অর্থনৈতিক উন্নয়নে বনাঞ্চল অপরিহার্য: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বনাঞ্চল পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য নিরসন ও কর্মসংস্থান সৃষ্টিতে অপরিহার্য ভূমিকা পালন করে।আজ মঙ্গলবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে প্রথমবারের মতো অনুষ্ঠিত বাংলাদেশ বনাঞ্চল কংগ্রেস-২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দানকালে তিনি এ কথা বলেন।জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) ও জার্মান উন্নয়ন সহযোগিতার (জিআইজেড) সহায়তায় বাংলাদেশ বন বিভাগ এই কংগ্রেসের আয়োজন করে।অর্থমন্ত্রী বলেন, ‘আমরা বন সম্পদ সংরক্ষণে ব্যর্থ হলে দেশের উন্নয়নপ্রক্রিয়া ব্যাপকভাবে ব্যাহত হবে। পরিবেশের দিক থেকে বাংলাদেশ খুবই ঝুঁকিপূর্ণ দেশ। এ জন্য পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশে বনায়নের বিস্তার ঘটাতে হবে।’হাছান মাহমুদ বলেন, দেশের প্রায় ৭ দশমিক ৫ লাখ একর জমি সামাজিক বনায়নের আওতায় আনা হয়েছে। দেশে বনায়নের বিস্তারে সরকার সামাজিক বনায়নে জনগণের মালিকানার ওপর অগ্রাধিকার দিয়েছে। জ্বালানি, কাঠ, ফসল, শিল্পায়ন, নগরায়ণ ও অবকাঠামোর চাহিদা বৃদ্ধির কারণে দেশের বন সম্পদ বহুমুখী সমস্যার মুখে পড়েছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এই সমস্যাকে আরও প্রকট করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন নীতি ও কর্মসূচি গ্রহণ করে বন সম্পদ সংরক্ষণে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে।ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর স্টিফেন প্রিসনার বলেন, সামাজিক বনায়নের ক্ষেত্রে বাংলাদেশ ভালো সাফল্য অর্জন করেছে, যা আয় বৃদ্ধি ও দারিদ্র্য নিরসনে অবদান রাখছে। বাংলাদেশের আজ ও আগামী প্রজন্মের স্বার্থে সব ধরনের বনাঞ্চলের টেকসই ব্যবস্থাপনা ও উন্নয়ন এবং সংরক্ষণে সব পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে সম্মিলিত প্রয়াসের দিকে নজর দেওয়া প্রয়োজন।অনুষ্ঠানে ‘উন্নত জীবনের জন্য বনাঞ্চল’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. আবদুর রহমান।পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উল আলমের সভাপতিত্বে এই কংগ্রেসে পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল মমিন তালুকদার, ডিরেক্টর অব অফিস ইকোনমিক গ্রোথ নরেন চাংমুগাম, জিআইজেড কান্ট্রি ডিরেক্টর ওলফ হ্যান্ডলয়েগটেন ও প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমেদ অনুষ্ঠানে বক্তব্য দেন।—বাসস