অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় ব্যাংকই
হলমার্কের ঋণ কেলেঙ্কারির ঘটনা হঠাৎ করে উদ্ঘাটিত হয়নি। সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট সবাই তা জানতেন। ব্যাংকই মূলত অর্থ আত্মসাতের সব ধরনের ব্যবস্থা করে দেয়। হলমার্ককে প্রথম ঋণ দিয়েছিল পরিচালনা পর্ষদই। এই সুযোগ নিয়ে রূপসী বাংলা শাখা নিয়মিতভাবে হলমার্ক গ্রুপকে জালিয়াতি করতে সব ধরনের সহায়তা দিয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) থেকে শুরু করে সংশ্লিষ্ট বেশির ভাগ কর্মকর্তা এই জালিয়াতির সুযোগ করে দেন। জালিয়াতির ঘটনা যাতে উদ্ঘাটিত না হয়, সে ব্যবস্থাও নেওয়া হয়। হাতেগোনা কয়েকজন কর্মকর্তা জালিয়াতির কথা জানতে পেরে তা উদ্ঘাটনের ব্যবস্থা নিলে তাঁদের বদলি করা হয় এক দিনের নোটিশে। রাজনৈতিকভাবে ক্ষমতাশালী ব্যক্তিদের পৃষ্ঠপোষকতাও ছিল। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একাধিক উপদেষ্টা, একজন প্রতিমন্ত্রীর নামও পাওয়া যাচ্ছে। পরিচালনা পর্ষদ এখন বলছে, তারা বিষয়টি জানত না। অথচ অনুসন্ধানে জানা যায়, অন্তত তিনজন পর্ষদ সদস্য এর সঙ্গে জড়িত আছেন। পর্ষদের নজরদারির অভাবে হলমার্ক গ্রুপকে সুবিধা দিয়ে বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ব্যক্তিরা। রূপসী বাংলা শাখা থেকে হলমার্কের পাশাপাশি ডিএন স্পোর্টস গ্রুপকে অনিয়ম করে ৬৫ কোটি টাকা দিয়েছে। দুদকের জিজ্ঞাসাবাদের সময় গ্রুপটির প্রতিনিধিরা স্বীকার করেছেন, সোনালী ব্যাংকের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলাম তাঁদের আত্মীয় হন। রূপসী বাংলা শাখার দায়িত্বপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম আজিজুর রহমান এ ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছেন। সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন কবীর এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাইনুল হক হলমার্ক গ্রুপকে সব ধরনের সহায়তা দিয়ে এসেছেন। সব মিলিয়ে ৩২ জনকে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এখন।প্রথম ঋণের অনুমোদন দেয় পর্ষদ: সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা (সাবেক শেরাটন হোটেল) ২০১১ সালের ২০ এপ্রিল সুতা ও সুতাজাত পণ্য উৎপাদনের জন্য হলমার্ক স্পিনিং মিলস লিমিটেড প্রতিষ্ঠার জন্য পরিচালনা পর্ষদে একটি প্রস্তাব পাঠায়। পর্ষদ হলমার্ক স্পিনিং মিলের নামে ৬৫ কোটি ৪১ লাখ টাকা ঋণের অনুমোদন দেয়। হলমার্ক গ্রুপের ঋণ নেওয়ার পালা এভাবেই শুরু।