অর্থ লোপাটের কথা স্বীকার করে তানভীরের জবানবন্দি
হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ বৃহস্পতিবার ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে তানভীরকে হাজির করে জবানবন্দি নেওয়ার আবেদন জানান।মহানগর হাকিম কেশব রায় চৌধুরি তার খাস কামরায় ফৌজদারির কার্যবিধির ১৬৪ ধারায় তানভীর মাহমুদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেন। জবানবন্দি শেষে আদালত তানভীর মাহমুদকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তানভীরকে হাজির করা হয়। আদালতের একটি সূত্র জানায়, তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে দুদকের তদন্ত কর্মকর্তা তাঁকে আদালতে হাজির করেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির মূল হোতা তানভীরকে ৭ অক্টোবর রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় দুদকের করা মামলার অপর আসামি হলমার্ক গ্রুপের মহাব্যবস্থাপক তুষার আহমেদকেও গ্রেপ্তার করা হয়। তুষার আহমেদ সম্পর্কে তানভীর মাহমুদের ভায়রা। তাঁদের কাছ থেকে পাঁচটি ব্ল্যাকবেরি মুঠোফোন, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি গুলি ও দুই লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়। পরদিন চারটি মামলায় তানভীর মাহমুদকে ২৯ দিনের ও মহাব্যবস্থাপক তুষার আহমেদকে তিনটি মামলায় ২৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।আদালতে হাজির করার আগে ওই দিন দুপুরে তানভীর মাহমুদ ও তুষার আহমেদকে দুদক কার্যালয়ে নেওয়া হয়। সেখানে প্রায় পৌনে দুই ঘণ্টা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের কর্মকর্তারা। দুদক সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে তানভীর স্বীকার করেছেন, পুরো অর্থ লোপাটের বিষয়টি পরিকল্পনামাফিক ও ‘অনিয়মের’ মাধ্যমেই হয়েছে। ৯ অক্টোবর তানভীর মাহমুদ ও তুষার আহমেদকে প্রথম দিনের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের তদন্ত দলের প্রধান ও জ্যেষ্ঠ উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীসহ ছয়জন সদস্য তাঁদের জিজ্ঞাসাবাদ করেন।