অর্থ উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়টি এখনো ‘অন্ধকারাচ্ছন্ন’ থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। পদ্মা সেতুর স্বার্থে কোনো দ্বিধা-দ্বন্দ্ব না করে অবিলম্বে পদত্যাগ করতে অর্থ উপদেষ্টা মসিউর রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এই আহ্বান জানান। এরশাদের গণমাধ্যম ও রাজনৈতিক সচিব সুনীল শুভরায়ের সই করা ওই বিবৃতিতে এরশাদ বলেন, বিশ্বব্যাংক অর্থ উপদেষ্টা মসিউর রহমানের বিরুদ্ধেও অভিযোগ উত্থাপন করেছে। এ অবস্থায় দেশ ও জাতির স্বার্থে তাঁরও পদত্যাগ করা উচিত হবে। তিনি একজন গুণী মানুষ। দেশের স্বার্থে তিনি পদত্যাগ করলে তা অসম্মানের হবে না।বিশ্বব্যাংকের শর্ত মোতাবেক পদত্যাগ করে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।দেশের সব রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উদ্দেশ করে এরশাদ বলেন, ‘আসুন আমরা সম্মিলিতভাবে বিশ্বব্যাংকের কাছে পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়টি পুনর্বিবেচনার জন্য আবেদন জানাই। আমি বিশ্বাস করি, আমাদের জাতীয় দাবি বিশ্বব্যাংক উপেক্ষা করতে পারবে না। বিশ্বব্যাংকের ঋণ নিয়েই আমরা পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করতে চাই।’