অর্থনীতিতে অব্যবস্থাপনা, আহমাদিনেজাদকে পার্লামেন্টের সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনীতিতে অব্যবস্থাপনা এবং বিভিন্ন ক্ষেত্রে অসংখ্য অভিযোগ সম্পর্কে জবাব দেওয়ার জন্য ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে তলব করেছে দেশটির পার্লামেন্ট। আগামী দুই দিনের মধ্যে তাঁর নামে সমন জারি করা হবে এবং সংবিধান অনুযায়ী পরবর্তী এক মাসের মধ্যে তাঁকে পার্লামেন্টে হাজির হতে হবে।আল-জাজিরার খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার ইরানের পার্লামেন্ট মজলিশের ২৯০ জন সদস্যের মধ্যে ৭৯ জন আহমাদিনেজাদকে সমন জারির পক্ষে মত দেন। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর এই প্রথম কোনো প্রেসিডেন্টের প্রতি সমন জারি করল মজলিশ। এর আগে নীতি-নির্ধারণী সংক্রান্ত বিষয়ে আহমাদিনেজাদের নেওয়া নানা সিদ্ধান্তের পর্যালোচনা করার আবেদন জানায় পার্লামেন্টের একদল সদস্য।তেহরানের পাতাল ট্রেন (সাবওয়ে) ও গণপরিবহন খাতে বিশেষ বরাদ্দের সিদ্ধান্তের ব্যাপারে আহমাদিনেজাদের কাছে জানতে চাইবেন পার্লামেন্টের ওই সদস্যরা। তবে এবারই প্রথম তাঁকে পার্লামেন্টে হাজির হয়ে এসব প্রশ্নের জবাব দিতে হবে। এ ছাড়া তাঁকে দেশের অর্থনীতি, বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতিমালা নিয়েও পার্লামেন্টে নানা প্রশ্নের সম্মুখীন হতে হবে।রাষ্ট্রীয় বেতারে প্রচারিত এক ভাষণে ইরানের ডেপুটি স্পিকার মোহাম্মদ রেজা বাহনোয়ার বলেন, ‘প্রেসিডেন্টকে পার্লামেন্টের একটি উন্মুক্ত অধিবেশনে এসব প্রশ্নের জবাব দিতে হবে।’ এদিকে আগামী ২ মার্চ অনুষ্ঠেয় ইরানের পার্লামেন্ট নির্বাচন এবং ২০১৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সমন জারির বিষয়টিকে ইরানের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকেরা।