অর্থনীতির নতুন চালিকাশক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বিশ্বে আজ প্রায় ২১৪ মিলিয়ন অভি-বাসী কর্মী দেশের বাইরে থেকে নিজ দেশে এবং শ্রম গ্রহণকারী দেশে কর্মসূত্রে রয়েছেন, সেই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। মালয়েশিয়ার টুইন টাওয়ার বা সৌদি আরবের শস্যভূমি অথবা আরব আমিরাতে আন্তরাজ্যের বড় বড় সড়কগুলো যাঁরা নির্মাণ করেছেন, তাঁদের ৬০ শতাংশের অধিক হলেন বাংলাদেশি। অভিবাসী শ্রমিকেরা এ বছর প্রায় ১২ বিলিয়ন ডলার রেমিট্যান্স হিসেবে দেশে পাঠিয়েছেন। আজ এই সত্যটুকু প্রতিষ্ঠিত যে, অভিবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সই বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আয়কারী খাত। আমরা এ-ও জানি, তাঁদের পাঠানো রেমিটেন্স থেকে নেট বৈদেশিক মুদ্রা আয় গার্মেন্টসের আয়ের ৩ দশমিক ২২ গুণ বেশি।জাতীয় অর্থনীতিতে রেমিট্যান্সের গুরুত্ব মোটামুটি প্রতিষ্ঠিত হলেও স্থানীয় অর্থনীতি ও পরিবারের ওপর রেমিট্যান্সের প্রভাব নিয়ে অনেক ভুল ধারণা আজও রয়ে গেছে। রেমিট্যান্সের অনুৎপাদনশীল ব্যবহারই সব আলোচনার কেন্দ্রবিন্দু। বিপরীতে, আজকের এই মে দিবসে স্থানীয় অর্থনীতি এবং পরিবারে তাদের গভীর অবদানকে বিশেষভাবে সম্মান জানানো উচিত। বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ১০টি দেশের ওপর পরিচালিত রামরুর সাম্প্রতিক গবেষণা তুলে ধরে যে, রাষ্ট্রগুলো যেখানে মানবসম্পদ উন্নয়নে যথাযথ মনোযোগ দিচ্ছে না, সেখানে অভিবাসী শ্রমিকের পরিবারগুলো তাদের রেমিট্যান্সের একটা বড় অংশ খরচ করছে পরিবারের সদস্যদের শিক্ষাদানে।পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের পাঞ্জাব ও কেরালায় সবুজ বিপ্লব ঘটার একটি বড় কারণ হলো আধা দক্ষ ও অদক্ষ অভিবাসী শ্রমিকদের পরিবারগুলোর কৃষিতে বিনিয়োগ। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও টাঙ্গাইলে পরিচালিত একই গবেষণা তুলে ধরে, অভিবাসী পরিবারগুলো স্থানীয় বাজারে কৃষিপণ্য, যেমন-উন্নত বীজ, শ্যালো মেশিন, কীটনাশক এবং সারের চাহিদা তৈরি করছে। অভিবাসী পরিবারগুলো মৎস্য চাষ, মাছের খাবার উৎপাদন, লবণ প্রস্তুতকারী কারখানা, তাঁত, হাঁস-মুরগির খামার ইত্যাদি বিভিন্ন সফল শিল্পোদ্যোগ গড়ে তুলেছে।সিপিডি পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, সেই সব এলাকাতেই দারিদ্র্য বিমোচন ঘটেছে অধিক হারে, যেখান থেকে বাংলাদেশি শ্রমিকেরা কাজের উদ্দেশ্যে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশে অভিবাসিত হয়েছেন। আজকের এই মহান মে দিবসে গভীর শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করি এই সব অভিবাসী কর্মীর অবদান। রাষ্ট্রের কাছে দাবি করছি, তাঁদের এই সব ছোটো ছোটো উদ্যোগ যাতে মধ্য ও বৃহৎ শিল্পে পরিণত হতে পারে, সে জন্য উপযুক্ত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং জাতীয় বাজেটে এই উদ্দেশ্যে অর্থ বরাদ্দ নিশ্চিত করতে।তাসনিম সিদ্দিকী: অধ্যাপক, রিফিউজি ও মাইগ্রেশন-বিষয়ক গবেষণা কেন্দ্র (রামরু), ঢাকা বিশ্ববিদ্যালয়।