অর্থনৈতিক পরিস্থিতি নাজুক, সব সূচক বিপর্যয়ের মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ, উন্নয়ন ও উৎপাদনের জন্য বাজেট চেয়েছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া এ রকম এক বাজেটের কথা উল্লেখ করে বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক। সামষ্টিক অর্থনীতির সব সূচক বিপর্যয়ের মুখে। দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। বিগত দুই দশকের মধ্যে এক অর্থবছরে সামষ্টিক অর্থনীতির সূচকগুলো এমন বিপর্যয়ে আর পড়েনি। রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবনা দিতে গিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এ কথা বলেন। কী রকম বাংলাদেশ দেখতে চাই—এমন প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসন বলেন, বিশ্বাসযোগ্য ও পক্ষপাতহীন নির্বাচন অনুষ্ঠানের নিশ্চয়তা; কার্যকর ও জবাবদিহিমূলক সংসদের নিশ্চয়তা; একটি স্বাধীন, দক্ষ, রাজনৈতিক হস্তক্ষেপ-বিবর্জিত ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা; মানবাধিকার সংরক্ষণ ও আইনের শাসনের নিশ্চয়তা; দক্ষ; দুর্নীতিমুক্ত ও দল নিরপেক্ষ জন ও পুলিশ প্রশাসন। উপস্থাপিত বাজেট প্রস্তাবনায় অর্থনৈতিক পরিস্থিতি নাজুক হওয়ার কারণ হিসেবে বিএনপি বলেছে, মূল্যস্তর, বিনিয়োগ, সঞ্চয়, বাজেট ঘাটতি, শিল্পোৎপাদন, বিদেশি মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হার, বিদেশি মুদ্রার মজুদ ও কর্মসংস্থান—সবই নেতিবাচক। শেয়ারবাজার বিপর্যয়কে বর্তমান সরকারের চরম ব্যর্থতা হিসেবে অভিহিত করেছে বিএনপি। এ ছাড়া চলতি অর্থবছরের প্রাক্কলিত প্রবৃদ্ধিকে রাজনৈতিকীকরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। খালেদা জিয়া বলেন, ‘আমরা এমন এক প্রেক্ষাপটে এই বাজেট প্রস্তাবনা উত্থাপন করছি, যখন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আদালতের রায়ের অজুহাতে বাতিলের ঘোষণা দিয়ে সুষ্ঠু বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পথ রুদ্ধ করে গণতান্ত্রিক-প্রক্রিয়াকে স্তব্ধ করে দেওয়ার পাঁয়তারা চলছে।’ খালেদা জিয়ার মতে, বাজেট হবে মানুষ, উন্নয়ন ও উৎপাদনের জন্য। বাজেটে বরাদ্দের নীতি হবে সামাজিক উৎপাদনশীলতার নিরিখে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। বর্তমান বাস্তবতার নিরিখে বরাদ্দের অগ্রাধিকার নির্ণয়ে বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য ও ভৌত অবকাঠামো খাত বিশেষ গুরুত্বের দাবিদার বলে মনে করেন বিএনপির চেয়ারপারসন। মূল্যস্ফীতি সম্পর্কে বিরোধীদলীয় নেত্রী জানান, প্রতিশ্রুতির ধারেকাছে নেই বর্তমান মূল্যস্ফীতির হার। সর্বশেষ হিসাব মতে, গরিব মানুষের ওপর বাজেটের আগেই কর বসেছে ১০ দশমিক ৬৭ শতাংশ। চালের দাম বাড়লে জনগোষ্ঠী খাদ্যনিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যায়। দেশি-বিদেশি বিনিয়োগ পরিস্থিতি হতাশাব্যঞ্জক উল্লেখ করে খালেদা জিয়া বলেন, সরকারি বিনিয়োগ হ্রাস পাওয়ায় সার্বিক বিনিয়োগ-প্রক্রিয়ায় আরও নেতিবাচক প্রভাব পড়ছে। সরকারি কর্মকর্তাদের ওপর অযাচিত রাজনৈতিক খবরদারি ও হস্তক্ষেপের ফলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে আশানুরূপ উদ্যোগ গ্রহণে তারা সাহস পাচ্ছে না। এডিপি বাস্তবায়নে অদক্ষতা সরকারের ব্যর্থতার একটি নজির বলেও তিনি মন্তব্য করেন। এ ছাড়া গত দুই বছরে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) অগ্রগতি না হওয়ার সমালোচনা করেন তিনি। অপরিকল্পিত বিদ্যুৎ উৎপাদনব্যবস্থার অভিযোগ এনে তিনি বলেন, তরল জ্বালানিনির্ভর কেন্দ্রগুলো থেকে উচ্চমূল্যে বিদ্যুৎ কিনতে গিয়ে পিডিবির লোকসান বাড়ছে। এতে বাজেটে ভর্তুকির পরিমাণ বাড়ছে। এ ছাড়া বিদ্যুতের চাহিদা সম্পর্কে সরকার লুকোচুরি করছে বলে অভিযোগ করেন তিনি। বাজেট প্রস্তাব: আগামী অর্থবছরের জন্য বিএনপির পক্ষ থেকে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বেশ কিছু প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় সুবিধাভোগীদের জন্য মাথাপিছু ব্যয়ের পরিমাণ ২০ ভাগ বাড়ানোর