অর্থ পাচার মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তারেকের রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ পাচার মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের করা রিট খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।দুদকের আইনজীবী আনিসুল হক রায়ের ব্যাপারে বলেন, ২০০২ সালের মানি লন্ডারিং আইনটি ২০০৯ সালের আইনেও সংযুক্ত করা হয়েছে। এ কারণে তারেক রহমানের রিট আদালত খারিজ করে দিয়েছেন। এখন তাঁর বিরুদ্ধে শিগগিরই এ মামলার বিচারকাজ শুরু হবে। তারেক রহমানের আইনজীবী মাহবুবউদ্দিন খোকন বলেন, হাইকোর্ট কিছু পর্যবেক্ষণ দিয়ে রায় দিয়েছেন। রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর পর্যালোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।দুদকের আরেক আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, রিট গ্রহণযোগ্য নয় বলে আদালত তা খারিজ করে রায় দিয়েছেন। ফলে তারেক রহমানের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলবে। এর আগে আদালতে সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পক্ষে আনিসুল হক ও খুরশীদ আলম এবং তারেক রহমানের পক্ষে রফিক-উল হক, মাহবুবউদ্দিন ও আহসানুল করিম শুনানি করেন। ২০০৯ সালের ২৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) তারেক রহমান এবং তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে ২০ কোটি ৪১ লাখ টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে মামলা করে। গত ৫ জুলাই এর অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলা এবং মুদ্রা পাচার আইনের বৈধতা চ্যালেঞ্জ করে গত আগস্ট মাসে হাইকোর্টে তারেক রহমানের পক্ষে রিট করা হয়। এর পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট আদালত রুল জারি করেন। রুলের ওপর গত মঙ্গলবার শুনানি শেষ হয়।