পদ্মা সেতু নির্মাণে অর্থ খরচে স্বচ্ছ ও জবাবদিহি দেখতে চায় বিশ্বব্যাংক। তদারকির জন্য একটি স্বতন্ত্র কমিটি গঠনের সুপারিশ করেছে এই উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠানটি। গতকাল বৃহস্পতিবার বিশ্বব্যাংক ঢাকা অফিস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। এ সময় জানানো হয়, বিশ্বব্যাংকের স্থানীয় কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই সুপারিশ করেছেন এবং প্রধানমন্ত্রীও তাঁদের সুপারিশের পক্ষে মত দিয়েছেন। সরকার ও উন্নয়ন-সহযোগীদের বাইরে তৃতীয় পক্ষের বিশেষজ্ঞরা এই দলের সদস্য হিসেবে থাকবেন।বিশ্বব্যাংকের স্থানীয় অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব আরাস্তু খান, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টেইনসহ বিশ্বব্যাংকের কর্মকর্তারা।তদারকির জন্য স্বতন্ত্র দল গঠন সম্পর্কে এলেন গোল্ডস্টেইন বলেন, পদ্মা সেতু নির্মাণে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে। কিন্তু এই অর্থ কীভাবে খরচ হবে, সেটা জানার অধিকার বাংলাদেশের মানুষের রয়েছে। এ ছাড়া উন্নয়ন-সহযোগীরাও চায়, অর্থ খরচের প্রক্রিয়াটি স্বচ্ছ ও জবাবদিহির মধ্যে থাকুক।এই সম্পর্কে আরাস্তু খান বলেন, ‘গ্রহণযোগ্যতার জন্য স্বতন্ত্র তদারকি দল গঠনের চিন্তাভাবনা করা হচ্ছে। এই দল গঠিত হলে প্রকল্পের অর্থ ব্যয়ে স্বচ্ছ ও জবাবদিহি থাকবে। এর মানে এই নয় যে বিশ্বব্যাংক সরকারকে কোনো শর্ত দিচ্ছে। দুর্নীতির ধারণাসূচক অনুযায়ী বলা হয়, বাংলাদেশ অন্যতম দুর্নীতিপরায়ণ দেশ।’সংবাদ সম্মেলনে জানানো হয়, পদ্মা সেতু নির্মাণ-প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে তথ্য অধিকার আইন পুরোপুরি অনুসরণ করা হবে। প্রকল্প এলাকার ক্ষতিগ্রস্ত জনগণের সঙ্গে পুনর্বাসন-সংক্রান্ত জবাবদিহিমূলক বৈঠকও করা হবে। এ ছাড়া একজন নিরপেক্ষ পরামর্শক নিয়োগ করা হবে, যিনি সরাসরি প্রধানমন্ত্রীকে প্রতিবেদন দেবেন।সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়, পদ্মা সেতু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধি পাবে ১ দশমিক ৭ শতাংশ। আর দেশের অন্য অঞ্চলে তা বাড়বে দশমিক ৬ শতাংশ। এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১ শতাংশ হারে বেশি দারিদ্র্য কমবে। দেশের বাকি অংশে তা কমবে দশমিক ৮ শতাংশ বেশি হারে। আরাস্তু খান বলেন, পদ্মা সেতু হলে আমদানি-রপ্তানি বাণিজ্যে চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমবে। মংলা বন্দর আরও কার্যকর হবে। নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন হবে কি না—এমন প্রশ্নের জবাবে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ হবে। প্রকল্পের পরামর্শক নিয়োগ সম্পর্কে তিনি জানান, এ ধরনের যেকোনো প্রকল্প বাস্তবায়নে ইউরোপ, আমেরিকার মতো বড় দেশেও পরামর্শক নিয়োগ দেওয়া হয়ে থাকে। পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে দেশি-বিদেশি পরামর্শক নিয়োগ দেওয়া যেতে পারে।এলেন গোল্ডস্টেইন জানান, ঋণ পরিশোধে বাংলাদেশের অতীত রেকর্ড বেশ ভালো, কখনো খেলাপি হয়নি। মধ্য আয়ের দেশ হতে বাংলাদেশের বিদেশি সহায়তার প্রয়োজন রয়েছে।বিশ্বব্যাংক গোষ্ঠীর আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (আইডিএ) পদ্মা সেতুর জন্য সাড়ে আট হাজার কোটি টাকা (১২০ কোটি ডলার) দেবে। আগামী ২৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাংকের বোর্ড সভায় পদ্মা সেতু নির্মাণের অর্থ চূড়ান্ত অনুমোদনের জন্য উঠবে। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনে আরও দুই হাজার কোটি টাকা (৩০ কোটি ডলার) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। এর আগে ৯ জানুয়ারি বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে বৈঠকে ১২০ কোটি ডলার অর্থ ছাড়ের চূড়ান্ত সমঝোতা হয়। অন্যান্য দাতা সংস্থা দেশের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) চার হাজার কোটি টাকা, জাপান দুই হাজার ৮০০ কোটি টাকা ও ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) এক হাজার কোটি টাকা দেবে।গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পদ্মা বহুমুখী সেতু নির্মাণের সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সংশোধনের পর এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২০ হাজার ৫০৭ কোটি ২০ লাখ ১৬ হাজার টাকা। এর আগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২০ আগস্ট অনুষ্ঠিত একনেকের বৈঠকে ১০ হাজার ১৬১ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা ব্যয় ধরে পদ্মা সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল।