অর্থ প্রেরণকারী প্রবাসীদের আরেকটু মর্যাদা দিন
যে প্রবাসীরা অর্থ পাঠিয়ে দেশের জন্য অবদান রাখছেন, তাঁদের আরেকটু মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘তাঁদের জন্য অন্তত এমন জায়গা করি, যেখানে গিয়ে তাঁরা অন্তত তাঁদের নালিশ জানাতে পারবেন, কাঁদতে পারবেন।’আজ মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি। আজ এই প্রবাসীরা তাঁদের অবদান দিয়ে প্রমাণ করেছেন, বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধিশালী ও সম্ভাবনাময়। তিনি বলেন, ‘প্রতিবছর ১৮ লাখ মানুষ কর্মসংস্থানের উপযোগী হয়। এখন ছয় লাখ মানুষকে বিদেশে পাঠানো সম্ভব হয়। আশা করি, এটি ১০ লাখে পৌঁছানো যাবে।’ এখন যাঁরা বিদেশ যান, তাঁদের বেশির ভাগই অদক্ষ বলে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, তাঁঁদের দক্ষ করে পাঠাতে পারলে আরও বেশি রেমিট্যান্স আসবে। তাঁদের অবদানের স্বীকৃতি দিতে হবে। অর্থমন্ত্রী বলেন, ‘বিমানবন্দরসহ যেসব জায়গায় প্রবাসী কর্মীরা দুর্ভোগ পোহান, সেসব জায়গায় সেবা দিতে বলা হয়েছে। বর্তমানে ৮০ লাখ মানুষ বিদেশে আছে। তাদের কারণেই আমরা স্বস্তিতে আছি।’ অনুষ্ঠানের সভাপতি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘প্রতারণা বন্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। মূল সমস্যা হচ্ছে অভিবাসন খরচ। তবে এটিও কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন ৪০ হাজার টাকায় বাংলাদেশের শ্রমিকেরা মালয়েশিয়ায় যেতে পারবেন।’অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, জনশক্তি, কর্মসংস্থা ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (ডিজি) শামসুন নাহার।২০১১ সালে লিবিয়ায় গাদ্দাফিবিরোধী আন্দোলন চলাকালে সেখান থেকে পালিয়ে আসা বাংলাদেশিদের তিউনিসিয়ার সীমান্তে সহায়তা করায় নার্গিস বিন মেনুকা ও এম লুিস জাজেরিকে সম্মাননা জানানো হয়।