অর্থ ছাড়া কাজ হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে নানা অনিয়ম-দুর্নীতির কারণে অতিষ্ঠ ভুক্তভোগীরা। প্লট বরাদ্দ, হালনাগাদ প্রতিবেদন (সার্ভে রিপোর্ট) পাঠানো, দখল বুঝিয়ে দেওয়া, নকশা ও নথিপত্র তৈরি এবং খুঁজে দেওয়াসহ প্রায় সব কাজে নেওয়া হচ্ছে অর্থ। এসব কাজে সংস্থার চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে প্রায় সব কর্মকর্তা ঘুষ দাবি করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এঁদের সহযোগী হিসেবে রয়েছে একটি দালাল চক্র।৩১ ডিসেম্বর সকালে গৃহায়ণ কর্তৃপক্ষের নাসিরাবাদ কার্যালয়ে গিয়ে দেখা যায়, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন সরকারি বিভিন্ন প্লট ও জায়গা-জমির সমস্যা নিয়ে কর্মকর্তাদের কক্ষে ছোটাছুটি করছেন।ওই দিন সকাল সাড়ে ১০টা। কার্যালয়ের একতলায় নির্বাহী প্রকৌশলী ও দোতলায় তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কক্ষে তখনো তালা ঝুলছিল। কার্যালয়ের বাইরে ছোট ছোট কয়েকটি জটলা। আলাপ থেকে বোঝা গেল, ফাইল আদান-প্রদানে মধ্যস্থতার কাজ করেন তাঁরা। লোকজনের কাছে এঁরা ‘দালাল’ হিসেবে পরিচিত। লেনদেনের মাধ্যমে সমস্যা সমাধানের উপায় বাতলে দিচ্ছিলেন তাঁরা। কিন্তু বনিবনা না হওয়ায় কাগজপত্র নিয়ে বেরিয়ে আসেন এক ভুক্তভোগী। পরিচয় গোপন রাখার শর্তে ওই ভুক্তভোগী বলেন, ‘এখানে ঢোকার মুখেই তাঁকে ঘিরে ধরেন দু-তিনজন লোক। তাঁরা বলেন, ‘‘ভিতরে গিয়ে কাজ হবে না। আমাদের বলেন সমস্যার কথা। আমরাই সমাধান করে দেব।’’ এরপর তাঁরা আমার কাছে দুই লাখ টাকা দাবি করেন। কিন্তু আমার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। আমি নির্বাহী প্রকৌশলীর কাছে অভিযোগ করব।’ খোঁজ নিয়ে জানা যায়, গৃহায়ণ কর্তৃপক্ষের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী প্রকৌশলী রাশেদুল আলম টাকার বিনিময়ে বিভিন্ন সমস্যার সমাধান করেন। প্রতিষ্ঠানের কয়েকজন কর্মচারী ও বাইরের দালাল চক্র লোকজনকে তাঁর কাছে নিয়ে আসেন। এঁদের মধ্যে উপবিভাগীয় সহকারী রফিক উল্লাহ, কোষাধ্যক্ষ অশোক কুমার কর্মকার ও সার্ভেয়ার মো. আইয়ুব রয়েছেন। অভিযোগ সম্পর্কে রাশেদুল আলমের মুঠোফোনে কল দিয়ে সাংবাদিক পরিচয় দিলে অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আমি রাশেদুল আলম নই।’গৃহায়ণ কর্তৃপক্ষের একতলা কার্যালয়ের বাইরে কথা হয় নোয়াখালী সদর থেকে আসা মাসুদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘আমি একটি প্লটের নকশার জন্য দুই দিন ধরে ঘুরছি। অফিসের পিয়নকে ৫০০ টাকা দেওয়ার পর তিনি একজন কর্মকর্তার কাছে নিয়ে যান। ওই কর্মকর্তাও এখন টাকার জন্য নানা অজুহাতে ঘোরাচ্ছেন।’কোনো ফাইল, নথিপত্র ইত্যাদি খুঁজে দেওয়ার কথা বলে চতুর্থ শ্রেণীর কয়েকজন কর্মচারী ৫০০ থেকে এক হাজার টাকা করে নেন বলে ভুক্তভোগী একাধিক ব্যক্তি জানিয়েছেন।