অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন তিন বাজার বিশেষজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতিতে এবার নোবেল পুরস্কার লাভ করেছেন তিন বাজার বিশেষজ্ঞ, দুই মার্কিন ও এক ব্রিটিশ-সাইপ্রিয়ট। বিশেষত বাজার বিশ্লেষণের স্বীকৃতি হিসেবে তাঁদের এই পুরস্কারে ভূষিত করা হয়। এঁরা হলেন: যুক্তরাষ্ট্রের পিটার ডায়মন্ড ও ডেল মর্টেনসেন এবং ব্রিটিশ-সাইপ্রিয়ট ক্রিস্টোফার পিসারাইডস। দ্য রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস গতকাল সোমবার এই পুরস্কারের কথা ঘোষণা করে।সুইডিশ একাডেমি জানায়, পণ্য ও সেবার স্বাভাবিক কর্মকাণ্ডে বিভিন্ন রকম বাধা সৃষ্টিকারী উপাদানের মাধ্যমে বাজার বিশ্লেষণের স্বীকৃতি হিসেবে তাঁদের এই পুরস্কার দেওয়া হয়। তাঁরা শ্রমবাজারের পাশাপাশি আবাসন খাত ও রাষ্ট্রীয় অর্থনীতি নিয়েও কাজ করেছেন। তাঁদের বিশ্লেষণের মাধ্যমে অর্থনৈতিক নীতি ও বিধিমালা কীভাবে বেকারত্ব, চাকরির সুযোগ ও মজুরির ওপর প্রভাব ফেলে, তা বোঝা সহজ হবে।অর্থনীতির গতানুগতিক তত্ত্বমতে, শ্রমবাজার নিজের মতোই চলে। যেখানে চাকরিপ্রত্যাশীরা চাকরির সুযোগ খুঁজতে থাকেন। কিন্তু পুরস্কার পাওয়া তিনজন অর্থনীতিবিদ তাঁদের ‘দ্য ডায়মন্ড-মর্টেনসেন-পিসারাইডস’ বা ‘ডিএমপি মডেলে’র মাধ্যমে দেখিয়েছেন, বাজার সব সময় ঠিক নির্দিষ্টভাবে কাজ করে না। কারণ, অনেক সময়ই ক্রেতার পক্ষে বিক্রেতাকে খুঁজে পাওয়া বা চাকরিপ্রত্যাশীর পক্ষে চাকরিদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে খুঁজে বের করা কঠিন হয়ে পড়ে। এ কারণে চাকরিদাতা তাঁর প্রতিষ্ঠানের নির্দিষ্ট পদের জন্য যোগ্য ব্যক্তিকে খুঁজে না-ও পেতে পারেন। ফলে কোনো কোনো সময় প্রয়োজন থাকা সত্ত্বেও অনেক প্রতিষ্ঠান জনশক্তি নিয়োগ দেওয়া থেকে বিরত থাকে। এই মডেলে এটাও ব্যাখ্যা করা হয়েছে, অর্থনৈতিক উন্নয়ন সত্ত্বেও কেন বেকারত্ব কমে না।পিটার ডায়মন্ড (৭০) ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করছেন। ডেল মর্টেনসেন (৭১) ইলিনয় অঙ্গরাজ্যের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগে অধ্যাপনা করছেন। আর ক্রিস্টোফার পিসারাইডস (৬২) অধ্যাপনা করছেন লন্ডন স্কুল অব ইকোনমিকস ও পলিটিক্যাল সায়েন্সে।পুরস্কার পাওয়ার পর সুইডিশ একাডেমিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় পিসারাইডস বলেন, ‘আমি বিস্মিত, তবে দারুণ আনন্দিত হয়েছি।’গতকাল অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে ২০১০ সালের নোবেল পুরস্কার দেওয়া শেষ হলো। ৪ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে এবারের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়। চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন বব এডওয়ার্ডস। এরপর পর্যায়ক্রমে পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পদার্থবিজ্ঞানে আঁন্দ্রে গেইম ও কনস্টানটিন নভোসেলভ; রসায়নে রিচার্ড হেক, এই-ইচি নেগিসি ও আকিরা সুজুকি; সাহিত্যে মারিও বার্গোস য়োসা এবং শান্তিতে লিউ সিয়াওবো নোবেল পুরস্কার লাভ করেন।আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে নরওয়ের রাজধানী অসলোয় শান্তিতে এবং সুইডেনের রাজধানী স্টকহোমে অন্য বিষয়ে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এএফপি, এপি ও টেলিগ্রাফ।