অর্থনৈতিক প্রয়োজনের তুলনায় বাজেট উচ্চাভিলাষী নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনৈতিক প্রয়োজনের সঙ্গে তুলনা করে দেখলে প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী নয়। তবে এর সাফল্য নির্ভর করছে দক্ষ বাস্তবায়ন এবং বাস্তবায়নের উৎকর্ষতার ওপর। রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের ওপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আজ শুক্রবার এ কথা বলেছে। সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের গবেষকেরা উপস্থিত ছিলেন।মোস্তাফিজুর রহমান বলেন, প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ, অবকাঠামো ও কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় শিল্পের সংরক্ষণ এবং রপ্তানি খাতকে প্রণোদনা দেওয়ার জন্য যা করার সেটাও মোটামুটি করা হয়েছে। রাজস্ব আদায়ে করের আওতা বাড়ানোর উদ্যোগও রয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, ২০১৫ সালের মধ্যে বিদ্যুৎ খাতে সরকার ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে আরও বেশি বিনিয়োগ দরকার এবং তা এখন থেকেই শুরু করতে হবে।সরকারি-বেসরকারি অংশদারিত্বের (পিপিপি) ব্যাপারে সিডিপি বলেছে, এ খাতে সাফল্যের মুখ দেখতে হলে দ্রুততার সঙ্গে পিপিপি কাঠামো ও নীতিমালা ঠিক করতে হবে। এ ছাড়া স্বতন্ত্র পিপিপি কার্যালয় করতে হবে।সংস্থাটি আরও বলেছে, প্রস্তাবিত বাজেটে বড় অঙ্কের ঘাটতি অর্থায়নের কথা বলা হয়েছে, যা প্রধানত সংগ্রহ করা হবে অভ্যন্তরীণ ব্যাংক-ব্যবস্থা থেকে। এতে সিপিডি মনে করে মূল্যস্ফীতির ওপর চাপ বাড়বে।