অর্থনীতি ধ্বংসে সরকার পোড়ামাটি নীতি নিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া অভিযোগ করেছেন, সরকার অর্থনীতিকে ধ্বংস করে এমন পরিস্থিতি সৃষ্টি করতে চায়, যেন এ দেশের মানুষ আর ঘুরে দাঁড়াতে না পারে; দেশের মানুষ ভিনদেশি প্রভুদের শৃঙ্খলে আবদ্ধ থাকে। তিনি সরকারের এই আচরণকে ‘পোড়ামাটি নীতি’ বলে উল্লেখ করে বলেন, যুদ্ধে পরাজিত বাহিনী যেমন সব স্থাপনা ও মূল্যবান সামগ্রী পুড়িয়ে ছারখার করে দেয়, সরকারও এখন তা-ই করছে।রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এসব কথা বলেন। প্রায় এক ঘণ্টার লিখিত বক্তব্যে তিনি বর্তমান সরকারের আমলে অর্থনীতির নানা সংকটের চিত্র তুলে ধরে বলেন, দেশের সামষ্টিক অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। মানুষ চরম অনিশ্চয়তায় ভুগছে, এ থেকে তারা মুক্তি চায়।বিএনপির চেয়ার-পারসন বলেন, অর্থনীতিতে যে সর্বগ্রাসী সংকট বিরাজ করছে তার পুরো দায়িত্ব সরকারকেই নিতে হবে। এ নৈরাজ্য সরকারেরই সৃষ্টি। এ রকম অপরিণামদর্শী নীতি অতীতে আর কোনো সরকার নেয়নি। সরকার শূন্য কোষাগার, বিশাল ঋণের দায়, ভেঙে পড়া শিল্প, বাণিজ্য এবং ধসে পড়া শেয়ার মার্কেট রেখে যেতে চায়। তিনি আশা প্রকাশ করে বলেন, অপরিমেয় উ ৎ সাহ, উদ্যোগ, সৃজনক্ষমতা এবং সাহসিকতার ওপর ভরসা করে এ দেশের মানুষ অবশ্যই ঘুরে দাঁড়াবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যারা এই সংকট সৃষ্টি করেছে, তাদের জনমতের অপরাজেয় শক্তি দিয়ে পরাস্ত করতে হবে। আসুন, আমরা শপথ গ্রহণ করি, জাতীয় অর্থনীতিকে যারা রক্তশূন্য করে ফেলছে, তাদের করাল গ্রাস থেকে দেশকে মুক্ত করব।’পদ্মা সেতু নিয়ে উদ্বেগ: বিএনপির চেয়ারপারসন বলেন, সরকারের দুর্নীতির কারণে পদ্মা সেতু তৈরি ও এর অর্থায়ন নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। বিএনপি এ নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, দাতাগোষ্ঠী জনৈক মন্ত্রীর দিকে এ নিয়ে ইঙ্গিত করেছে। তারা পদ্মা সেতুর টাকা ছাড়ের পূর্বশর্ত হিসেবে ওই মন্ত্রীর অপসারণ চেয়েছে। তিনি বলেন, সবচেয়ে হাস্যকর বিষয় হলো, প্রস্তাবিত পদ্মা সেতুর ভাগ্য অনিশ্চিত থাকা অবস্থায় সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে। তিনি অভিযোগ করেন, সরকারের দুর্নীতির কারণে অক্টোবরে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের সভা পর্যন্ত স্থগিত হয়েছে।শেয়ারবাজার প্রসঙ্গে: শেয়ারবাজার ধসের সঙ্গে সরকারদলীয়দের জড়িত থাকার কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, এ কারণে জড়িতদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত শেয়ার কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত শেয়ারবাজার স্বাভাবিক হবে না। শেয়ারবাজারে কালোটাকা বিনিয়োগ আইনানুগ করার সিদ্ধান্ত গত তিন বছরের দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকীকরণ করার প্রক্রিয়া বলে তিনি উল্লেখ করেন। শেয়ারবাজারের দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবি জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শেয়ার কারসাজির সঙ্গে যুক্তদের বিচার করবে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের ফাটকাবাজ বলে অর্থমন্ত্রীর উপহাস এবং আন্দোলন করা বিনিয়োগকারীরা সুনাগরিক নয় মর্মে একজন উপদেষ্টার মন্তব্যের সমালোচনা করেন তিনি। শেয়ারবাজার প্রসঙ্গে খালেদা জিয়া আরও বলেন, জোড়াতালি দেওয়ার মতো পদক্ষেপ নেওয়ায় বাজার স্থিতিশীল হচ্ছে না। এই অস্থিতিশীল পরিস্থিতিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে বিনিয়োগ করতে বাধ্য করা কতটা যুক্তিযুক্ত, তা ভেবে দেখা দরকার বলে মনে করেন তিনি। বেগম জিয়া বলেন, আমানতকারীরা ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করার জন্য ব্যাংকে টাকা রাখেননি। শেয়ারবাজারে ব্যাংকের লাভ হলে আমানতকারীরা কোনো সুবিধা পাবেন না। কিন্তু লোকসান হলে তার বোঝা আমানতকারদেরই বহন করতে হবে।