অর্থনীতিতে উষার আলো দেখা যাচ্ছে, কালো মেঘও আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে রাজনীতিতে স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি হরতাল বন্ধের তাগিদ দিয়েছেন দেশের গণমাধ্যমের সম্পাদকেরা। একই সঙ্গে তাঁরা হরতাল করা দলকে চাঁদা না দেওয়ার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছেন। গতকাল সোমবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উদ্যোগে আয়োজিত ‘দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে’ মতবিনিময় সভায় এসব কথা বলা হয়। সভায় বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশের অর্থনীতিতে বর্তমানে যেমন উষার আলো দেখা যাচ্ছে, তেমনি ঈশান কোণে কালো মেঘও আছে। দেশে ব্যবসা-সহায়ক পরিবেশ বাজায় রাখতে হরতালের মতো ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচির বিকল্প বের করা জন্য বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে আলোচনার অংশ হিসেবে এফবিসিসিআই এ মতবিনিময় সভার আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রথম সহসভাপতি মো. জসিমউদ্দিন।স্বাগত বক্তব্যে এ কে আজাদ বলেন, দেশের অর্থনীতি এখন ঘুরে দাঁড়াচ্ছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রপ্তানি প্রবৃদ্ধি প্রায় ৩৬ শতাংশ বেড়েছে। এ সময়ে মূলধনি যন্ত্রপাতি আমদানির পরিমাণ আগের বছরের চেয়ে বেড়েছে ৩৮ শতাংশ। তুরস্ক ও জাপানের মতো দেশগুলো বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে। এমনকি চীনের পরিবর্তে বিকল্প দেশ হিসেবে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য কেনার আগ্রহ ব্যক্ত করেছে জাপান। এ অবস্থায় ঘন ঘন হরতালে দেশের ভাবমূর্তি নষ্ট হবে, যা দেশের রপ্তানি-আয় ও বিদেশি বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।আলোচনায় অংশ নিয়ে দি ইনডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম বলেন, বর্তমানে দেশে রাজনীতিতে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করা হচ্ছে, এটা বন্ধ হওয়া প্রয়োজন। বর্তমান রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। দেশীয় রাজনীতিবিদদের অন্য দেশের রাজনৈতিক সংস্কৃতি থেকে শিক্ষা নিতে হবে। তিনি হরতালের বিকল্প বের করতে সরকার ও বিরোধী দলের সঙ্গে আলোচনার পরামর্শ দেন।ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনম বলেন, হরতাল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হরতালকে কেউই সমর্থন করেন না। ভাঙচুরের ভয়েই বেশির ভাগ মানুষ গাড়ি রাস্তায় বের করেন না। তিনি বলেন, হরতাল রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার হলেও ব্যবসায়ীদের ব্যবসাপ্রতিষ্ঠান চালু রাখা ও জনসাধারণের চলাফেরা করারও অধিকার রয়েছে। এটা বন্ধ করা গণতান্ত্রিক অধিকার হতে পারে না। মাহফুজ আনাম বলেন, হরতাল কখনোই দেশের অর্থনীতিতে ইতিবাচক ফলাফল আনতে পারে না। যে দল হরতাল করবে, তাদের চাঁদা দেওয়া হবে না—এ ধরনের সিদ্ধান্ত ব্যবসায়ীদের পক্ষে নেওয়া সম্ভব কি না, তা তাঁদেরই ঠিক করতে হবে। সরকারের আশীর্বাদ নিয়ে এফবিসিসিআইয়ের নেতৃত্বে এসে তাঁরা কি সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করতে সরকারকে বলতে পারবেন কি না, তাও তিনি জানতে চান। