মার্কিন ডলারের মূল্যমান যখন দুনিয়াব্যাপী কমছে, তখন বাংলাদেশে ঘটছে উল্টোটা। বাংলাদেশি টাকা ডলারের বিপরীতে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে।টাকার এই মূল্যপতনের মূল কারণ, দেশে বৈদেশিক মূলধনি বিনিয়োগ নামমাত্র পর্যায়ে পৌঁছেছে। রপ্তানি ও প্রবাসী-আয় (রেমিট্যান্স) দিয়েও সামাল দেওয়া যাচ্ছে না আমদানি ব্যয়। ফলে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, বৈদেশিক লেনদেনের চলতি খাতে ভারসাম্যে ঘাটতি নিয়েই শেষ হবে বর্তমান অর্থবছর।আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার মজুদ ৪০০ থেকে ৫০০ কোটি ডলার কমে যাবে।মূল্যস্ফীতির পর আগামী অর্থবছরে এই লেনদেনের ভারসাম্যহীনতা নিয়েই সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকতে হবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে। দীর্ঘ সময় ধরে দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এবারই প্রথম সেই স্থিতিশীলতা হুমকির মধ্যে পড়েছে। আমদানি ব্যয় বৃদ্ধি, প্রবাসী-আয়ে নামমাত্র প্রবৃদ্ধি, সর্বনিম্ন বৈদেশিক ঋণ ও বিনিয়োগের কারণে বড় ধরনের চাপের মধ্যে পড়েছে বৈদেশিক খাত। আর চাপের মধ্যে থাকা সামগ্রিক অর্থনীতি নিয়ে বাজেট দিতে হচ্ছে অর্থমন্ত্রীকে। নতুন বাজেটের বাস্তবায়ন অনেকখানি নির্ভর করবে অর্থনীতির এসব চাপ থেকে বের হয়ে আসার ওপর। সতর্ক থাকার পরামর্শ: বৈদেশিক লেনদেনে দেশের অবস্থান বেশ সংহতই ছিল। বৈদেশিক মুদ্রার মজুদও ছিল সন্তোষজনক পর্যায়ে। কিন্তু পরিস্থিতি পাল্টে গেছে দ্রুত। চলতি বছর রপ্তানি-আয় রেকর্ড পরিমাণে বাড়লেও তার চেয়ে বেশি বেড়েছে আমদানি ব্যয়। প্রায় ৪১ শতাংশ আমদানি ব্যয়ের প্রবৃদ্ধির চাপ সামলাতে পারছে না অর্থনীতি। মূলত বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানির দামের ব্যাপক বৃদ্ধি এবং রপ্তানি-সহযোগী আমদানি পণ্য বিশেষত তুলার দাম বাড়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। আর রয়েছে বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রকল্পের যন্ত্রপাতি আমদানির চাপ।প্রবাসী-আয়ের প্রবৃদ্ধি বেশ কয়েক বছর ধরে বৈদেশিক মুদ্রার মজুদকে সংহত করলেও এবার তাও কমে যাচ্ছে। এতে টাকা-ডলারের বিনিময় হারে বড় প্রভাব পড়েছে। একই সঙ্গে তা বৈদেশিক লেনদেনেও চাপ সৃষ্টি করেছে।বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ সামষ্টিক অর্থনীতির ভারসাম্য রক্ষার ক্ষেত্রে সরকারকে সতর্কতার সঙ্গে আগানোর পরামর্শ দিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, অবকাঠোমো খাতে সরকার বেসরকারি খাতের অংশীদারের উন্নয়ন প্রকল্প হাতে নিতে পারে। এগুলো বাস্তবায়নে যথেষ্ট পরিমাণ বৈদেশিক সাহায্য ও বেসরকারি খাতের বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত হওয়া জরুরি। তা না হলে মাঝপথে এগুলো বন্ধ হয়ে যেতে পারে। অথবা দেশীয় উৎস থেকে অর্থের জোগান দিতে গিয়ে বৈদেশিক লেনদেনে সংকট সৃষ্টি হবে।