অর্থ আত্মসাৎ: পাবনায় ৫ শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাতের অভিযোগে পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ পাঁচ শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিজিয়া খাতুন বাদী হয়ে ১৮ আগস্ট পাবনা সদর থানায় মামলাটি করেন। মামলার আসামিরা হলেন—স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল হামিদ, সহকারী শিক্ষক মো. মাহমুদুল হাসান, দীনেশ চন্দ্র রায়, প্রীতিশ কুমার কুণ্ডু ও নূরুন্নাহার সরকার।মামলার এজাহার থেকে জানা যায়, বিদ্যালয়ের ছাত্রীদের বেতনের সরকারি অংশের সঙ্গে বেসরকারি অংশে সংগৃহীত অর্থ থেকে কম্পিউটার ফান্ড নামে অগ্রণী ব্যাংক হাজি মুহাম্মদ মহসিন সড়ক শাখায় একটি সঞ্চয়ী হিসাব রয়েছে। ২০১০ সালের ২২ মার্চ ফান্ড থেকে বিদ্যালয়ে ফ্যাক্স, পেনড্রাইভ, এন্টিভাইরাস (সিডি) কেনার জন্য প্রধান শিক্ষক পাঁচ সদস্যবিশিষ্ট একটি ক্রয় কমিটি গঠন করেন। কমিটিতে সহকারী শিক্ষক দীনেশ চন্দ্র রায়কে আহ্বায়ক এবং অপর তিন সহকারী শিক্ষককে সদস্য করা হয়। ক্রয় কমিটি ২০১০ সালের ১১ এপ্রিল ওই ফান্ড থেকে ২৬ হাজার ৯০৫ টাকা তুলে। এরপর একটি ফ্যাক্স মেশিন, কম্পিউটার র্যাম ক্রয় এবং কম্পিউটার সার্ভিসিংসহ মোট ২৪ হাজার টাকার তিনটি ভাউচার জমা দেন। কিন্তু দুদকের তদন্তে দেখা যায়, মেশিনের প্রকৃত মূল্য অনেক কম এবং অপর দুটি ভাউচার ভুয়া। এ প্রসঙ্গে কমিশনের সহকারী পরিচালক ও মামলার বাদী রিজিয়া খাতুন বলেন, প্রাথমিক তদন্তে সরকারি অর্থ আত্মসাতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আসামিরা ক্ষমতার অপব্যবহার করে এ অর্থ আত্মসাৎ করেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। সদর থানার উপপরিদর্শন (এসআই) মো. বদরুদ্দোজা বলেন, মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলার আসামি স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল হামিদ বলেন, ‘আমি এখনো বিষয়টি জানি না।’