বেগম জিয়া বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুঁজি হাতিয়ে নিয়ে সেই অর্থ ডলারে রূপান্তরিত করে বিদেশে পাচার করা হয়েছে। এভাবে যারা জাতীয় অর্থনীতির সর্বনাশ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো মুখচেনা ব্যক্তিদের নিয়ে শেয়ারবাজার পুনরুদ্ধারের চেষ্টার সমালোচনা করেন তিনি। এত ঋণ নেওয়া নজিরবিহীন: বিরোধীদলীয় নেতা বলেন, চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত ব্যাংক থেকে সরকার ঋণ নিয়েছে প্রায় ১৯ হাজার কোটি টাকা। অর্থবছরের প্রথম সাড়ে চার মাসেই সরকার পুরো বছরের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে প্রাক্কলন করেছিল, তার ৯৮ শতাংশ নিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে এত অল্প সময়ের মধ্যে সরকারের এত বিরাট অঙ্কের ঋণ নেওয়ার ঘটনা নজিরবিহীন। এর ফলে বাজারে অতিরিক্ত মুদ্রা সরবরাহ সৃষ্টি হয়েছে প্রায় ৫৩ হাজার কোটি টাকা। ফলে বেসরকারি খাতে সৃষ্টি হয়েছে ঋণ দুর্ভিক্ষের। ব্যাংকগুলোতে তারল্য-সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি এতই সংকটজনক হয়ে পড়েছে যে আমানতকারীদের চেক একটু বড় অঙ্কের হলেই ব্যাংকগুলো তা পরিশোধে অপারগতা প্রকাশ করছে এবং আমানতকারীদের কাছে সময় প্রার্থনা করছে। কলমানি মার্কেটে সুদের হার অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। তারল্য-সংকটের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ব্যাংকগুলো সরকারকে ঋণ দিতে অনীহা প্রকাশ করছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো নিজেরাই কলমানি মার্কেটের শরণাপন্ন হচ্ছে।অর্থনীতির আরও যেসব খাতে সংকট: বিএনপির চেয়ারপারসন বলেন, বিনিয়োগে স্থবিরতা, জ্বালানির সংকট, বৈদেশিক লেনদেনে ভারসাম্যহীনতা, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, বৈদেশিক মুদ্রার মজুদে ঘাটতি, অর্থায়নের চাপ, দেশে-বিদেশে কর্মসংস্থানে স্থবিরতা, রেমিট্যান্স-প্রবাহ নিম্নমুখী হওয়া, বৈদেশিক সাহায্য ছাড়ে দাতাগোষ্ঠীর অনীহা, বিদ্যু ৎ কেন্দ্র নির্মাণে অনিয়ম ও দুর্নীতি, কৃষকের পণ্যের ন্যায্য দাম না পাওয়া, মূল্যস্ফীতি, পোশাকশিল্প ও বস্ত্রশিল্পে সংকটের কারণে অর্থনীতিতে নাভিশ্বাস অবস্থা। তিনি অভিযোগ করেন, সরকার সংকটকে মোটেও আমলে নিচ্ছে না। বরং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে, দেশে কোনো অর্থনৈতিক সংকট নেই। সমস্যাকে এভাবে অস্বীকার করার ফলে সমাধানের তাগিদও অনুপস্থিত। ফলে সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ১৯৭৪ সালের পর অর্থনীতির এমন খারাপ অবস্থা আর হয়নি বলে তিনি মত প্রকাশ করেন। টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, সরকারের অযোগ্যতা ও নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত আজ বাংলাদেশকে না জানিয়ে টিপাইমুখ বাঁধ নির্মাণ করতে যাচ্ছে। তিনি বলেন, এ নিয়ে প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে। সেখানে যৌথ সমীক্ষার আহ্বান জানানো হয়েছে। খালেদা জিয়া জানান, এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সবকিছু বিস্তারিত জানানো হবে।সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।