অধ্যাপক মাহমুদ বৈদেশিক লেনদেনের ভারসাম্য মাথায় রেখেই প্রকল্প পরিকল্পনা করার পরামর্শ দিয়ে বলেন, বড় বড় প্রকল্পের অর্থনৈতিক প্রয়োজন আছে। রাজনৈতিক চাহিদাও আছে। কিন্তু শেষ পর্যন্ত সম্পদের জোগানের কথা চিন্তায় রেখেই প্রকল্প করতে হবে। এসব প্রকল্পের অর্থায়নজনিত ঝুঁকি, লাভ-ক্ষতি বিশ্লেষণ ও অগ্রাধিকার বিষয়গুলো খুবই জরুরি। তিনি উদাহরণ দিয়ে বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটির উন্নয়নে কিছু বিনিয়োগ করলে আরও মানসম্মত পর্যায়ে উন্নীত করা যায়। কিন্তু তা না করে আরেকটি বৃহদাকার আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির জন্য তোড়জোড় শুরু হয়েছে। বৈদেশিক লেনদেন পরিস্থিতি: বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তৈরি বৈদেশিক লেনদেনের ভারসাম্যের চলতি হিসাব জুলাই-মার্চ সময়ের। এ হিসাবে ৬৮ কোটি ৯০ লাখ ডলারের উদ্বৃত্ত রয়েছে। তবে অর্থবছরের প্রথম নয় মাসের মাসভিত্তিক গড় এবং গতি-প্রকৃতির হিসাব নিয়ে ১২ মাস হিসাব করলে চলতি অর্থবছর শেষে ঘাটতি হবে। দেখা গেছে, মার্চ পর্যন্ত মূলধনি আয় সামান্য। নামমাত্র সরাসরি বৈদেশিক বিনিয়োগ (৫৭ কোটি ৪০ লাখ ডলার), অল্প কিছু পরিমাণে মধ্যমেয়াদি-দীর্ঘমেয়াদি (৮৬ কোটি ৩০ লাখ ডলার) ও স্বল্পমেয়াদি ঋণের বিপরীতে বড় আকারের ঋণ ও সুদ পরিশোধ এবং বেশি পরিমাণে রপ্তানির আয় আটকে থাকায় এমনিতেই আর্থিক খাতের হিসাবে বিপুল পরিমাণে ঘাটতি দেখা যাচ্ছে। এ কারণে সামগ্রিক ভারসাম্যে মার্চ পর্যন্ত ঘাটতি ৫২ কোটি ৯০ লাখ ডলার।আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক মুডিস ইনভেস্টরস সার্ভিস ও স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর গত এপ্রিল মাসে বাংলাদেশের বার্ষিক রেটিং পর্যালোচনার প্রতিবেদন প্রকাশ করেছে। দুটি সংস্থাই আগামী সময়ে দেশের বৈদেশিক লেনদেনের চাপের বিষয়টিকে স্মরণ করিয়ে দিয়েছে। রপ্তানি নিয়ে নতুন শঙ্কা: তৈরি পোশাকশিল্প মালিকদের সমিতি বিজিএমই সংবাদ সম্মেলন করে বলেছে, তাদের আশঙ্কা আগামী অর্থবছরের শুরুতে পোশাক খাতের বর্তমান প্রবৃদ্ধিতেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। কারখানাগুলো আগের মতো কাজ পাচ্ছে না। অনেক কাজ চীন, ভারত, পাকিস্তানের দিকে চলে যাচ্ছে। ওইসব দেশে তুলা উৎপাদনসহ বস্ত্রখাতের সহযোগী শিল্পের বিকাশ হয়েছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রপ্তানি করা পোশাক পণ্যের বিপরীতে আমদানি কাঁচামালের ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে। দুুটি কারণে এমনটি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তুলার দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি ও আগের বছরের চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণে রপ্তানির জন্য বিদেশ থেকে সুতা-কাপড় আমদানি হচ্ছে। এ বছর থেকে ইউরোপীয় ইউনিয়ন রপ্তানিতে অগ্রাধিকার সুবিধা জিএসপির রুলস অব অরিজিন বা পণ্যের উৎস বিধি শিথিল করায় পোশাকশিল্প মালিকেরা সুতা-কাপড় আমদানি দ্বিগুণ বাড়িয়েছে।