অর্থ আত্মসাৎ ও দুর্নীতিতে উপদেষ্টাদের নাম এসেছে
প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতির কারণে সমগ্র বিশ্বের আঙুল এখন প্রধানমন্ত্রীর দিকে। প্রধানমন্ত্রী, তাঁর পরিবার ও উপদেষ্টাদের দুর্নীতির বিষয়টি দেশ-বিদেশে প্রমাণিত হয়ে গেছে। তাই নৈতিক কারণেই পদত্যাগ করা উচিত।বিএনপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।আলোচনা সভায় বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থ বোধ করায় তিনি আসেননি। দলের চেয়ারপারসনের পক্ষ থেকে এ জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন মির্জা ফখরুল।সভা পরিচালনা করেন বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক।পদ্মা সেতু প্রকল্প বিষয়ে বিশ্বব্যাংকের চিঠি প্রকাশের দাবি আবারও জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সোনালী ব্যাংক থেকে হলমার্কের অর্থ আত্মসাতের ঘটনায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোদাচ্ছের আলী এবং পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতিতে উপদেষ্টা মসিউর রহমানের নাম এসেছে। তিনি বলেন, বাংলাদেশকে দুর্বল করতে চক্রান্ত হচ্ছে। বিচার বিভাগ ও সংসদকে আবার মুখোমুখি দাঁড় করানো হয়েছে।বিএনপি পিছিয়ে গেছে—এমন বক্তব্যের বিষয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি আন্দোলন থেকে পিছিয়ে যায়নি; বরং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। কারণ, বিএনপি লগি-বৈঠা দিয়ে ক্ষমতায় আসতে চায় না। তিনি বলেন, বিএনপি ১৬ কোটি মানুষের জন্য রাজনীতি করছে। সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দিতে চায়। এ জন্য তারেক রহমানসহ দলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। তাঁদের নির্বাচন থেকে দূরে রাখতেই এই ষড়যন্ত্র হচ্ছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আগামীতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়াকে ক্ষমতায় বসাতে হবে। সে জন্য সবাইকে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হলে বিএনপি তা প্রতিহত করবে।আলোচনা সভায় অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, বরকত উল্লাহ প্রমুখ বক্তব্য দেন।আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির নেতা আর এ গনি, এম ওসমান ফারুক, এ জেড এম জাহিদ হোসেন, ফজলুর রহমান, আলতাফ হোসেন চৌধুরী, নাজিম উদ্দিন আলম প্রমুখ।