অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই অধ্যাপক
অর্থনীতিতে এ বছর নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের দুই অধ্যাপক—অলভিন রোথ ও লয়েড শ্যাপলে। ‘স্থিতিশীল বরাদ্দ ও বাজার ব্যবস্থাপনার চর্চা’ শীর্ষক তত্ত্বের জন্য তাঁদের নোবেল দেওয়া হয়েছে বলে নোবেল কমিটি গতকাল সোমবার জানিয়েছে।অলভিন রোথ (৬০) যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক। আর লয়েড শ্যাপলে (৮৯) ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক।বাজারব্যবস্থায় বিভিন্ন পক্ষের মধ্যে কীভাবে মিল বা সমন্বয় হয়ে থাকে—এটাই এবারের নোবেল বিজয়ী অর্থনীতিবিদদের কাজের মূলকথা। বিষয়টি এ রকম যে শিক্ষার্থীরা জুতসই শিক্ষাপ্রতিষ্ঠান পেতে চায়, এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের সামঞ্জস্য হতে হয়। আবার মানবদেহের অঙ্গ প্রতিস্থাপনে অঙ্গ (যেমন: কিডনি) দানকারীর সঙ্গে ওই অঙ্গ গ্রহণকারী রোগীর দেহের সামঞ্জস্য হতে হয়। তা না হলে সেটা দেহে সংযোজন করা যায় না।প্রশ্ন হলো, কীভাবে মিল ঘটানো বা সামঞ্জস্য রক্ষা করা সম্ভব। এই দুই অর্থনীতিবিদ তাঁদের বিমূর্ত তত্ত্বীয় কাঠামোর মাধ্যমে বিষয়টি বিশ্লেষণ করেছেন। প্রতিষ্ঠা করেছেন বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের বাস্তবানুগ রূপরেখার জন্য স্থিতিশীল বরাদ্দের ধারণার বিষয়টি।লয়েড শ্যাপলে ‘ক্রীড়া তত্ত্ব’র আলোকে দেখিয়েছেন, দুটি পক্ষ জানতে পারে না যে কখন একজনের ওপর আরেকজনের পছন্দের অগ্রাধিকার রয়েছে। আর এটাই হলো স্থিতিশীল বরাদ্দ। তিনি আরও দেখিয়েছেন, কীভাবে সুনির্দিষ্ট রূপরেখায় বাজারের যেকোনো একটি পক্ষ লাভবান হয়।অন্যদিকে অলভিন রোথ শ্যাপলের তত্ত্বকে আরও এগিয়ে নিয়েছেন। তিনি দেখিয়েছেন যে বাজারের বিভিন্ন পক্ষ বা প্রতিষ্ঠানের সাফল্য বুঝতে স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। এই দুই অধ্যাপকের কাজের মূল বিষয়টিকে আরেকটু ব্যাখ্যা করে এভাবে বলা যায়, তাঁরা এমন বাজারকে ধরে নিয়েছেন, যেখানে অর্থের ব্যবহার বা হাতবদল সীমিত বা নিষিদ্ধ।অর্থনীতিতে নোবেল বিজয়ী নির্বাচনের দায়িত্ব রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সের। একাডেমির বিবৃতিতে বলা হয়েছে, ‘যদিও এই দুই গবেষক আলাদাভাবে কাজ করেছেন, তার পরও শ্যাপলের তাত্ত্বিক কাঠোমোর ওপর রোথের বাস্তবানুগ অনুসন্ধান ও গবেষণার ফলে একটি বিকাশমান গবেষণার ক্ষেত্র তৈরি হয়েছে এবং এতে অনেক বাজারব্যবস্থার উন্নতি হয়েছে।’পুরস্কারের অর্থ হিসেবে ৮০ লাখ সুইডিশ ক্রোনার (১২ লাখ মার্কিন ডলার) ভাগাভাগি করে নেবেন রোথ ও শ্যাপলে। আগামী ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে তাঁদের হাতে। এএফপি, রয়টার্স।