অর্থ পাচার মামলায় কোকোর ৬ বছরের সশ্রম কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো এবং ইসমাইল হোসেন ওরফে সায়মনকে ছয় বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন এ রায় ঘোষণা করেন। কোকোর বিরুদ্ধে করা মামলাগুলোর মধ্যে এই প্রথম রায় ঘোষণা করা হলো।আদালত তাঁদের প্রত্যেককে ৩৮ কোটি ৮৩ লাখ টাকা করে জরিমানা করেছেন। একই সঙ্গে বিদেশে পাচার করা টাকা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সংস্থাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। অর্থের অবৈধ লেনদেনে কোকোকে সহযোগিতা করায় সাবেক নৌপরিবহনমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে সায়মনকে উপরিউক্ত শাস্তি দেওয়া হয়েছে। মামলার পর থেকে সায়মন পলাতক রয়েছেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, রায় ঘোষণার আগে আজ দুপুর ১২টা দিকে বিএনপিপন্থী আইনজীবীদের দুটি গ্রুপ মিছিল নিয়ে জোর করে আদালত ভবনে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় আইনজীবী ও পুলিশের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এতে ওসি ও কয়েকজন আইনজীবী আহত হন। এর আগে রায় দেওয়াতে কেন্দ্র করে সকাল নয়টা থেকে বিএনপিপন্থী আইনজীবীরা আদালত এলাকায় জড়ো হতে থাকেন। বেলা ১১টা থেকে তাঁরা ‘কোকোর বিরুদ্ধে মিথ্যা মামলা মানি না’, ‘খালেদা জিয়ার ভয় নেই’সহ বিভিন্ন স্লোগানে আদালত প্রাঙ্গণে মিছিল করতে থাকেন। দুপুর সাড়ে ১২টায় রায় ঘোষণার সময় আইনজীবীরা হট্টগোল সৃষ্টি করে আদালত থেকে বের হয়ে আসেন। রায় ঘোষণার পর আওয়ামীপন্থী আইনজীবীরা রায়কে স্বাগত জানিয়ে একটি আনন্দ মিছিল করেন।গত ১৫ জুন এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। পরে ১৯ জুন যুক্তিতর্ক শুনানি শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল।২০০৮ সালের মে মাসে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি (প্যারোল) পেয়ে কোকো বিদেশে চিকিৎসা করাতে যান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছরের ১৯ আগস্ট কোকোর সাময়িক মুক্তি বাতিল করে দেশে ফিরতে চিঠি দেয়। এরপর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু কোকো আত্মসমর্পণ না করায় আদালত তাঁর অনুপস্থিতিতেই গত ৪ জানুয়ারি বিচারকাজ শুরু করেন।আদালত সূত্র জানায়, সিমেন্স বাংলাদেশকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে নেওয়া ঘুষের অর্থ বিদেশে লেনদেনের অভিযোগে ২০০৯ সালের ১৭ মার্চ দুদক এই মামলা করে। কোকো ও সায়মনের বিরুদ্ধে সিঙ্গাপুরে ২৮ লাখ ৮৪ হাজার সিঙ্গাপুর ডলার এবং নয় লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার (সে সময়ের বাজারদর অনুযায়ী ২০ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৫১৮ টাকা) অবৈধ লেনদেনের অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ ও দুর্নীতি প্রতিরোধ আইনে একই বছরের ১২ নভেম্বর অভিযোগপত্র দেয় দুদক।