প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, কৃষিখাতের পর বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখছে প্রবাসীরা। জাতীয় প্রবৃদ্ধিতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের অবদান ১২ থেকে ১৩ শতাংশ। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রটিং এজেন্সীজের (বায়রা) ইফতারে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে মন্ত্রী এসব কথা বলেন। আজ বুধবার রাজধানীর রুপসী বাংলা হোটেলে এই ইফতার অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, জুলাই মাসেও ৬২ হাজারের বেশি লোক বিদেশে গেছে। এই অবদান জনশক্তি রপ্তানিকারকদের। তাদের কারণেই এই খাতের এতো উন্নতি। জনশক্তি রপ্তানিকারকরা না থাকলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরও প্রয়োজন হতো না। ইফতারে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। এছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমদু, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণলয়ের সচিব জাফর আহমেদ খান, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ ইফতার, বায়রার সভাপতি শাহজালাল মজুমদার ও মহাসচিব আলী হায়দার চৌধুরীসহ বায়রার সদস্য ও মন্ত্রণলয়ের কর্মকর্তারাও ইফতারে উপস্থিত ছিলেন।