অর্থ বরাদ্দের সময় বদলে গেল অগ্রাধিকার তালিকা!
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার ও অগ্রাধিকারপ্রাপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালসমূহের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে বদলে গেছে। অর্থ বরাদ্দের সময় তালিকায় থাকা সাতটি প্রতিষ্ঠানের মধ্যে চারটি রেখে নতুন তিনটি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে অগ্রাধিকার তালিকা থেকে বাদ পড়লেও বিশেষ খাতে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে আট কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২ মার্চ স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক দুটি চিঠিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে দেশের সাতটি মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নয়নকাজে ১৫০ কোটি টাকা বরাদ্দের অনুরোধ করেন। চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার ও অগ্রাধিকারপ্রাপ্ত নিম্নলিখিত প্রকল্পগুলো স্বয়ং প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এ জন্য ১৫০ কোটি টাকা চাওয়া হলেও অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয় ৫৮ কোটি টাকা। এর মধ্যে আট কোটি টাকা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জন্য এবং ৫০ কোটি টাকা দেওয়া হয় অপর ছয়টি প্রতিষ্ঠানের জন্য।সূত্র জানায়, প্রধানমন্ত্রীর অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পের তালিকায় ছিল শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল, ঢাকা ডেন্টাল কলেজ এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল। তবে অর্থ বরাদ্দের পর তালিকায় দেখা যায়, অগ্রাধিকার তালিকার তিনটি—ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের নাম বাদ দিয়ে নতুন তিনটি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় নতুন অন্তর্ভুক্ত তিন প্রতিষ্ঠান হলো রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। অবশ্য তালিকা থেকে বাদ দিলেও গোপালগঞ্জ হাসপাতালের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়।জাতীয় সংসদ ভবনে গতকাল বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় অগ্রাধিকার তালিকার বাইরের তিনটি প্রতিষ্ঠানের নামে টাকা বরাদ্দের বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম সভায় বিষয়টি উত্থাপন করেন। সভায় এ ব্যাপারে তদন্ত করে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।শেখ ফজলুল করিম সেলিম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার তালিকা বদলে দেওয়ার ঘটনার বিষয়ে তদন্ত করে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে। মন্ত্রীর লেখা চিঠিতে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকা কীভাবে পরিবর্তিত হলো, তা অবশ্যই খতিয়ে দেখতে হবে। একে ছোট করে দেখার সুযোগ নেই।স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক এ ব্যাপারে বলেন, তালিকা পরিবর্তনের বিষয়টি মন্ত্রণালয় খতিয়ে দেখছে। এ ব্যাপারে কমিটিকে শিগগির জানানো হবে।শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে গতকালের সভায় কমিটির সদস্য স্বাস্থ্যমন্ত্রী, মোহাম্মদ আমানউল্লাহ, মতিউর রহমান, নাজমুল হাসান, মুরাদ হাসান এবং জেড আই এম মোস্তফা আলী অংশ নেন।সূত্র জানায়, সভায় দেশের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের সার্বিক পরিস্থিতিসহ ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বেসরকারি মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণে একই সময়ে একই প্রশ্নে করার সুপারিশ করা হয়। বেসরকারি সব মেডিকেল কলেজে বিনা বেতনে পাঁচজন ছাত্রছাত্রী ভর্তির বিধান অধিকাংশ ক্ষেত্রে না মানায় সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। বিষয়টি তদন্ত করে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগ দেন।