সাংসদদের তোপের মুখে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
অর্থ মন্ত্রণালয় বরাদ্দ না দেওয়ায় কাজ হচ্ছে না
আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে এলাকায় পুলিশ ফাঁড়ি ও গাড়ি বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন সাংসদেরা। তবে এসব দাবির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাফ বলেছেন, অর্থ মন্ত্রণালয় বরাদ্দ না দেওয়ায় আপাতত কাজটি করা সম্ভব নয়।আজ বৃহস্পতিবার এসব নিয়ে সরকারি দলের সাংসদদের তোপের মুখে পড়লেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পুরো দায় অর্থ মন্ত্রণালয়ের ওপর চাপিয়ে দিয়ে বিষয়গুলো এড়িয়ে যান।একপর্যায়ে স্পিকার আবদুল হামিদ বলেন, সবকিছুর জন্যই যদি মন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের কথা বলেন, তাহলে আর প্রশ্ন করে কী লাভ হবে? শুধু কি অর্থের জন্যই কাজ করা যাচ্ছে না? অর্থ তো অনেক সময় অনর্থের মূলও হয়ে যায়।একপর্যায়ে স্পিকার বলেন, ‘মন্ত্রীদের কাছে হাওর এলাকার থানাগুলোর জন্য বারবার স্পিডবোট চাইতে চাইতে যৌবন কাল পেরিয়ে বৃদ্ধ হয়ে গেলাম, তবুও পেলাম না।’ জবাবে প্রতিমন্ত্রী বলেন, অর্থপ্রাপ্তি সাপেক্ষে বিষয়টি দেখা হবে।ব্রাহ্মণবাড়িয়ার শাহ জিকরুল আহমেদ তাঁর এলাকায় একটি পুলিশ ভ্যান দাবি করলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘অর্থ পাওয়া গেলে দেওয়া হবে।’ আবু তালহা, তহুরা আলী, সাধনা হালদারসহ ছয়জন সাংসদ এলাকায় পুলিশ ভ্যান ও ফাঁড়ি চাইলেও মন্ত্রী অর্থের বরাদ্দ না থাকার কথা বলেন। সাংসদেরা বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে হলে পুলিশকে গাড়ি দিতে হবে। জনবল বাড়াতে হবে।এ সময় স্পিকার আবদুল হামিদ বলেন, সব প্রশ্নের জবাবেই যদি মন্ত্রী অর্থসংকটের কথা বলেন, তাহলে তো সাংসদদের মন খারাপ হয়ে যায়।