বেলা প্রায় সাড়ে ১১টার দিকে কর্তৃপক্ষের ভূ-সম্পত্তি কার্যালয়ের (এস্টেট অফিস) সামনে কথা হয় ভুক্তভোগীদের সঙ্গে। মৌলভীবাজারের বাসিন্দা আকরাম আলী বলেন, ‘জীবনে কোন পাপ করেছি জানি না। তারই খেসারত দিতে হচ্ছে এস্টেট অফিসে এসে। টাকা ছাড়া এখানে কারও মুখ থেকে কথাও বের করানো যায় না।’ অপর অভিযোগকারী মো. আশেক বলেন, ‘এখানে একটি কাজের জন্য কমপক্ষে পাঁচ শ থেকে পাঁচ হাজার টাকা খরচ করতে হয়।’এরপর গৃহায়ণ কর্তৃপক্ষের উপবিভাগীয় কার্যালয়ের (সাবডিভিশনাল অফিস) সামনে গিয়ে দেখা যায়, পাঁচ-ছয়জন লোক নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত। এঁরা চট্টগ্রাম নগরের হালিশহর আই ব্লকের প্লট মালিক সমিতির সদস্য। খোদ নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ আনেন তাঁরা। প্লটের হালনাগাদ প্রতিবেদন সই করে ঢাকায় পাঠানোর কথা বলে এ দুই কর্মকর্তা যথাক্রমে ৫০ ও ৫২ লাখ টাকা করে ঘুষ দাবি করেছেন বলে তাঁদের অভিযোগ। টাকা দিতে না পারায় এক বছর ধরে তাঁরা গৃহায়ণ কর্তৃপক্ষের কার্যালয়ে ঘুরছেন। কিন্তু কোনো কূলকিনারা হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করে প্লট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. এনামুল করিম খান বলেন, ‘টাকা দিতে না পারায় প্রায় এক বছর ধরে আমাদের হয়রানি করা হচ্ছে।’ সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ জানুয়ারি প্লটের হালনাগাদ প্রতিবেদন চেয়ে ভূমি ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগ থেকে চট্টগ্রামে নির্বাহী প্রকৌশলীর কাছে চিঠি পাঠানো হয়। সমিতির সদস্যরা অভিযোগ করেন, গত এক বছরে কার্যালয়ের পিয়ন থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা—সবাই নানা অজুহাতে তাঁদের কাছ থেকে নানা অঙ্কের টাকা নিয়েছেন। ঘড়ির কাঁটায় তখন প্রায় একটা। একতলায় কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এ কিউ এম শাহজালাল মজুমদারের কক্ষ তখনো বন্ধ। দোতলায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আমিন পাটোয়ারীর কক্ষেও তালা ঝুলছিল।খোঁজ নিয়ে জানা যায়, দুজনই দাপ্তরিক কাজে ঢাকায়। তাঁদের সঙ্গে যোগাযোগের জন্য মুঠোফোন নম্বর জানতে চাইলে একাধিক সহকর্মী তা জানাতে অপারগতা প্রকাশ করেন। অভিযোগ রয়েছে, এই দুই কর্মকর্তা প্রায়ই এ ধরনের সভার কথা বলে দপ্তরের বাইরে থাকেন। কাউকেই তাঁদের মুঠোফোন নম্বর দেওয়া হয় না। তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আমিন পাটোয়ারী বলেন, ‘নাসিরাবাদে আমাদের দাপ্তরিক কাজ কম থাকে। বিভিন্ন সময়ে বিভাগীয় সভায় যোগ দিতে ঢাকায় থাকতে হয়।’ টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করে রুহুল আমিন বলেন, ‘অভিযোগকারীকে আমার সঙ্গে সরাসরি কথা বলতে বলেন।’এসব বিষয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘অভিযোগের ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’