অর্থ পাচারের কথা স্বীকার করলেন রফিকুল আমীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন এবং ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন অবৈধভাবে অর্থ পাচারের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সাইফুর রহমানের আদালতে রফিকুল আমীন এবং মহানগর হাকিম হারুন-অর রশীদের আদালতে মোহাম্মদ হোসেন জবানবন্দি দেন।দুর্নীতি দমন কমিশন (দুদক) সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা যায়, রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেন ডেসটিনির অর্থ পাচার ও বিভিন্ন হিসাবে অর্থ স্থানান্তরের বিষয়ে জবানবন্দি দিতে চাইলে আজ তাঁদের আদালতে হাজির করা হয়। পৃথক দুটি আদালতে তাঁদের জবানবন্দি নেওয়ার আবেদন করে দুদক। মহানগর হাকিম সাইফুর রহমান আসামি রফিকুল আমীন এবং হারুন-অর রশীদ আসামি মোহাম্মদ হোসেনের জবানবন্দি তাঁদের নিজ নিজ খাস কামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় লিপিবদ্ধ করেন। আদালত জবানবন্দি গ্রহণ শেষে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।আদালত সূত্র জানায়, দুপুর ১২টায় তাঁদের আদালতে আনা হয়। আদালত জবানবন্দি নেওয়ার আগে আসামিদের চিন্তাভাবনা করার জন্য তিন ঘণ্টা সময় দেন। রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেন আজ বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক দুই আদালতে জবানবন্দি দেন।দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ ১৪ অক্টোবর দুটি মামলায় তাঁদের নয় দিন করে মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুদকের জিজ্ঞাসাবাদে তাঁরা দোষ স্বীকার করতে চাইলে রিমান্ড শেষ হওয়ার আগেই আজ তাঁদের আদালতে হাজির করা হয়। গত ১১ অক্টোবর ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ ও এই দুই আসামি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। বিচারক তাঁদের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। হারুন-অর-রশিদ হাইকোর্ট থেকে জামিনে আছেন। তাঁকেও রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। হাইকোর্টে তাঁর জামিনের বিষয়ে শুনানি থাকায় ১৪ অক্টোবর শুনানি হয়নি। আদালত রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেনকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। গত ২৭ সেপ্টেম্বর হারুন-অর-রশিদ, রফিকুল আমীন, মোহাম্মদ হোসেনসহ ডেসটিনির শীর্ষ ২২ কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেট আদালতের দেওয়া জামিন বাতিল করে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেন মহানগর দায়রা জজ আদালত।উল্লেখ্য, দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম গত ৩১ জুলাই মামলা দুটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ডেসটিনি ২০০০ লিমিটেড কর্তৃপক্ষ ডেসটিনি ট্রি প্ল্যানটেশন ও ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মাধ্যমে প্রায় চার হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। কিন্তু বর্তমানে তাদের পৃথক দুটি অ্যাকাউন্টে ৫৬ লাখ ও চার কোটি ৮৭ লাখ টাকা আছে। বাকি তিন হাজার ২৮৫ কোটি টাকা তাঁরা মানি লন্ডারিংয়ের মাধ্যমে আত্মসাৎ করেছেন।