অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই অধ্যাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদ আলভিন রথ ও লয়েড শ্যাপলে এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। অর্থনীতির বিভিন্ন সূচকের মধ্যে সামঞ্জস্যবিধান নিয়ে গবেষণার জন্য তাঁরা নোবেল পুরস্কার পেলেন। তাঁরা দেখিয়েছেন, অর্থনীতির বিভিন্ন নিয়ামক, যেমন—স্কুলের জন্য ছাত্র বা কোনো এক রোগীর জন্য অঙ্গদাতারা কীভাবে একত্র হয়।রয়টার্সের খবরে বলা হয়, রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস আজ সোমবার এ ঘোষণা দেয়। ‘স্থিতিশীল বরাদ্দ ও বাজার ব্যবস্থাপনা’ বিষয়ে গবেষণা করায় এবারের নোবেল পুরস্কার পেলেন অধ্যাপক রথ ও অধ্যাপক শ্যাপলে। ‘কো-অপারেটিভ গেম থিওরি’ নামের একটি পদ্ধতি ব্যবহার করে দুই পক্ষের মধ্যে বিভিন্ন উপায়ে সংযোগ নিয়ে গবেষণা করেছেন শ্যাপলে। তাঁর তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ দেখিয়েছেন রথ; তিনি হার্ভার্ডের অর্থনীতির অধ্যাপক। আর শ্যাপলে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস।নোবেল কমিটি বলেছে, অর্থনৈতিক প্রকৌশলবিদ্যার অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করার জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হলো।১৯৬৮ সাল থেকে ‘আলফ্রেড নোবেলের স্মরণে অর্থশাস্ত্রের সভেরিজেস রিক্সব্যাংক পুরস্কার’ দেওয়া হচ্ছে। এই পুরস্কারই অর্থশাস্ত্রে নোবেল হিসেবে পরিচিত। ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালের উইলে জ্ঞানশাস্ত্রের যেসব শাখার জন্য নোবেল দেওয়ার কথা, অর্থশাস্ত্র সেগুলোর বাইরে।