অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মিশ্র প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকেরা। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত এসব প্রতিক্রিয়ায় তাঁদের মিশ্র বক্তব্য উঠে এসেছে। বাজেট বিষয়ে এক প্রতিক্রিয়ায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জ্জা এ বি আজিজুল ইসলাম বলেন, বাজেট খুব বেশি আশাব্যঞ্জক নয়। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট অনুসারে বৈদেশিক সাহায্যের অবমুক্ত ঘটানো সহজ হবে না। বাজেট ব্যাংকিং ব্যবস্থার ওপর বেশি নির্ভরশীল। এটিকে সাফল্যজনক বলে মনে করছেন না তিনি। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বাজেটের আকারটি বড় ব্যাপার নয়। বাজেট ঘোষণা হওয়ার আগেই শোনা যায় এটি কত বড় হবে। তবে বাজেট বাস্তবায়নটাই গুরুত্বপূর্ণ। এ জন্য সম্পদ সঞ্চালন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। ফাহমিদা খাতুন আরও বলেন, চলতি অর্থবছরে প্রত্যক্ষ করের ওপর নির্ভরশীলতা বেড়েছে। এটা ভালো। কিন্তু আয়ের দিক থেকে সীমাবদ্ধতা দেখা গেছে বলে জানান তিনি। অর্থনীতিবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মঈনুল ইসলাম বলেন, জিডিপির অনুপাত বাংলাদেশে বাড়ানো যাচ্ছে না। ব্যক্তিগত খাতের বিনিয়োগ ২০ শতাংশের নিচে নেমে গেছে। এটি ব্যক্তিগত খাতের জন্য খুব একটা ভালো লক্ষণ নয়। বাজেটে ৫৫ হাজার কোটি টাকার বেশি ঘাটতি রয়েছে। এটা এই অর্থবছরে অর্জনযোগ্য নয়। বাজেটে উচ্চাভিলাষী আশাবাদ রয়েছে, তবে এটি উচ্চাভিলাষী বাজেট নয় বলে মন্তব্য করেন তিনি।সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাজেটের আকার বাড়ছে, এটি বিষয় নয়, বিষয় হলো বাজেটে পদ্মা সেতুর জন্য বড় খাত নির্ধারণ করা হয়েছে। ব্যাংক ঋণের ওপর নির্ভরশীলতা বাড়ানো হয়েছে। শেয়ারবাজারে অব্যবস্থাপনার জন্য সরকারকে অর্থায়ন করতে হচ্ছে। সেই সঙ্গে কুইক রেন্টালেও অর্থায়ন করা হচ্ছে বলে জানান তিনি। বাজেটের এই শূন্যতাগুলো সরকারকে পূরণ করতে হবে বলে মন্তব্য করেন সাবেক বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের ও জনগণের স্বার্থে এই বাজেট কিছু করতে পারবে বলে মনে হয় না। বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্সের সভাপতি সৈয়দ নুরুল ইসলাম বলেন, ৪০ বছরের মধ্যে বাংলাদেশের ম্যাক্রো ইকোনমি সবচেয়ে শক্তিশালী ভিতের ওপর দাঁড়িয়ে। তিনি এই বাজেটের জন্য অর্থমন্ত্রীকে স্বাগত জানান।