অর্থই জারদারির পরম ধর্ম
পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ও সাংবাদিক তারিক আলী পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির আজমির শরিফ সফর নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। ধর্ম ও রাজনীতির দ্বান্দ্বিক সম্পর্ক ব্যাখ্যার একপর্যায়ে তিনি বলেন, জারদারি ধার্মিক মানুষ নন...। এটা তাঁর সম্পর্কে একটি ইতিবাচক ব্যাপার। তাঁর ধর্ম টাকা এবং সেটা অন্যের টাকা।পাকিস্তানি কবি ফয়েজ আহমদ ফয়েজের জীবনীমূলক বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে ভারতের নয়াদিল্লিতে ৬৮ বছর বয়সী ঔপন্যাসিক, ইতিহাসবিদ ও রাজনৈতিক কর্মী তারিক আলী সাংবাদিকদের এ কথা বলেন।জারদারির ব্যাপারে তারিক আলী হাসতে হাসতে বলেন, ‘জারদারির আজমির শরিফ যাওয়া নিয়ে আমি খুবই বিস্মিত। সেখানে যাওয়ার মূল কারণটা প্রকাশ পায়নি। অবশ্য পাকিস্তানের সবকিছুই প্রকাশ্য। দেশটা বদলে গেছে।’ধর্ম ও রাজনীতির দ্বান্দ্বিক সম্পর্ক নিয়ে তারিক আলীর ভাষ্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য ধর্মকে ব্যবহার করা বিশ্বব্যাপী রাজনৈতিক দলগুলোর ঐতিহাসিক ঐতিহ্যের অংশ হয়ে গেছে...। এটি কর্তৃত্বপরায়ণ এজেন্ডা। যখন এটা ইসলাম ধর্ম নিয়ে করা হয়, তখন আমার মেজাজ খারাপ হয়। কারণ, ইসলামের মূল বার্তার সঙ্গে এটি সংগতপূর্ণ নয়। ধর্মের উত্থান একটি আধুনিক প্রপঞ্চ বলেও তিনি মন্তব্য করেন।সাংবাদিক মাযহার আলী খান ও অধিকার-কর্মী তাহিরা মাযহার আলী খানের ছেলে তারিক আলী ইসলামিক সামরিক ইতিহাস ও বিশ্বব্যাপী বাম-আন্দোলন নিয়ে লেখালেখির জন্য পরিচিত। তাঁর ১৭টি বই আছে। তাই তাঁর আলাপচারিতায় উঠে এল মার্ক্সবাদ। তিনি বলেন, সোভিয়েত ইউনিয়নের পতনের ২১ বছর পরও আজকের এই জামানায় পুঁজিবাদ সম্পর্কে ধারণা পেতে রাজনীতি, অর্থনীতি ও আধুনিক ইতিহাসের ছাত্রদের কাছে কার্ল মার্ক্স প্রাসঙ্গিক হয়ে উঠছে। তাঁর ভাষায়, ‘মানুষ পড়ে এমন একটি বিষয়ের মধ্যে মার্ক্সবাদ অন্যতম। আমি যুক্তরাষ্ট্রের এমন অনেক বিশ্ববিদ্যালয়ের নাম জানি, যেখানে পুঁজিবাদ সম্পর্কে ধারণা পেতে ছাত্ররা মার্ক্সবাদী স্টাডি সার্কেল গঠন করেছে।’জার্মান সমাজতাত্ত্বিক ও দার্শনিক কার্ল মার্ক্সের লেখা আবার ইউরোপে সর্বাধিক বিক্রীতের তালিকায় স্থান পাচ্ছে বলে তারিক আলী মন্তব্য করেন। কারণ তরুণপ্রজন্ম তাঁকে নিয়ে কথা বলছে। তাঁর মতে, রাশিয়া ও চীনে থাকা মার্ক্সবাদ আর এখন নেই।বামপন্থী বুদ্ধিজীবীরা তারিক আলীর ভারত সফর পছন্দ করছেন না। ভারত সফর সম্পর্কে তিনি বলেন, ‘আমি ২০০৬ সালে সর্বশেষ ভারতে এসেছিলাম। এর বেশির ভাগ সময়েই কলকাতায় ছিলাম। তবে খানিকটা সময় দিল্লিতেও ছিলাম। ভারতের ভিসা পাওয়াটা রীতিমতো সংগ্রামের। ভারতের ভিসা পাওয়ার জন্য আমাকে তিন মাস অপেক্ষা করতে হয়েছে।’