প্রস্তাব করেছেন তিনি। এ ছাড়া মূল্যস্ফীতি ও বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এনে ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা প্রায় দ্বিগুণ করে তিন লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। একই কারণ দেখিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে থোক হিসেবে মূল্য সংযোজন কর (মূসক) আদায়ের পরিমাণ ২৫ শতাংশ কমানোর পাশাপাশি মূসকের আওতা সম্প্রসারণ না করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া ডাক্তার ফি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফি, বাড়ি ভাড়া, স্থাপনা ও যাত্রীর ভাড়ার ওপর মূসক প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এ ছাড়া সঞ্চয়পত্র বিক্রি করে সরকারের ঋণ গ্রহণ বৃদ্ধি ও মূল্যস্ফীতির চাপ কমাতে সব ধরনের সঞ্চয়পত্রের ওপর উৎসে কর রহিত করার পাশাপাশি সুদের হার যৌক্তিক করার প্রস্তাব করা হয়েছে। কৃষিতে সমবায়ব্যবস্থা জোরদারকরণের জন্য ৫০০ কোটি টাকার বরাদ্দ, আইলা-দুর্গতদের পুনর্বাসনে ১৫০ কোটি টাকা বরাদ্দ, বস্ত্র খাতে নগদ সহায়তা আট শতাংশে উন্নীতকরণ, বস্ত্র খাত পুনর্বাসন তহবিল গঠন, বয়স্ক নিবাস ও ডে কেয়ার সেন্টার নির্মাণ, বিনাসুদে প্রবাসীদের জন্য ঋণের ব্যবস্থা, পেনশন তহবিল গঠনসহ বেশ কিছু খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। শেয়ারবাজার: সম্প্রতি শেয়ারবাজার বিপর্যয়কে সরকারের চরম ব্যর্থতা হিসেবে অভিহিত করেছে বিএনপি। এই সম্পর্কে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘জনশ্রুতি রয়েছে, ইতিমধ্যে হাজার হাজার ডলার বিদেশে পাচার হয়ে গেছে। শোনা যায়, শেয়ারবাজার থেকে যারা শত শত কোটি টাকা তুলে নিয়েছে তারা নিয়ন্ত্রক সংস্থাগুলোকে নিজ দখলে নিয়ে নিয়েছিল। এটি সরকারের চরম পরিচালনা-ব্যর্থতা। একটি দেশের নিয়ন্ত্রক সংস্থাগুলো যখন সরকারের মদদে যাদের নিয়ন্ত্রণ করতে হবে তাদের দখলে চলে যায়, তখন আর সেই দেশের অবশিষ্ট কিছু থাকে না।’ খালেদার জিয়ার মতে, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই শেয়ারবাজারে ধস নামে। শেয়ারবাজার হয়ে পড়েছে কিছুসংখ্যক দুর্বৃত্ত চরিত্রের ব্যবসায়ীদের বিত্তবৈভব অর্জনের হাতিয়ার। এবার শেয়ারবাজারে প্রত্যাশার উচ্ছ্বাস কৃত্রিমভাবে তৈরি করেছে সূচক অবিশ্বাস্য পর্যায়ে উন্নীত করা হয়, যার জন্য কোম্পানিগুলোর মৌলিক আর্থিক সংগতির কোনো মিল ছিল না। একপর্যায়ে শেয়ারবাজারে নিদারুণ ধ্বংস নেমে আসে। লাখ লাখ বিনিয়োগকারী তাঁদের পুঁজিপাট্টা হারিয়ে পথের ভিখারিতে পরিণত হন। তাঁর মতে, শেয়ারবাজার বিপর্যয় থেকে ফায়দা লুটকারী গোষ্ঠীর অর্থ পাচারের কারণে ডলারের বিপরীতে টাকার মান কমছে। বিএনপি যখন ক্ষমতায় এসে শেয়ারবাজারে সুস্থ ধারা ফিরিয়ে আনে আর আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে তা নস্যাৎ করে দেয় বলে বিরোধীদলীয় নেতা মনে করেন।প্রবৃদ্ধি বিতর্ক: মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হার নির্ণয়ে রাজনীতিকীকরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। বিএনপি মনে করছে, জিডিপি প্রবৃদ্ধির হিসাব বার বার সংশোধন, তথ্যের অসামঞ্জস্যতা ও হিসাব-প্রক্রিয়ায় নগ্ন হস্তক্ষেপের কারণে এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। খালেদা জিয়া বলেন, সরকারি মহল দাবি করছে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার হবে ৬ দশমিক ৭ শতাংশ। প্রবৃদ্ধির হার বেশি দেখাতে গিয়ে ক্রমবর্ধমান মূলধন ও উৎপাদন অনুপাত যেভাবে কমাতে হয়েছে তার সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ ব্যবহারের সামঞ্জস্য নেই। আমাদের প্রশ্ন হলো, প্রবৃদ্ধি দেখানো হচ্ছে তার গুণগত মান কী? বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহাবুবুর রহমান, এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিঞা, গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিদেশি কূটনীতিক, অর্থনীতিবিদ ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তি উপস্থিত ছিলেন।