অর্থনীতির জন্য অশনিসংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাগাতার হরতাল, জ্বালাও-পোড়াও কর্মসূচি দেশের অর্থনীতির জন্য অশনিসংকেত বহন করে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে আইন করে হরতাল নিষিদ্ধ করতে হবে। কারণ, অর্থনীতি বাঁচলে দেশ বাঁচবে। হরতাল-জ্বালাও-পোড়াও কর্মসূচি অব্যাহত থাকলে অর্থনীতি ধ্বংস হবে। সেই অর্থনৈতিক ধসের হাত থেকে দেশও রক্ষা পাবে না। এমনিতেই দেশের বিদ্যমান অর্থনীতির অবস্থা ভালো নয়। অভ্যন্তরীণ বাণিজ্যে তীব্র মন্দা যাচ্ছে। এখন পর্যন্ত রাজস্ব আহরণের ক্ষেত্রে ঘাটতি রয়েছে তিন হাজার কোটি টাকা। সরকারের চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশের কিছু বেশি। এ লক্ষ্য অর্জিত হচ্ছে না। এমনকি গত বছরের লক্ষ্যমাত্রাও অর্জন করাও সম্ভব কি না, তা নিয়ে সংশয় আছে। গত অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল ৬ দশমিক ৩ শতাংশ। রপ্তানি বাণিজ্য মোটামুটি ইতিবাচকভাবে চলছে। বিদেশ থেকে রেমিট্যান্সও ভালো এসেছে। কিন্তু তা দিয়ে দেশের সার্বিক অর্থনীতিকে সামলানো সম্ভব হবে না। হরতাল কর্মসূচি অব্যাহত থাকলে অভ্যন্তরীণ বাণিজ্যে মন্দা আরও তীব্র হবে। কারণ, এতে আমদানি বাণিজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। এমনিতেই গ্যাস ও বিদ্যুতের সংকট এবং ব্যাংকের উচ্চ সুদের হারের কারণে বিনিয়োগে উদ্যোক্তাদের আগ্রহ নেই। হরতালের কারণে চট্টগ্রাম থেকে কাঁচামাল আসছে না। দোকানপাট বন্ধ। এতে সরকারের রাজস্ব আহরণের জায়গাগুলো সংকুচিত হয়ে যাচ্ছে। প্রতিবছর দেশের সরকারি ও বেসরকারি খাতে ২০ লাখ লোকের কর্মসংস্থান হয়ে থাকে। বেসরকারি খাত আঘাতপ্রাপ্ত হলে মানুষের কর্মসংস্থানের সুযোগ কমে যাবে। ইতিমধ্যেই লাগাতার হরতাল এবং সংঘাতে প্রাণহানির কারণে বিদেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি যথেষ্ট নষ্ট হয়েছে। এতে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাবে।নাগরিক অধিকার পাওয়ার নিশ্চয়তা সরকার দেবে। ব্যবসায়ীদের ব্যবসাও যাতে অকারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব সরকারের। কিন্তু গত কিছু দিনে সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। হরতাল দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়, সে বোধ সাধারণ মানুষের থাকলেও রাজনৈতিক দলগুলোর নেই। এ রাজনীতি থেকে সব রাজনৈতিক দলের বের হয়ে আসা উচিত। আমার মতে, হরতাল আইন করে বন্ধ করে দেওয়া উচিত। এ বিষয়ে আমরা বিভিন্ন সরকারের আমলে আবেদন-নিবেদন করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। সরকারি দল বা বিরোধী দল, কেউ আমাদের আবেদনে সাড়া দেয়নি। তারা বলে, হরতাল নাকি গণতান্ত্রিক অধিকার। ব্যবসায়ীদের ব্যবসা করার অধিকারও তো গণতান্ত্রিক। পরিস্থিতি উত্তরণের সরকারের উচিত হবে সব রাজনৈতিক দল, ব্যবসায়ী সমাজ, নাগরিক সমাজসহ পেশাজীবীদের সঙ্গে সংলাপে বসা। এতে কেউ না এলে সে দায়ভার সংশ্লিষ্ট দল বা পেশাজীবীদের নিতে হবে। কারণ, শুধু পুলিশ দিয়ে বিরোধী দলের ধ্বংসাত্মক কর্মসূচি প্রতিরোধ করা সম্ভব নয়। সংলাপ করা সম্ভব হলে সরকারের প্রতি মানুষের আস্থা বাড়বে। দেশ রক্ষা হবে। আর তা করতে ব্যর্থ হলে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হবে। এ কে আজাদ: এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি