অর্থ ফেরত না দিলে হলমার্কের বিরুদ্ধে ব্যবস্থা
১৫ দিনের মধ্যে হলমার্ক গ্রুপ অবৈধভাবে তোলা অর্থের অর্ধেক ফেরত না দিলে আইনি ব্যবস্থা নেবে সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদ। আজ মঙ্গলবার সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের জরুরি বৈঠক শেষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত সাংবাদিকদের এ কথা জানান।প্রদীপ কুমার দত্ত বলেন, ‘আইনগত ব্যবস্থা নেওয়ার আগে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে অর্থ ফেরতের জন্য হলমার্ক গ্রুপকে নোটিশ দেওয়া হলো। এর মধ্যে ৫০ শতাংশ পরিশোধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি জানান, গতকাল সোমবার হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে ব্যাংকের নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে, তিনি তা গ্রহণ করেছেন।এদিকে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ব্যাংকের দুজন উপব্যবস্থাপনা পরিচালককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে, যা বোর্ড সভায় অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া আজ বোর্ড সভায় হলমার্কের ব্যবস্থাপনা পরিচালককে গতকাল পাঠানো চিঠির অনুমোদন দেওয়া হয়েছে।প্রদীপ কুমার বলেন, সৃষ্ট ঘটনায় অভিযুক্ত সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ অবসরে যাওয়া সাত কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। এ ছাড়া অভিযুক্ত দুই মহাব্যবস্থাপককে ইতিমধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।হলমার্কের অর্থ জালিয়াতির ঘটনায় গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই দাবি করে প্রদীপ কুমার বলেন, ‘প্রায় চার হাজার কোটি টাকার এই অর্থ জালিয়াতির ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং আমাদের জন্য লজ্জাজনক হলেও গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।’ তিনি ব্যাংকের প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে গ্রাহকদের প্রতি আহ্বান জানান।উল্লে¬খ্য, জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে হলমার্ক গ্রুপ দুই হাজার ৬৬৮ কোটি ৩৮ লাখ টাকা তুলে নিয়েছে। এ ছাড়া আরও পাঁচটি প্রতিষ্ঠানের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে হাজার কোটি টাকা।