হলমার্ক কেলেঙ্কারির ঘটনা প্রথম প্রকাশ পেয়েছিল প্রথম আলোতেই, গত ২৪ মে। তবে কীভাবে হলমার্কের মতো একটি অখ্যাত গ্রুপ এই পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে, তা নিয়ে অনুসন্ধান করেছে প্রথম আলো। অনুসন্ধানে বেরিয়ে এসেছে নতুন নতুন অনেক তথ্য।দুই মাসের রহস্য: সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার ঋণ অনিয়মের বিষয়টি প্রথম আলোচনায় আসে চলতি ২০১২ সালের জানুয়ারি মাসে। সে সময় আন্তর্জাতিক অর্থায়ন বিভাগের (আইটিএফডি) মহাব্যবস্থাপক (জিএম) ছিলেন আ ন ম মাসরুরুল হুদা সিরাজী। ১ জানুয়ারি এই পদে যোগ দিয়েই ডিসেম্বরের একটি অভ্যন্তরীণ প্রতিবেদন থেকে তিনটি শাখার অনিয়মের কিছু তথ্য পান তিনি। এর মধ্যে স্থানীয় শাখার (লোকাল অফিস) অনিয়মের পরিমাণ ছিল প্রায় ৬৫০ কোটি টাকা, রূপসী বাংলা শাখায় ৩৫০ কোটি টাকা এবং গুলশান শাখায় প্রায় ১২৫ কোটি টাকা।এই তিন শাখা পরিদর্শনের জন্য অনুমতি চাওয়া হয় এমডির কাছে। এমডি হুমায়ুন কবীরের কাছে আইটিএফডির জিএম সিরাজী নিজেই নোটটি হাতে করে নিয়ে যান। তারিখটি ছিল ২৬ জানুয়ারি। এমডি অনুমোদন দেন। অথচ সেই পরিদর্শন কাজটি শুরু হলো ৪ এপ্রিল।রূপসী বাংলা শাখার ওপর বিশেষ কার্যক্রম নিরীক্ষা (ফাংশনাল অডিট) পরিচালনা করে সাইফুল শামসুল আলম অ্যান্ড কোম্পানি। তারা বলেছে, কেন দুই মাস পর নিরীক্ষা শুরু হলো এর কোনো সদুত্তর তারা পায়নি। আর ওই দুই মাসে রূপসী বাংলা শাখা থেকে হলমার্ক গ্রুপ ও আরও পাঁচটি প্রতিষ্ঠান জালিয়াতি করে নিয়ে গেছে এক হাজার ৮০০ কোটি টাকা।এ বিষয়ে অনুসন্ধানে জানা গেছে, ব্যাংকটির এমডি হুমায়ুন কবীর আইটিএফডিকে নিরীক্ষা চালানোর অনুমোদন দিলেও এর সঙ্গে একটি মৌখিক নির্দেশ দেন। নির্দেশটি হলো, আগে স্থানীয় শাখা ও গুলশান শাখায় নিরীক্ষা করতে হবে। এই দুই শাখার নিরীক্ষা শেষ করে প্রতিবেদন জমা দিয়ে তবেই যেতে হবে রূপসী বাংলা শাখায়। বিষয়টি নিয়ে সোনালী ব্যাংকের সাতজন কর্মকর্তার সঙ্গে কথা বলে একই ধরনের তথ্য পাওয়া গেছে। সোনালী ব্যাংকের কর্মকর্তাদের সূত্রে জানা যায়, এরপর আন্তর্জাতিক বাণিজ্য পরিদর্শন শাখা থেকে নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। পরিদর্শন সেলের উপমহাব্যবস্থাপক তখন এস এইচ এস আবু জাফর। উদ্যোগ নেওয়া হয় গুলশান শাখা পরিদর্শনের। এবার বাধা দেন ডিএমডি মাইনুল হক। পরিদর্শন সেলের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শওকত আলী এই পরিদর্শন দলের দলনেতা ছিলেন। মাইনুল হক তাঁকে গুলশান শাখায় পরিদর্শন না করার নির্দেশ দেন। এই নির্দেশের কথা শওকত আলী জানিয়ে দেন ডিজিএম আবু জাফরকে। এরপর জিএম সিরাজী এবং আবু জাফরসহ কয়েকজন কর্মকর্তা যান এমডির কাছে। সবার সামনেই এমডি ফোন করেন ডিএমডিকে।বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে, সে সময় এমডি ও ডিএমডির সঙ্গে খানিকটা উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে এমডি হুমায়ুন কবীর বলে ওঠেন, ‘আপনি এমডির আদেশকে মানতে চান না।’ এরপর এমডির আদেশ বহাল থাকে।তবে এই পরিদর্শনও নির্বিঘ্নে হয়নি। ডিএমডি মাইনুল হক পরিদর্শন দলের দুই সদস্যকে বিভিন্ন সময় ডেকে এনে অন্য কাজ দেন। এই ফাঁকে বাড়তে থাকে রূপসী বাংলা শাখার অনিয়ম। শাখাগুলোর দায়িত্বে থাকা মহাব্যবস্থাপক কার্যালয় বা জিএম অফিসের দায়িত্বে ছিলেন মহাব্যবস্থাপক (জিএম) ননী গোপাল নাথ। আইটিএফডি থেকে পরীক্ষামূলক পরিদর্শন করার জন্য ১৪ মার্চ চিঠি দেওয়া হয় জিএম অফিসকে। আইটিএফডিকে এ সময় জানানো হয়, রূপসী বাংলা শাখায় অনিয়ম হচ্ছে। অভিজ্ঞ লোকবল দিয়ে প্রধান কার্যালয় থেকেই এর পরিদর্শন করা ঠিক হবে। তখন রূপসী বাংলা শাখায় অনিয়মের পরিমাণ ছিল ৫০০ কোটি টাকা। অনিয়ম বাড়তে থাকায় আইটিএফডি আর নিরীক্ষা সেল থেকে রূপসী বাংলা শাখা পরিদর্শনের জন্য আবার অনুমোদন চাওয়া হয় এমডির। এবার এমডি অনুমোদন দেন। ঠিক হয় ৪ এপ্রিল থেকে শুরু হবে পরিদর্শনের কাজ। ১ এপ্রিল এই সিদ্ধান্ত হয়। ব্যাংক কর্মকর্তারা জানান, এরপর শুরু হয় নতুন এক সংকট। ২ এপ্রিল আইটিএফডির জিএম মাশরুরুল হুদাকে বদলি করা হয় কুমিল্লায়। পরদিনই ছাড়পত্র দিয়ে তাঁকে পাঠিয়ে দেওয়া হয়। বদলি করতে বাধ্য হয়েছেন এবং চেষ্টা করেও ঠেকাতে পারেননি—মাশরুরুল হুদাকে এ কথা এমডি নিজেই ডেকে নিয়ে বলেছিলেন। তবে এর আগের দিন অর্থাৎ ১ এপ্রিল পরিদর্শন সেলের ডিজিএম আবু জাফর রূপসী বাংলা শাখা পরিদর্শনের জন্য এজিএম শওকত আলীর নেতৃত্বে একটি দল তৈরি করে দেন। এর পরও বদলি করা হয় আবু জাফরকে।তবে ৪ এপ্রিল থেকে রূপসী বাংলা শাখা পরিদর্শনকাজ শুরুর সিদ্ধান্ত তখনো বহাল ছিল। ৩ এপ্রিল রাত সাড়ে সাতটায় শওকত আলীকে ফোন করে পরিদর্শন সেলের জিএম নুরুল ইসলাম চৌধুরী পরদিন রূপসী বাংলা হোটেল শাখায় না যেতে নির্দেশ দেন। তবে নির্দেশটি মৌখিক থাকায় পরদিন পরিদর্শন দল রওনা হলে শাখায় পৌঁছানোর আগেই আবার ফোন দেন জিএম নুরুল ইসলাম চৌধুরী। ডিএমডি মাইনুল হকের নির্দেশ অনুযায়ী ফিরে আসতে বলেন তিনি। এজিএম শওকত আলী ফিরে এসে পুরো বিষয়টি লিখিতভাবে জানিয়ে জিএমের লিখিত নির্দেশ চান। এমডিকে জানানো হলে বলা হয়, ডিএমডি মাইনুল হকের নির্দেশে আরেকটি দল করা হয়েছে, তারাই যাবে পরিদর্শনকাজে। ডিজিএম সফিজ উদ্দীন আহমেদের নেতৃত্বে সেই দলটি পরিদর্শনকাজ শুরু করে আরও এক সপ্তাহ পর। এই দল পরিদর্শন প্রতিবেদন জমা দেয় ৩০ জুন। এর মধ্যেই কুমিল্লায় বদলি করা হয় এজিএম শওকত আলীকেও।