অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা বাড়ানোসংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন (এসআরও) গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (সার্ভিস গঠন, সার্ভিস পদে নিয়োগ ও সাময়িক বরখাস্তকরণ, বরখাস্তকরণ ও অপসারণ) বিধিমালা ২০০৭ সংশোধনে রাষ্ট্রপক্ষকে ছয় সপ্তাহের সময় দিয়েছেন আদালত।আজ সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে নয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। আগামী ১৫ জুলাই এ বিষয়ে পরবর্তী আদেশের তারিখ ধার্য করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের জারি করা আদেশ অনুযায়ী, নিম্ন আদালতের বিচারক ও কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ ৪০ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।গত ৩০ মে রাষ্ট্রপক্ষ আদালতের নির্দেশনা অনুযায়ী অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা বাড়ানো বিষয়ে এসআরও জারি করা হচ্ছে বলে আদালতকে জানিয়েছিলেন। ওই দিন আদালত ৩ মে (আজ) পরবর্তী আদেশের তারিখ ধার্য করেন। আজ সকালে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বেতন-ভাতা বিষয়ে এসআরও প্রতিবেদন আকারে আদালতে দাখিল করেন। একই সঙ্গে সার্ভিস বিধিমালা ২০০৭-এর সংশোধনের জন্য দুই মাসের সময় চেয়ে আবেদন করেন। পরে আদালত ছয় সপ্তাহ সময় মঞ্জুর করেন। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে রাষ্ট্রপক্ষে আরও ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক।মাসদার হোসেন মামলার পক্ষে ছিলেন আইনজীবী এম আমিরুল ইসলাম।পরে একরামুল হক প্রথম আলো ডটকমকে বলেন, বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জারি করা এসআরও তুলে ধরে দাখিল করা আবেদন গ্রহণ করেছেন আদালত। জুডিশিয়াল সার্ভিস বিধিমালা সংশোধনে ছয় সপ্তাহ সময় দিয়ে ১৫ জুলাই পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আপিল বিভাগ।গত ১৪ মার্চ বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন ও অন্যান্য ভাতাসংক্রান্ত একটি কাঠামো আদালতে দাখিল করে রাষ্ট্রপক্ষ। পরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ কিছু সংশোধনের কথা উল্লেখ করে এ বিষয়ে ১৫ এপ্রিল প্রতিবেদন দাখিল করতে বলেন। পরে ১৬ এপ্রিল রাষ্ট্রপক্ষ ‘জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের বেতন-ভাতা, প্রজ্ঞাপন জারির পরিবর্তে আইন প্রণয়নের মাধ্যমে নির্ধারণ করা যথাযথ হবে’ উল্লেখ করে অন্তত চার সপ্তাহ সময় চেয়ে আবেদন দাখিল করে।এর পরিপ্রেক্ষিতে আদালত এ বিষয়ে অ্যামিকাস কিউরিদের বক্তব্য শোনা এবং পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে জানিয়ে ওই দিন ২১ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করেন আদালত। পরে ২১ ও ২২ এপ্রিল শুনানি নিয়ে আদালত ২৫ মে আদেশের দিন ধার্য করেন। ওই দিন আদালত সরকারের দাখিল করা আবেদন খারিজ করে দেন। একই সঙ্গে বেতন-ভাতা বিষয়ে ১৪ মার্চ সংশোধন করে দেওয়া আদেশ ১৬ মের মধ্যে বাস্তবায়ন করতে নির্দেশ দেন। ১৬ মে আদেশ বাস্তবায়নে সময় চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন ৩০ মে পর্যন্ত স্ট্যান্ডওভার (মুলতবি) রাখেন আপিল বিভাগ। একই সঙ্গে বেতন-ভাতা বিষয়ে ১৪ মার্চ সংশোধন করে দেওয়া আদেশ এ সময়ের মধ্যে বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের দাখিল করা এক কাঠামোর পরিপ্রেক্ষিতে গত ১৪ মার্চ আপিল বিভাগ সরকারের সিদ্ধান্ত কিছুটা সংশোধন করে আদেশ দেন। ওই দিন এ-সম্পর্কে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, জেলা জজদের ও সমপদমর্যাদার ২২টি পদ উল্লেখ করা হয়। আদালত সংখ্যা বাদ দিয়ে তা সংশোধন করে বলেছেন, পাঁচ বছর অতিক্রান্ত হলে তাঁরা গ্রেড ওয়ানে উন্নীত হবেন। বিচারকেরা ৫০ শতাংশ বিচারিক ভাতা পেতেন। কাঠামোতে ওই ভাতা ২০ শতাংশ রাখা হয়েছে। আদালত এই ভাতা ৩০ শতাংশে উন্নীত করতে বলেছেন।মাসদার হোসেন মামলার পরিপ্রেক্ষিতে বিচার বিভাগ ২০০৭ সালে নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়ে যাত্রা শুরু করে। পরে পে-কমিশন গঠন করা হয়। ২০০৯ সালের ডিসেম্বরে কমিশন বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়। এরপর বিভিন্ন সময়ে কমিশনের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। সুপারিশে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মূল বেতনের সমপরিমাণ বিচারিক ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া চিকিত্সা, পোশাকভাতাসহ আরও কিছু সুবিধা দেওয়ার কথাও বলা হয়।