজীবী মোশারফ হোসেন জামিনের বিরোধিতা করে বলেন, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাত্ করেছেন। আসামিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের নির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাই আসামিরা জামিন পেতে পারেন না। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে দেন।আসামিরা হলেন বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী ফকরুল হায়দার চৌধুরী এবং এ কে এম জাফর সাদেক, উপসহকারী প্রকৌশলী ফজলুল হক-১, ফজলুল হক-২ ও আহমেদ আলী ও হেভিকল পরিদর্শক মো. ফারুক। এঁদের বিরুদ্ধে চার কোটি ১৭ লাখ ৩২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুদক ২০০৮ সালের ২১ ডিসেম্বর রমনা থানায় এ মামলা করে।পৃথক মামলার আসামিরা হলেন বিভাগীয় প্রকৌশলী মোস্তফা হানিফ চৌধুরী ও শাহজাহান মিয়া। এ দুজনের বিরুদ্ধে তিন কোটি ৭৮ লাখ ছয় হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২১ ডিসেম্বর রমনা থানায় এ মামলা করে দুদক।আসামিরা প্রত্যেকেই হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিনে ছিলেন।