অর্থনীতি নিয়ে ওবামাকে আক্রমণ রমনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর প্রতিদ্বন্দ্বী মিট রমনি তাঁদের প্রথম বিতর্কে পরস্পরের অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে তর্কযুদ্ধ করেছেন। ওবামার অর্থনৈতিক নীতির সমালোচনায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন রমনি।বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকালে (স্থানীয় সময় গতকাল বুধবার রাত নয়টা) কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার ইউনিভার্সিটিতে এ বিতর্ক অনুষ্ঠিত হয়।বিতর্ক অনুষ্ঠানটি টেলিভিশনের পর্দায় কোটি কোটি দর্শক উপভোগ করেছেন। ৯০ মিনিটেরও বেশি এই তর্কযুদ্ধে কর, স্বাস্থ্যসেবা সংস্কার ও সরকারের ভূমিকা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে তর্কে শামিল হন ওবামা ও রমনি। এ বিতর্কের মধ্য দিয়ে এসব বিষয়ে তাঁদের আদর্শগত মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে।বিতর্কে রমনি বলেছেন, ওবামা দেশের অর্থনীতিকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছেন। আর ওবামা বলেছেন, রমনি নেতৃত্ব আমেরিকার অর্থনীতিকে বুশ যুগের চেয়ে দ্বিগুণ নিচে নামাবেন।বিতর্ক সঞ্চালন করতে গিয়ে ‘পিবিএস নিউজ’-এর প্রধান সাংবাদিক জিম লেহরারকে হিমশিম খেতে হয়। রমনি বলেছেন, চার বছর আগে ওবামার যে আর্থিক নীতি ছিল, এখনো তা-ই আছে। ব্যয় বেশি, কর বেশি, নিয়ন্ত্রণ অধিক—ওবামার এই নীতি যদি বহাল থাকে, তবে সরকারের অবস্থার আরও অবনতি ঘটবে। বর্তমান প্রেসিডেন্টের সমালোচনা করে রমনি বলেন, ২০০৮ সালে প্রতিশ্রুতি অনুযায়ী বাজেট অর্ধেক কমাতে ব্যর্থ হয়েছেন ওবামা।রমনি বলেন, মার্কিনিদের উচিত হবে না গ্রিস বা স্পেনের মতো যুক্তরাষ্ট্রকে নিচের দিকে যাওয়ার অনুমোদন দেওয়া। তিনি অভিযোগ করেন, ওবামা তাঁর প্রচারে কর পরিকল্পনাকে ভুলভাবে উপস্থাপন করছেন। রমনি আরও বলেন, বাজেটঘাটতি কমাতে তিনি ওবামার ২০১০ সালের স্বাস্থ্যসেবা আইন বাতিল এবং যুক্তরাষ্ট্রের সরকারি টেলিভিশনে ভর্তুকি কাটছাঁট করবেন।বর্তমান প্রেসিডেন্টের স্বাস্থ্যনীতির সমালোচনা করে রমনি বলেন, ‘ওবামা কেয়ার’ বাস্তবায়ন হলে জনগণের ওপর করের বোঝা বাড়বে।ওবামা তাঁর পাল্টা আক্রমণে বলেন, রমনি কীভাবে তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন, তা প্রকাশ করছেন না। করনীতি সংস্কার, রাষ্ট্রীয় ভর্তুকি হ্রাস, অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে রমনির পরিকল্পনা কেন প্রকাশ করা হচ্ছে না? পরিকল্পনাগুলো কি খুবই উত্তম এবং মধ্যবিত্ত লোকজনের জন্য খুবই কার্যকর—এ কারণেই তো গোপন রাখা হচ্ছে?বিতর্কে ওবামা তাঁর স্বাস্থ্যসংস্কার নীতির যথার্থতা তুলে ধরেন। সেই সঙ্গে অধিকসংখ্যক শিক্ষক নিয়োগসহ শিক্ষাঋণ নিয়ে তাঁর প্রস্তাব তুলে ধরেন। পুনর্নির্বাচনের জন্য ওবামাকে অধিকাংশ সময়ই আত্মপক্ষ সমর্থন করতে হয়েছে। সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের ব্যর্থ রিপাবলিকান নীতির সঙ্গে মিট রমনির নীতির সংযোগ স্থাপনে সচেষ্ট ছিলেন তিনি। ওবামা তাঁর প্রতিদ্বন্দ্বীর অর্থনৈতিক পরিকল্পনার কড়া সমালোচনা করে বলেছেন, রমনির বাজেটঘাটতি কমানোর পরিকল্পনা ভারসাম্যহীন।অপরদিকে রিপাবলিকান প্রার্থী মিট রমনি ঘুরেফিরে কর্মসংস্থান বৃদ্ধি ও মধ্যবিত্ত আমেরিকানদের সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতির কথা বলেছেন। রিপাবলিকান মিট রমনি বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামার গত সাড়ে তিন বছরের নীতিমালার ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের উন্নতি ঘটবে না। জনগণের করবৃদ্ধি এবং কর্মহীনতার জন্য তিনি প্রেসিডেন্ট ওবামার গৃহীত নীতিমালার সমালোচনা করেন।ওবামা ও রমনির বিতর্ক চলাকালে উভয় প্রার্থীর স্ত্রীরা ডেনভার ইউনিভার্সিটি মিলনায়তনে উপস্থিত ছিলেন। বিতর্কের দিনটি ছিল প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার ২০তম বিয়েবার্ষিকী। এ প্রসঙ্গে রসিকতা করে রমনি বলেন, প্রেসিডেন্ট ওবামা বিয়েবার্ষিকী পালনের জন্য আজ সবচেয়ে রোমান্টিক স্থানটি পেয়েছেন।সরাসরি এ বিতর্কে ওবামার চেয়ে রমনি ছিলেন এগিয়ে। এই দুই প্রার্থী আরও দুটি বিতর্কে মুখোমুখি হবেন। আসন্ন নির্বাচনে ভোটারদের মন কাড়তে এই বিতর্ককে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।এ বিতর্ক শুরুর আগে পরিচালিত কয়েকটি জাতীয় জনমত জরিপে ওবামাকে রমনির চেয়ে কাছাকাছি ব্যবধানে এগিয়ে থাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ভাসমান ভোটাররাই তাঁদের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।