অর্থনীতি এখন পোড়ামাটির মতো: খালেদা
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, জনগণ আজ চরম অনিশ্চয়তায় ভুগছে। দেশের মানুষ এ অনিশ্চয়তা থেকে মুক্তি চায়। তিনি বলেন, ‘সরকার সর্বশেষ ১০ নভেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এতে জনজীবনের দুর্ভোগ তীব্র হয়েছে। জ্বালানি খাতে সরকারের ভ্রান্ত নীতি, অদক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সীমাহীন দুর্নীতির কারণে মূল্যবৃদ্ধির এ দায়ভার জনগণ মেনে নেবে কেন?’আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।খালেদা জিয়া বলেছেন, দেশের অর্থনীতি গভীর সংকটে নিমজ্জিত। শেয়ারবাজারে বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে, ক্ষমতায় গেলে বিএনপি তার বিচার করবে। এ জন্য সরকারের পদত্যাগ করা উচিত।খালেদা জিয়া বলেন, ‘পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংক জনৈক মন্ত্রীর দিকে ইঙ্গিত করে বলেছে, তারা এ খাতে আর অর্থসহায়তা দেবে না। পদ্মা সেতু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ জন্য আমরা উদ্বিগ্ন।’ প্রথম পদ্মা সেতুর কাজ না করেই দ্বিতীয় পদ্মা সেতুর কাজে হাত দেওয়া একটি হাস্যকর ব্যাপার বলে মন্তব্য করেছেন তিনি।খালেদা জিয়া আরও বলেন, ‘দেশের অর্থনীতি এখন পোড়ামাটির মতো। ভিন দেশের প্রভুদের খুশি রাখতে তারা পোড়ামাটির নীতির অবলম্বন করেছে। অর্থনীতি আজ সংকটের মুখে। আসুন এখনই আমরা ঐক্যবদ্ধ হই—যারা এ অবস্থার তৈরি করেছে, জনগণের অপরাজেয় শক্তি দিয়ে তাদের পরাস্ত করি। আসুন আমরা শপথ গ্রহণ করি, জাতীয় অর্থনীতিকে যারা রক্তশূন্য করে ফেলেছে, তাদের করাল গ্রাস থেকে দেশকে মুক্ত করবই।’