অর্থনীতি তিন বছরের মধ্যে দুর্বলতম অবস্থায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তিন বছরের মধ্যে সবচেয়ে দুর্বলতম অবস্থায় রয়েছে। সঠিক নীতি সংস্কার করতে না পারলে আগামী অর্থবছরের পরিস্থিতি আরও দুরূহ হবে। এ মূল্যায়ন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি)। এর কারণ ব্যাখ্যা করে সংস্থাটির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘সরকারের মধ্যগগন পার হয়ে গেছে। কিন্তু দুর্যোগ এখনো কাটেনি। কালো মেঘ রয়ে গেছে। অর্থনীতির সব সূচকই এখন দুর্বল এবং সে প্রবণতা আগামীতে থেকেই যাবে বলে মনে হয়।’ নিজস্ব কার্যালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত ‘চলতি ২০১১-১২ অর্থবছরে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির পর্যালোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন। দেবপ্রিয় ভট্টাচার্য জানান, রাজস্ব ব্যয়ে বিস্ফোরণ ঘটে গেছে দেশে। রাজস্ব আয় বেড়েছে ১৮ শতাংশ, কিন্তু ব্যয় বেড়েছে ৩২ দশমিক ৫০ শতাংশ। এই ব্যয়ের ৭০ শতাংশই হলো ভর্তুকি। এটাই অর্থনীতিকে সবচেয়ে অসুবিধার মধ্যে ফেলেছে। আবার রাজস্ব ব্যয়ের ২০ শতাংশ ব্যয় হয় সুদ পরিশোধে। এটাও নাড়া দিয়ে যাচ্ছে অর্থনীতিকে। লেনদেনের ভারসাম্য আনতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নেওয়া প্রসঙ্গে দেবপ্রিয় বলেন, ‘যেসব শর্তে ঋণ নেওয়া হচ্ছে, সেগুলো সরকারের নিজেরই পালন করার কথা ছিল। অথচ এখন বাইরে থেকে শিক্ষক এনে প্রশিক্ষিত হতে হচ্ছে।’কৃষিসহ সার্বিক ভর্তুকিতেই অন্তর্নিহিত বিশৃঙ্খলা রয়ে গেছে বলে মনে করেন দেবপ্রিয়। সার্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনা খুব মলিন। তার মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাত অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলছে। তিনি মনে করেন, প্রবৃদ্ধির হিসাবের সঙ্গে বিনিয়োগের তথ্যের মধ্যেও সামঞ্জস্য হচ্ছে না। সবশেষে দেবপ্রিয় বলেন, ‘অর্থনীতিতে স্থিতিশীলতা দরকার, আবার প্রবৃদ্ধিও বাড়ানো দরকার। এটা একটা চ্যালেঞ্জ। তবে দেশে শান্তি না থাকলে এ চ্যালেঞ্জ মোকাবিলা করা সরকারের পক্ষে মুশকিল।’