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুসারে, ২০১০ সালের জানুয়ারি-মার্চ সময়ে ওভেন কাপড় আমদানির পরিমাণ ছিল ৪১ হাজার ৮০৮ টন। চলতি বছরের একই সময়ে আমদানি দাঁড়িয়েছে ৭৮ হাজার ৭৪১ টন। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় প্রথম তিন মাসের আমদানি বেড়েছে ৮৮ শতাংশ। অন্যদিকে আগের বছরের প্রথম তিন মাসে নিট কাপড় আমদানি হয়েছিল এক হাজার ৭১০ টন। এ বছর হয়েছে দুই হাজার ২৬৩ টন। অর্থাৎ, আমদানি বেড়েছে ৩২ শতাংশ।একই সময়ে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪২ শতাংশ। বলা হচ্ছে, নতুন উৎস বিধি চালুর কারণে পোশাকশিল্প মালিকেরা দেশীয় সুতা না কিনে বিদেশ থেকে কাপড় এনে সেলাই করেই ইউরোপে রপ্তানি করছে। দেশের সুতা-কাপড় ব্যবহার কমে আসার কারণেও বৈদেশিক লেনদেনে নতুন করে বড় ধরনের চাপ দেখা যাচ্ছে।বস্ত্র শিল্প মালিক সমিতি বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আল আমীন জানান, ২৫০টি মিলে ইতিমধ্যেই দুই লাখ টন সুতা জমে গেছে। আবার আইএমএফ, আবার শর্ত: এক বছর আগে আইএমএফের কাছ থেকে ‘লেনদেনের ভারসাম্য’ সহায়তার বিষয়টি সরকার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে না করে দিয়েছিল। কিন্তু বর্তমান নাজুক পরিস্থিতিতে নতুন করে আলোচনায় বসতে হচ্ছে। জুন মাসের প্রথম সপ্তাহে বাজেটের আগেই এ নিয়ে আইএমএফ প্রতিনিধি বাংলাদেশ আসছে।জানা গেছে, গত এপ্রিলে আইএমএফের এশিয়া-প্যাসিফিক বিভাগের পরিচালক অনুপ শিং অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছেন, তাঁদের ঋণ পেতে সরকার ও বাংলাদেশ ব্যাংককে পরিষ্কার অঙ্গীকার করতে হবে। মুদ্রার বিনিময় হারের বিষয়টি আরও শিথিল করতে হবে। একই সঙ্গে মুদ্রানীতি সংকোচনের শর্ত দিয়েছে। বলেছে, ঋণ প্রবাহ আরও কমিয়ে আনতে হবে। আসন্ন বাজেট থেকেই ভর্তুকি কমিয়ে রাজস্ব ব্যয়ের ওপর যে চাপ তৈরি হয়েছে, তা কমাতে হবে।নানামুখী তৎপরতা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সম্প্রতি তফসিলি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে চিঠি দিয়ে বৈদেশিক মূলধন ও মেয়াদি ঋণ আনার কথা মনে করিয়ে দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, বিশ্ব আর্থিক খাত বিপর্যয় ও অর্থনৈতিক মন্দাভাব কাটিয়ে বাংলাদেশ বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্যে গতিশীলতা আনতে পারলেও দেশে বৈদেশিক বিনিয়োগকে গতিশীল করা যায়নি। মূলধন খাতের এই আন্তঃপ্রবাহের দুর্বলতা লেনদেনের ভারসাম্যের চলতি খাতে উদ্বৃত্ত থাকলেও টাকার বিনিময় হারকে চাপের মুখে ফেলেছে।এর বাইরে গত ১১ মে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের রপ্তানি পণ্যের আয় দ্রুত দেশে আনতে তৎপর হতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সময় বলা হয়েছে, রপ্তানি মূল্য আর রপ্তানি আয় আদায়ের মধ্যে ২০০ কোটি ডলারের পার্থক্য হয়েছে। রপ্তানি আয় দেশে আনার সময়সীমা চার মাস। কেন্দ্রীয় ব্যাংক মনে করে এই আয় দ্রুত এলে ব্যাংকগুলোর ঋণ বিতরণ ও আমদানির এলসি খোলার সক্ষমতা বাড়বে।