বাংলাদেশ ব্যাংকের তদন্ত: সোনালী ব্যাংকের পরিদর্শনে অনিয়ম উদ্ঘাটিত হলেও এর আগেই রূপসী বাংলা শাখার ওপর পরিদর্শন শুরু করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন ব্যাংক থেকে রূপসী বাংলা শাখার বিষয়ে অভিযোগ আসা শুরু হলে ৪ এপ্রিল বাংলাদেশ ব্যাংক পরিদর্শন শুরু করে। ওই সময় সেখানে উপস্থিত হন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। পরিদর্শনকাজে বাধা দেওয়ার চেষ্টা চালানো হয় এ সময়। তবে মোদাচ্ছের আলী এই অভিযোগ অস্বীকার করে আগেই প্রথম আলোকে বলেছেন, তিনি নিজের কাজে সেখানে গিয়েছিলেন এবং সহায়তা করতে আগ্রহও দেখান। সাবেক এমডি হুমায়ুন কবীরের চুক্তির মেয়াদ শেষ। অনেক চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তিনি ফোনও ধরছেন না। তবে গত ২৯ জুন হলমার্ক কেলেঙ্কারি নিয়ে প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনে হুমায়ুন কবীর বলেছিলেন, যা হয়েছে তা তাঁর অজ্ঞাতে হয়েছে। ডিএমডি মাইনুল হকের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। গত রোববার সোনালী ব্যাংক কার্যালয়ে দীর্ঘ সময় কথা বলেন তিনি। তবে সব ধরনের অভিযোগই অস্বীকার করেন। পাল্টা তিনি কৃতিত্ব দাবি করে বলেন, ২৬ জানুয়ারি পরিদর্শনের সিদ্ধান্ত হলেও সংশ্লিষ্ট বিভাগ কাজ শুরু করেনি। এ কারণেই তিনি নতুন দল গঠন করে ৪ এপ্রিল পরিদর্শনের আদেশ দেন। জিএম নুরুল ইসলাম চৌধুরী দেখা করলেও কোনো কথা বলতে রাজি হননি। সোনালী ব্যাংকের নানা স্তরের আরও কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, হলমার্ক কেলেঙ্কারির খবর অনেক আগে থেকেই সবাই কমবেশি জানতেন। নানা ধরনের কথাবার্তাও প্রচলিত ছিল। হলমার্কের এমডি তানভীর মাহমুদ আসতেন ব্যাংকে। একাধিক বৈঠকও হয়েছে। একাধিক উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠতার কথাও ব্যাংকে প্রচলিত ছিল। রূপসী বাংলা শাখার ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমানকে সবচেয়ে মেধাবী ডিজিএম হিসেবে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থেকে লিখিতভাবে বলা হয়েছে। এত অনিয়ম হচ্ছে, পরিদর্শন চলছে, বাংলাদেশ ব্যাংক তদন্ত করছে—এর মধ্যেও সবচেয়ে ভালো ডিজিএমের পুরস্কার হিসেবে আজিজুর রহমানকে ডিএমডি মাইনুল হকের সঙ্গে ওমান পাঠানো হয়। ব্যাংকের প্রতিবেদনেও প্রশংসা করে তাঁকে অত্যন্ত মেধাবী ব্যাংকার বলা হয়েছে। আর এভাবেই হলমার্ক গ্রুপকে অর্থ আত্মসাৎ করার সব ধরনের পরিবেশই তৈরি করে দেয় সোনালী ব্যাংক।