অর্থ ব্যয় করতে না পারায় সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি দলের সাংসদেরা বিরোধী দলের সাংসদদের সংসদে এসে তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্ব থাকলে তা তুলে ধরার আহ্বান জানিয়েছেন। ২০১০-১১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সাংসদেরা হরতালের তীব্র সমালোচনা করেন। এ সময় সরকারি দলের সাংসদেরা ইস্যু ছাড়া হরতাল ডেকে জনদুর্ভোগ সৃষ্টির অপচেষ্টা বন্ধ করারও আহ্বান জানান। এ সময় বাজেট বরাদ্দের অর্থ ব্যয় করতে না পারায় বিভিন্ন মন্ত্রণালয়েরও সমালোচনা করা হয়। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে গতকাল রোববার ২০১০-১১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় প্রথম বক্তা ছিলেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। আজ সোমবার সম্পূরক বাজেট পাস হবে বলে জানা গেছে।বিএনপির কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বাজেট উপস্থাপন করা হয়েছে। বিরোধী দল সংসদে এসে আলোচনায় অংশ নেবে, তা না করে তারা রাস্তায় নেমেছে হরতাল করতে। এর জন্যই জনগণ তাদের ভোট দেয়নি। বিরোধী দলের ভূমিকা পালন করছে না তারা। সংসদে এসে কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আদালতের রায়ে ওই ব্যবস্থা বাতিল হয়ে যাওয়ায় কী ধরনের তত্ত্বাবধায়ক সরকার বিরোধী দল চায়, তা সংসদে এসে তুলে ধরুক।’ যোগাযোগমন্ত্রী আবুল হোসেন হরতালে জনদুর্ভোগের কথা জানিয়ে হরতাল বাদ দিয়ে সংসদে আসার আহ্বান জানান। এনামুল হক বলেন, অনির্বাচিত সরকারকে কখনো সমর্থন করা যায় না। নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া গণতন্ত্রকে শক্তিশালী করবে।২৬ মন্ত্রণালয়ের ব্যর্থতায় ক্ষোভ: অর্থ ব্যয়ে ব্যর্থ হওয়া ২৬টি মন্ত্রণালয়ের কাজে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ‘৩১টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ সাত হাজার ৭৭৯ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। তাদের ধন্যবাদ জানাতে চাই। কিন্তু আবার দেখা গেল, গত অর্থবছর ২৬টি মন্ত্রণালয় নয় হাজার ৯৩৮ কোটি টাকা খরচ করতে পারেনি। এরা কোন কোন মন্ত্রণালয়, কোন কোন মন্ত্রী দয়া করে একটু জানান, এটা আমরা জানতে চাই। ওদের ধরিয়ে দিন তা আমি বলব না।’এ পর্যায়ে সুরঞ্জিতকে উদ্দেশ করে স্পিকার আবদুল হামিদ বলেন, ‘মাননীয় সদস্য, আপনি যে সুরে বলছেন; তাতে আপনার কাছে নাম প্রকাশ করলে তো বিপদ হতে পারে।’ এরপর সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘যারা টাকা খরচ করতে পেরেছে, তাদের ধন্যবাদ জানালাম। আর যারা পারেনি তাদের নিন্দা না করি, অন্তত চিনে রাখা উচিত।’ এ সময় স্পিকার তাঁকে উদ্দেশ করে হাসতে হাসতে বলেন, ‘হামলা যদি না করেন তবে আপনাকে তাঁদের নাম দেওয়া যেতে পারে।’ পরবর্তী সময়ে বাজেট বরাদ্দের অর্থ ব্যয় করতে ব্যর্থ হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী বিদ্যুৎ বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সমালোচনা করেন সুরঞ্জিত। এ সময় অর্থমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যারা বাজেট বরাদ্দের টাকা খরচ করতে পারল না, তাদের ব্যাপারে কী ব্যবস্থা নেবেন, সে কথা সম্পূরক বাজেটে উল্লেখ নেই। যদি কোনো ব্যবস্থা নাও নেন, তবে পুরস্কৃত করেন বা প্রমোশন দেন। তাও আমরা বুঝতাম আপনি কিছু একটা করছেন।’সুরঞ্জিত আরও বলেন, ‘আপনি রাজস্ব ব্যয় বাড়িয়েছেন আর উন্নয়ন ব্যয় কমিয়েছেন। কিন্তু আপনি যদি রাজস্ব ব্যয় না বাড়িয়ে উন্নয়ন ব্যয়ের পুরোটা খরচ করতে পারতেন, তবে আপনাকে আরেকটা ধন্যবাদ দিতাম।’ টাস্কফোর্স গঠনের প্রস্তাব: আওয়ামী লীগের মহীউদ্দীন খান আলমগীর বলেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের লোকসানের কারণ খতিয়ে দেখতে টাস্কফোর্স গঠন করা প্রয়োজন। দেশে ২১৬টি সরকারি প্রতিষ্ঠান রয়েছে, যার অধিকাংশই দীর্ঘদিন থেকে অলাভজনক। এসব প্রতিষ্ঠানের ক্রমাগত লোকসানের কারণ খতিয়ে দেখতে একটি টাস্কফোর্স গঠন করা উচিত। শেয়ারবাজার প্রসঙ্গে তিনি বলেন, শেয়ারবাজার নিয়ে অনেক অতিশয়োক্তি হয়েছে। তিনি শিল্পায়নের মূলধন সংগ্রহে শেয়ারবাজারকে কার্যকরভাবে ব্যবহারেরও আহ্বান জানান। আলোচনায় আরও অংশ নেন আওয়ামী লীগের এ বি এম গোলাম মোস্তফা ও জাসদের মঈন উদ্দীন খান বাদল।