অর্থ পাচার, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের মতো হুমকি মোকাবিলায় বিশ্বব্যাপী সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল র্যাডিসনে সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ডে অর্থ সরবরাহ বন্ধের লক্ষ্যে বিশ্বব্যাপী এশীয়-প্রশান্ত মহাসাগরীয় গ্রুপের (এপিজি) তিন দিনব্যাপী ১৩তম টাইপোলোজি কর্মশালা উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইন ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ ও এপিজির নির্বাহী কর্মকর্তা ডেভিড শ্যানন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী। বাংলাদেশ ব্যাংক ও এশীয়-প্রশান্ত মহাসাগরীয় গ্রুপ এই কর্মশালার আয়োজন করে। প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদে অর্থায়ন ও মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে তাঁর সরকারের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে অবৈধ অর্থের লেনদেন বন্ধ করা অপরিহার্য। তিনি বলেন, সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ যেমন ভৌগোলিক সীমারেখা মানে না, তেমনি কোনো একক দেশের পক্ষে তা দমনও সম্ভব নয়। এ জন্য সম্মিলিত সর্বাত্মক প্রচেষ্টা জরুরি।সন্ত্রাসী কর্মকাণ্ড ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থকে মানি লন্ডারিংয়ের অন্যতম কারণ হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়াসহ গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সন্ত্রাসবাদ এক মারাত্মক হুমকি। সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ ব্যাহত হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ড। পাশাপাশি সীমিত সম্পদের একটা বড় অংশ সন্ত্রাসবাদ মোকাবিলায় ব্যয় হচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট নেতাদের দুর্নীতির মাধ্যমে অর্জিত বিপুল পরিমাণ অর্থ জঙ্গিবাদের উত্থানে ব্যয় করা হয়। এর ফলে জঙ্গিরা ২০০৫ সালে ৬৩টি জেলার ৫০০ স্থানে একযোগে বোমা হামলা চালিয়েছিল। সন্ত্রাসীরা সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ অনেককে হত্যাও করে।অতীতের মতো এবারও দায়িত্ব নেওয়ার পর জঙ্গিবাদ ও দুর্নীতির মূলোৎপাটনে তাঁর সরকারের সর্বাত্মক প্রচেষ্টার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দুর্নীতি দমন কমিশনকে পুনর্গঠন করে স্বাধীন ও শক্তিশালী করেছি।’ তিনি বলেন, তাঁর সরকার ‘মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট’ প্রণয়নের মাধ্যমে সন্ত্রাসবাদে অর্থায়ন ও মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই সর্বপ্রথম মানি লন্ডারিং প্রতিরোধ আইন পাস করেছে বলে তিনি উল্লেখ করেন।প্রধানমন্ত্রী বলেন, মানি লন্ডারিং প্রতিরোধ আইনকে আরও কার্যকর ও শক্তিশালী করতে জাতীয় সংসদে ‘মানি লন্ডারিং প্রিভেনশন অ্যান্ড অ্যান্টি টেররিজম অ্যাক্ট’ পাস করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ মানি লন্ডারিং সংক্রান্ত আন্তর্জাতিক সনদ, বিশেষ করে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএ) সুপারিশগুলো বাস্তবায়নে আন্তরিক।বাংলাদেশ সন্ত্রাসবাদ প্রতিরোধের বিষয়টি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে জোরালোভাবে তুলে ধরেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে সরকার ইতিমধ্যে বেশ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ শান্তি বজায় রাখার পাশাপাশি বিশ্বশান্তি প্রতিষ্ঠায়ও উজ্জ্বল স্বাক্ষর রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বর্তমানে সর্বোচ্চ সেনা প্রেরণকারী দেশ। বাংলাদেশসহ ৪০টি দেশের প্রতিনিধিরা এই কর্মশালায় অংশ নিচ্ছেন।