অর্থনীতিতে নোবেল দুই মার্কিন গবেষকের
অর্থনীতিতে চলতি বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন অর্থনীতিবিদ টমাস সার্জেন্ট ও ক্রিস্টোফার সিমস। সামষ্টিক অর্থনীতি ও সরকারের অর্থনৈতিক নীতিনির্ধারণী নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে তাঁদের সর্বোচ্চ এই সম্মাননা দেওয়া হয়েছে।গতকাল সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে অর্থনীতিতে নোবেলজয়ী এ দুই মার্কিন নাগরিকের নাম ঘোষণা করা হয়। অর্থনৈতিক নীতি এবং সামষ্টিক অর্থনীতির বিভিন্ন চলক, যেমন—জিডিপি, মূল্যস্ফীতি, চাকরি ও বিনিয়োগের মধ্যে কার্যকরণ সম্পর্কের ওপর গবেষণা করেছেন তাঁরা।রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বলেছে, নোবেলজয়ীরা দেখিয়েছেন, জিডিপি ও মুদ্রাস্ফীতির মতো সামষ্টিক অর্থনীতির নিয়ামকগুলো কীভাবে সুদের হার বৃদ্ধি অথবা কর কাটছাঁট করার মতো অর্থনৈতিক নীতিগুলো প্রভাবিত করে।নিউইয়র্ক ইউনিভার্সিটির অর্থনীতি বিষয়ের অধ্যাপক টমাস সার্জেন্ট (৬৮) সামষ্টিক অর্থনীতির কাঠামো নিয়ে কাজ করেছেন। অর্থনৈতিক নীতিতে স্থায়ী পরিবর্তন বিশ্লেষণে তাঁর এ গবেষণা ব্যবহার করা যেতে পারে।দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সার্জেন্টের বিস্তর গবেষণাই জুরি বোর্ডের নজর কেড়েছে। ওই সময় অনেক দেশ প্রাথমিকভাবে উচ্চ মুদ্রাস্ফীতি নীতি গ্রহণ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা অর্থনৈতিক নীতিতে একটা নিয়মমাফিক পরিবর্তন এনেছিল এবং নিম্ন মুদ্রাস্ফীতি নীতিতে ফিরে যায়।জুরি বোর্ড বলেছে, প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক ক্রিস্টোফার সিমস (৬৮) অর্থনৈতিক নীতিতে সাময়িক পরিবর্তনের ফলে অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়ে, তা নিয়ে কাজ করেছেন। এ গবেষণা করতে গিয়ে তিনি ‘ভেক্টর অটোরিগ্রেশন’-এর ওপর ভিত্তি করে একটি পদ্ধতি দাঁড় করিয়েছেন।জুরি বোর্ড আরও বলেছে, এ দুই অর্থনীতিবিদ আলাদাভাবে গবেষণা করেছেন। সারা বিশ্বের গবেষক ও নীতিনির্ধারকেরা তাঁদের কাজ গ্রহণ করেছেন। দুজনের পদ্ধতিই সামষ্টিক অর্থনীতির গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হাতিয়ার।অধ্যাপক সিমস বলেন, ‘আমি মনে করি, আমি যেসব পদ্ধতি ব্যবহার করেছি এবং সার্জেন্ট যে কাঠামো দাঁড় করিয়েছেন, তা চলমান অর্থনৈতিক অব্যবস্থাপনা নিরসনের জন্য জরুরি।’১৮৯৫ সালে যে পাঁচটি ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, তাতে অর্থনীতি ছিল না। ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক রিক্স ব্যাংক অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করে।অন্যান্য ক্যাটাগরির পুরস্কারের অর্থ নোবেল ফাউন্ডেশন দিলেও অর্থনীতিতে পুরস্কারের অর্থ আসে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের তহবিল থেকে। পুরস্কারের মোট অর্থ এক কোটি সুইডিশ ক্রোনার (১৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার) সিমস ও সার্জেন্টের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হবে। আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এএফপি ও বিবিসি।