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের অর্থনীতিতে বর্তমানে যেমন উষার আলো দেখা যাচ্ছে, তেমনি ঈশান কোণে কালো মেঘও দেখা যাচ্ছে। রপ্তানি-আয়ে প্রবৃদ্ধি ৩৬ শতাংশ, যা গত অর্থবছরে একই সময়ে ৭ শতাংশ ঋণাত্মক ছিল। অর্থবছরের প্রথম চার মাসে আমদানির পরিমাণ ৩৪ শতাংশ বেড়েছে। এ সময়ে মূলধনি যন্ত্রপাতির আমদানি শতভাগ বেড়েছে। অথচ গত অর্থবছরে একই সময়ে ৩ শতাংশ ঋণাত্মক ছিল। তবে এ সময়ে বৈদেশিক সাহায্য ও প্রবাসীদের পাঠানো আয় উল্লেখযোগ্য হারে কমেছে। দেবপ্রিয় আরও বলেন, মূল্যস্ফীতি বেড়ে প্রায় ১০ শতাংশের কাছাকাছি হয়েছে। খাদ্যমূল্য বৃদ্ধিই এর কারণ। মূল্যস্ফীতির আঘাত গ্রামের ওপর বেশি পড়েছে। তবে বর্তমানের কৃষিশ্রমিকের মূল্য শিল্পশ্রমিকের চেয়ে বেশি বলে তিনি জানান। তিনি বলেন, তৈরি পোশাকশিল্পের বর্তমান অস্থিরতা ঈষান কোণে কালো মেঘ। ষড়যন্ত্র ও নাকশতা যা-ই বলুন না কেন, বিদেশিরা জানছে মজুরি কম দেওয়ায় পোশাকশিল্পে অস্থিরতা দেখা দিয়েছে। দেবপ্রিয় মনে করেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা রাখতে না পারলে সরকারের অর্থনৈতিক দর্শন বাস্তবায়ন করা সম্ভব হয় না। সরকারকে সবার সঙ্গে আলোচনা করে স্থিতিশীল পরিবেশ আনতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামোগত উন্নয়ন ও দক্ষ শ্রমিকের সংখ্যা না বাড়লে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার বলেন, বর্তমানে তৈরি পোশাকশিল্পে অশনিসংকেত চলছে। এ খাতে ধস নামলে দেশের জন্য হুমকি। পোশাকশিল্পের গণ্ডগোলকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। সবাই বসে এর সমাধান করা প্রয়োজন।মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, এফবিসিসিআই শুধু ব্যবসা-বাণিজ্যের ক্ষতিকর হিসেবে হরতালের কথা বলছে। কিন্তু হরতালের চেয়েও গ্যাস-বিদ্যুতের সংকট, অবকাঠামোগত সমস্যা, চাঁদাবাজি ব্যবসা-বাণিজ্যের বড় ধরনের ক্ষতি করছে। তিনি এফবিসিসিআইকে রাজনৈতিক নয়, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কথা বলার আহ্বান জানিয়ে বলেন, আইন করে হরতাল বন্ধ করা যাবে না। পার্শ্ববর্তী দেশের একটি রাজ্যে আইন করে হরতাল বন্ধ করা যায়নি। ইত্তেফাক পত্রিকার উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন বলেন, গ্যাস-বিদ্যুৎ ও অবকাঠামো সদস্যা দীর্ঘদিনের। রাতারাতি এটা সমাধান করা সম্ভব নয়। বর্তমান সরকার বিদ্যুৎ-সংকট কাটানোর চেষ্টা করছে। হরতালের বিপক্ষে সব সময় অবস্থান নেওয়ার জন্য তিনি প্রথম আলো ও ডেইলি স্টারকে ধন্যবাদ জানিয়ে হরতালের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির জন্য সব গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান।নিউজ টুডে পত্রিকার সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, ’৯১ সালের পর থেকে দেখা গেছে, যে রাজনৈতিক দল বেশি হরতাল দিয়েছে, তারা পরবর্তী নির্বাচনে পুরস্কৃত হয়েছে। এ কারণে বিরোধী দল হরতাল করতে উৎসাহিত হয়। তিনি এফবিসিসিআইকে দেশের অর্থনৈতিক উন্নয়নে দাবিনামা তৈরি করে সরকার ও বিরোধী দলের কাছে উত্থাপনের পরামর্শ দেন। যুগান্তর পত্রিকার নির্বাহী সম্পাদক সাইফুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে না। নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন বলেন, হরতাল বন্ধ করতে হলে দেশের তিন কোটি বেকার লোকের কর্মসংস্থান করতে হবে। তা না হলে মাত্র ১৫ টাকা দিয়ে আওয়ামী লীগ ও বিএনপির পক্ষে মিছিলে লোক পাওয়া যাবে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া এ রহমান বলেন, হরতাল কেউ পছন্দ করে না। দেশের অর্থনৈতিক উন্নয়নে হরতাল বন্ধ হওয়া উচিত। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন, রাজনীতিবিদদের মতো ব্যবসায়ী সমাজের মধ্যে বিভাজন রয়েছে। রাজনৈতিক মতাদর্শ ভুলে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করতে হবে। তবে অর্থনৈতিক উন্নয়নের পরিবেশ রাজনীতিবিদদেরই তৈরি করতে হবে। সার্ক চেম্বারের সভাপতি আনিসুল হক বলেন, ব্যবসায়ীরা কখনোই হরতাল সমর্থন করেন না। রাজনৈতিক দলগুলোকে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে। সরকার মৌলিক অবকাঠামো তৈরি করে দিলে ব্যবসায়ীরাই অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবেন।