অর্থনীতিতে অস্বস্তি
অর্থনীতি নিয়ে উভয়সংকটে সরকার। একদিকে সংকট নেই বলে সরকার দাবি করছে, অন্যদিকে সংকট থেকে বাঁচতে কমাতে হচ্ছে সরকারি ব্যয়। একদিকে ভর্তুকি কমাতে গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি তেলের দাম বাড়াতে হচ্ছে, অন্যদিকে এর ফলে চাপ বাড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়।সব মিলিয়ে ভালো নেই দেশের অর্থনীতি। উচ্চ প্রবৃদ্ধি অর্জনের তৃপ্তি খুব দ্রুতই মিলিয়ে গেছে। এক দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল গত সেপ্টেম্বর মাসে। এখনো এই মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) সবাই মনে করে, মূল্যস্ফীতি দুই অঙ্ক ছাড়িয়ে গেলে তা অর্থনীতির জন্য বিপজ্জনক। রপ্তানি কমেছে, প্রবাসী-আয়ও কমছে। ব্যাংকব্যবস্থা থেকে সরকারের নেওয়া ঋণ সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ভর্তুকির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে সরকার। বিদ্যুতের সমস্যা কিছু কমলেও গ্যাস-সংকট এখনো প্রকট। নেই বেসরকারি বিনিয়োগ। বৈদেশিক সাহায্য-পরিস্থিতি এমনিতেই নাজুক। পদ্মা সেতু বিতর্ক পরিস্থিতি আরও প্রকট করে তুলেছে। শেয়ারবাজার সরকারের জন্য এখন গলার কাঁটা হয়ে রয়েছে। এসব কারণে সংকটে আছে সাধারণ মানুষ।এই সংকটের কথা অবশ্য স্বীকার করছে না সরকার। তবে গত রোববার অনুষ্ঠিত অর্থনীতি বিষয়ে জাতীয় সমন্বয় কমিটির বৈঠকে এসব সংকট বিবেচনায় এনে ব্যয় সংকোচনের সিদ্ধান্ত হয়েছে। আবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদও অর্থনীতির এসব সংকট তুলে ধরে সরকারকে ব্যয় কমানোর পরামর্শ দিয়েছে। সরকার এখন ব্যয় কমানোর পথেই যেতে চাইছে বলে জানা গেছে। পাঁচ অপ্রিয় সিদ্ধান্ত: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চলতি অর্থবছরের বাজেটে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পাঁচটি অপ্রিয় সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন। যেমন, ভর্তুকিসহ কম গুরুত্বপূর্ণ ব্যয় হ্রাস, প্রয়োজনে কৃচ্ছ্র সাধন, রাজস্ব আয় বাড়ানো, মুদ্রা সরবরাহ ও ব্যক্তি খাতের ঋণ সরবরাহ কমানো এবং বিনিময় হারের যথাযথ বিন্যাস। এসব অপ্রিয় সিদ্ধান্ত অর্থমন্ত্রী এরই মধ্যে নিতে শুরু করেছেন। মূলত অর্থনৈতিক সংকট মোকাবিলায় এসব অপ্রিয় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন অর্থমন্ত্রী। আইএমএফের হিসাবে, ২০০৯-১০ অর্থবছরে সরকারের ভর্তুকি খাতে ব্যয় ছিল নয় হাজার কোটি টাকা, যা সরকারের মোট ব্যয়ের ৯ শতাংশ। ২০১০-১১ অর্থবছরে ভর্তুকি বেড়ে হয়েছে প্রায় সাড়ে ১৭ হাজার কোটি টাকা বা ১৪ শতাংশ। আর চলতি অর্থবছরে ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩২ হাজার কোটি টাকা, যা মোট ব্যয়ের ১৯ শতাংশ। আর সরকারি হিসাবে এবার ভর্তুকি দিতে হবে প্রায় ৪৬ হাজার কোটি টাকা। অথচ সরকারের পরিকল্পনা ছিল, ভর্তুকিতে প্রয়োজন হবে ২০ হাজার কোটি টাকা। ভর্তুকির এই চাপ এখন সামলাতে পারছে না সরকার। বিদ্যুৎ, সার, জ্বালানি তেল ও খাদ্য কিনতেই এই অর্থ ব্যয় করতে হচ্ছে। ফলে পরিস্থিতি সামাল দিতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। সারের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারের ঋণ নেওয়া বাড়লেও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) গতি এখনো শ্লথ। পরিকল্পনা মন্ত্রণালয় এখন কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন বন্ধ করতে উদ্যোগী হয়েছে। গত রোববারের সমন্বয় পরিষদের বৈঠকে প্রয়োজনে সরকারি পর্যায়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীসহ নতুন নিয়োগ বন্ধ রাখার বিষয়েও আলোচনা হয়েছে। এদিকে, রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি চলতি অর্থবছরে কমলেও এবার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরবহির্ভূত রাজস্ব আদায় নিয়ে সমস্যা থেকে যাবে বলে মনে করা হচ্ছে। আইএমএফ মূল্যস্ফীতি কমাতে বাজারে মুদ্রা ও ব্যক্তি পর্যায়ে ঋণ সরবরাহ কমাতে তাগিদ দিয়ে আসছে। তবে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ বৃদ্ধি পাওয়ায় এমনিতেই বেসরকারি খাত কম ঋণ পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তা সত্ত্বেও সরকারের ঋণ নেওয়ার কারণে মুদ্রা সরবরাহ কমছে না। প্রায় পাঁচ মাসে সরকার ঋণ নিয়েছে প্রায় ১৯ হাজার কোটি টাকা। ফলে মূল্যস্ফীতিতেও চাপ রয়ে গেছে। এক বছর আগেও ডলার কিনতে হতো ৬৯ টাকায়। আর এখন সেই ডলার কিনতে হচ্ছে ৭৬ টাকায়। অর্থাৎ অর্থমন্ত্রীর এই সিদ্ধান্তটিও কার্যকর হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের পরামর্শ: দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সরকারকে ব্যয় সাশ্রয়ের পরামর্শ দিয়ে বলেছে, ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ বৃদ্ধির গতিকে কমিয়ে আনতে ভর্তুকি সীমিত পর্যায়ে রাখা ও কেবল অপরিহার্য ক্ষেত্রে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। বাংলাদেশ ব্যাংক মনে করছে, বর্তমান পর্যায়ে সরকারি ব্যয় নির্বাহে মিতব্যয়ী হতে হবে ও অনুন্নয়ন ব্যয় কমিয়ে আনতে হবে। কেননা, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে দুই অঙ্কের মূল্যস্ফীতি মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ব্যাহত করবে এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাও ঝুঁকির মধ্যে পড়বে। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ সম্প্রতি তাদের এসব মতামত একটি চিঠি দিয়ে অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের এ মূল্যায়ন সম্পর্কে বিশিষ্ট অর্থনীতিবিদ এম এ তসলিম বলেন, ‘অর্থনীতির এই সংকট অবস্থার উৎস একটিই, তাহলো সাধ্যাতীত ব্যয়। ওটা না কমাতে পারলে অন্যগুলোতে হাত দিলে কোনো লাভ হবে না।’ অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, ২০১০-১১ অর্থবছরে বৈদেশিক লেনদেন ভারসাম্যের স্থিতি ঋণাত্মক হওয়ায় বিনিময় হারের ওপর চাপ সৃষ্টি হয়। এতে টাকার মূল্যমান কমে যায়। বিপিসির জ্বালানি তেল কেনার কারণেও টাকার মূল্যমান কমে যাচ্ছে, যা মূল্যস্ফীতি বৃদ্ধিতে ভূমিকা রাখছে। আবার অধিক পরিমাণে সরকারি সিকিউরিটিজ রাখার কারণে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকসহ প্রাথমিক ডিলার ব্যাংকে বড় ধরনের তারল্য চাপ তৈরি হচ্ছে। অঙ্গীকার অনুসারে এসব ব্যাংককে তারল্য সহায়তা দেওয়ার কারণে রিজার্ভ মানি (বীজ টাকা) বৃদ্ধি পাচ্ছে। সংযত মুদ্রানীতি ও তারল্য চাপের কারণে স্বভাবতই সুদহার বেড়েছে, যার চাপ ভোক্তার ওপর গিয়ে পড়ছে। অন্যদিকে সরকারের ঋণের গতি অব্যাহত থাকলে বেসরকারি খাতের জন্য ঋণপ্রাপ্যতা থাকবে না। তাতে অর্থনৈতিক উন্নয়ন বা জিডিপি প্রবৃদ্ধিও ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, ইউরোপসহ বিশ্বের কিছু দেশের অর্থনীতিতে দ্বিতীয় দফা মন্দা শুরু হওয়ায় ইতিমধ্যে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্য এবং সাম্প্রতিক সময়ে লিবিয়ায় অস্থিরতায় প্রবাসীদের পাঠানো আয়ে (রেমিট্যান্স) প্রবৃদ্ধিও বেশি হবে না বলে মনে হয়। অন্যদিকে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ এবং মধ্য ও দীর্ঘ মেয়াদে সাহায্য আশাব্যঞ্জক না হলে আর্থিক হিসাবে চাপ বৃদ্ধি পাবে। তাতে বৈদেশিক বিনিময়ের ঋণাত্মক স্থিতির পরিমাণ আরও বাড়বে এবং সার্বিক লেনদেন ভারসাম্যে বড় ধরনের ঋণাত্মক স্থিতি দেখা দিতে পারে।কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এ পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রা বিনিময় হারে চাপ বৃদ্ধি পেয়ে বিদ্যমান মূল্যস্ফীতি আরও বাড়াতে পারে। এতে সামষ্টিক অর্থনীতিতে অস্থিতিশীলতা দেখা দেবে, যা মোটেই কাম্য নয়।বাংলাদেশ ব্যাংক আরও পরামর্শ দিয়েছে, সরকার বিভিন্ন ঋণদানকারী সংস্থার কাছ থেকে সাহায্য আনার বিষয়ে তৎপরতা জোরদার করতে পারে। পাইপলাইনে থাকা প্রকল্পভিত্তিক বৈদেশিক সাহায্য দ্রুত বাস্তবায়নের ও ব্যাংকবহির্ভূত উৎস থেকে ঘাটতি অর্থায়ন বৃদ্ধির লক্ষ্যে বন্ড ছেড়ে অর্থ সংগ্রহ করতে পারে। কিন্তু এভাবে সংগ্রহ করা অর্থ কেবল উৎপাদন খাতে ব্যয় করতে হবে।