মোট জাতীয় উৎপাদন (জিডিপি), বিনিয়োগ, রপ্তানি ও মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। অন্যদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন সমস্যা গুরুতর হয়ে দেখা দিয়েছে। দেশের অর্থনীতি নিয়ে এই মূল্যায়ন সরকারের পরিকল্পনা কমিশনের। কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০১১-১৫) জন্য বাস্তবায়ন পরিস্থিতি মূল্যায়ন করে প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনটি গত সপ্তাহে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও অর্থনীতিবিদদের সামনে উপস্থাপন করা হয়।তবে ভালো খবর হচ্ছে রাজস্ব আদায়, প্রবাসী-আয়—এসব ক্ষেত্রে অবস্থা ভালো। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ—এসব ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের পথেই আছে দেশ।প্রতিবেদনে দাবি করা হয়েছে, সরকারি পরিকল্পনার ফলাফলভিত্তিক পরীক্ষণ ও বাস্তবায়নের উদ্যোগ দেশে এটাই প্রথম। অর্থনৈতিক পরিকল্পনা ও নীতি ব্যবস্থাপনায় সরকারকে সহায়তা করার জন্য এই মূল্যায়ন করা হয়েছে। মূল্যায়নের সময় ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার পরিমাপযোগ্য ৩৫টি সূচক বিবেচনায় নেওয়া হয়। পরিকল্পনা কমিশনের সূত্রগুলো বলছে, এই প্রতিবেদন এখন সংসদীয় স্থায়ী কমিটি ও মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, সরকারের অর্থনৈতিক পরিকল্পনার মূল্যায়ন শুরু হয়েছে—এটা খুবই ভালো কথা। তবে এই মূল্যায়ন হতে হবে বিশ্লেষণভিত্তিক। উদাহরণ হিসেবে তিনি বলেন, শিশুমৃত্যুর হার কমছে এবং লক্ষ্যমাত্রাও অর্জিত হচ্ছে। এখন প্রশ্ন, সরকারের কোনো প্রকল্পের কারণে শিশুমৃত্যু কমেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে। তার জন্য নির্দিষ্ট প্রকল্পের মূল্যায়ন হওয়া দরকার। তা না হলে ভুল জায়গায় অর্থ বিনিয়োগের আশঙ্কা থেকে যায়।সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি: ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় বছরে গড়ে জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছিল ৭ দশমিক ৩ শতাংশ। ২০১০-১১ অর্থবছরের ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধিকে ভিত্তি ধরা হয়েছিল এবং বলা হয়েছিল ২০১৫ সালে জিডিপি বৃদ্ধির হার ৮ শতাংশে পৌঁছাবে। এই প্রবৃদ্ধি অর্জন করার জন্য বিনিয়োগ ২৪ দশমিক ৪ শতাংশ (২০১০-১১) থেকে বাড়িয়ে ৩২ দশমিক ৫ শতাংশ বাড়ানোর কথাও বলা হয়েছিল। ২০১০-১১ অর্থবছরে আনুমানিক জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৭ শতাংশ। এই হার পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সংগতিপূর্ণ ছিল। কিন্তু ২০১১-১২ অর্থবছরে ৭ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল, তবে তা অর্জিত হয়নি। এই সময় জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৩ শতাংশ। এই সময় কৃষি খাতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয়নি। ধরা হয়েছিল কৃষি খাতে ৪ দশমিক ৫ শতাংশ হারে প্রবৃদ্ধি হবে, বাস্তবে হয়েছে ২ দশমিক ৫ শতাংশ। মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ধানের দাম হঠাৎ করে কমে যাওয়া এ ক্ষেত্রে বাধা হয়েছে। অন্যদিকে অপর্যাপ্ত সরবরাহের কারণে পশু ও মৎস্যপণ্যের দাম বেড়ে গেছে। শস্যের অপর্যাপ্ত বহুমুখীকরণ ও কম উৎপাদনশীলতা কৃষির জন্য বড় চ্যালেঞ্জ বলে প্রতিবেদনে বলা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে উৎপাদন খাত অনেকখানি নিয়ন্ত্রণ করেছে তৈরি পোশাক শিল্প ও অন্যান্য রপ্তানি আয়। ২০১০-১১ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি ব্যাপক বৃদ্ধি পেলেও ২০১১-১২ অর্থবছরে তা কমে যায়। এ কারণে মোট রপ্তানিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় ২০১১-১২ অর্থবছরে ১৪ দশমিক ৫ শতাংশ রপ্তানি বৃদ্ধির কথা বলা হয়েছিল। বাস্তবে হয়েছে ৬ শতাংশ। পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা প্রতিবেদনে বলেছেন, ইউরোপের ঋণসংকট উৎপাদন খাতের গতি মন্থর করেছে। দেশে ২০১০-১১ অর্থবছরে রপ্তানি বৃদ্ধির হার ছিল ৪০ শতাংশ। পরবর্তী অর্থবছরে তা কমে ৮ শতাংশে এসে দাঁড়ায়। এ কারণে উৎপাদন বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমবে। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে দেশে জাতীয় সঞ্চয় দ্রুত বৃদ্ধি পাওয়ার প্রবণতা দেখা গেছে। এ কারণে বৈদেশিক বিনিযোগ না হলেও অভ্যন্তরীণ বিনিয়োগ বেড়েছে। কিন্তু গত দুই বছরে সেই বিনিয়োগের পরিবেশও বদলে গেছে। ২০০৯-১০ অর্থবছরে অনুমিত সঞ্চয় হার ছিল ২৮ দশমিক ১ শতাংশ। এর পরের দুই বছরে জাতীয় সঞ্চয় হার নাটকীয়ভাবে কমেছে। ২০১০-১১ অর্থবছরে এই হার ছিল ২৫ দশমিক ৭ শতাংশ এবং ২০১১-১২ অর্থবছরে ২৫ দশমিক ৫ শতাংশ। এই গুরুত্বপূর্ণ নেতিবাচক প্রবণতার দিকে জরুরি দৃষ্টি দেওয়ার কথা প্রতিবেদনে বলা হয়েছে। ওই দুই অর্থ বছরে সরকারি খাতে বৈদেশিক বিনিয়োগও লক্ষ্যমাত্রা অনুযায়ী হয়নি।মুদ্রাস্ফীতির রাশ টেনে ধরার লক্ষ্যমাত্রাও অর্জিত হয়নি। মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ মুদ্রাস্ফীতির চাপের মধ্যে আছে। ২০০৯ সালের জুলাই থেকে মুদ্রাস্ফীতির হার বাড়ছে। ২০০৯-১০ থেকে পরপর দুই অর্থবছরে মুদ্রাস্ফীতি বেড়েছে যথাক্রমে ৭ দশমিক ৩ ও ৮ দশমিক ৫ শতাংশ। সর্বশেষ অর্থবছরে তা আরও বেড়ে ১০ দশমিক ৬ শতাংশ হয়। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় লক্ষ্যমাত্রা ছিল ৭ দশমিক ৫ শতাংশ। এডিপি বাস্তবায়নে সমস্যা: ২০০০-০১ থেকে ২০০৭-০৮ অর্থবছর পর্যন্ত জিডিপির তুলনায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আকার ছোট হয়ে অর্ধেকে নেমে আসে। দুটি কারণে এডিপির বাস্তবায়ন কম হতে থাকে। প্রথমত, এডিপি বাস্তবায়নে সরকারের দক্ষতার অভাব। দ্বিতীয়ত, সরকারি খাতে অভ্যন্তরীণ সম্পদ ও প্রকল্পের জন্য বিদেশি অর্থায়নস্বল্পতা। ২০০৮-০৯ অর্থবছর থেকে বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি হতে থাকে। তবে এডিপি বাস্তবায়নের পুরাতন সমস্যা আবারও দেখা দিয়েছে এবং ২০১১-১২ অর্থবছরে তা নতুনভাবে হাজির হয়েছে। দীর্ঘ ক্রয় প্রক্রিয়া, বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোর অদক্ষতা, ভূমি অধিগ্রহণ সমস্যা, এডিপি বাস্তবায়নকারী সংস্থাগুলোর নজরদারির অভাবে এডিপি সন্তোষজনকভাবে বাস্তবায়িত হচ্ছে না বলে প্রতিবেদনে বলা হয়েছে। মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ভর্তুকির মতো খাতে অতিমাত্রায় খরচ করার কারণে অনুমোদিত এডিপিতে অর্থায়ন কম হচ্ছে। এডিপির বরাদ্দ সংশোধিত বাজেটে কমিয়ে ফেলা হচ্ছে নিয়মিতভাবে এবং বাস্তবায়নের সময় তা আরও কমে যাচ্ছে। অন্যদিকে প্রতিবছরই সংশোধিক রাজস্ব ব্যয় প্রকৃত বরাদ্দের চেয়ে বাড়ছে। এই প্রবণতা সরকারি বিনিয়োগের জন্য বৈরী পরিবেশ তৈরি করেছে। এই মূল্যায়ন সম্পর্কে সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম বলেন, সামগ্রিকভাবে অর্থনীতি অর্জন ভালো। যদিও কিছু কিছু ক্ষেত্রে পিছিয়ে আছে। তিনি বলেন, এই মূল্যায়ন ফলাফলভিত্তিক। এর মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করা গেছে। কোথায়, কোন খাতে জোর দিতে হবে বোঝা গেছে। এই মূল্যায়নের ভিত্তিতে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা পুনর্বিন্যাস এবং সম্পদের পুনর্বণ্টন করার যেতে পারে।