অর্থনৈতিক শুমারির শুরুতেই দুর্নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অর্থনৈতিক শুমারি-২০১৩-এর কার্যক্রম শুরু হতে না-হতেই দুর্নীতির অভিযোগ উঠেছে। শুমারির প্রকল্প পরিচালক আলাউদ্দিন আল আজাদ ও উপ-প্রকল্প পরিচালক আবদুর রহিম অনুমোদন ছাড়াই ১২ কোটি ৭৩ লাখ টাকা তুলে নিয়েছেন। পরিসংখ্যান ব্যুরোর তদন্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।প্রকল্পের তহবিল থেকে এভাবে অর্থ তুলে নেওয়াকে দুর্নীতি ও অসদাচরণ হিসেবে উল্লেখ করে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে ওই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে এ ঘটনার আরও তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। তুলে নেওয়া অর্থ তাঁরা কোথায় সরিয়েছেন, তা অনুসন্ধান করা হচ্ছে।পরিসংখ্যান ব্যুরোর সূত্র এবং প্রকল্পের নথি পর্যালোচনা করে দেখা গেছে, ১৯৩ কোটি টাকার এই প্রকল্পে অন্তত ১৫০ কোটি টাকার অতিরিক্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে। শুমারির জন্য প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লোক নিয়োগ, উপকরণ এবং আপ্যায়ন ও পরিবহন বাবদ অতিরিক্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে।সর্বশেষ ২০১০ সালের আদমশুমারিতেও একই কায়দায় প্রকল্পের পরিচালক অসীম কুমার দে ৬০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের তদন্তে বেরিয়ে এসেছে।পরিসংখ্যান ব্যুরো সূত্রে জানা গেছে, অর্থনৈতিক শুমারি-২০১৩-এর প্রকল্প প্রস্তাবটিও পরিসংখ্যান ব্যুরোর সাবেক শুমারি উইংয়ের পরিচালক অসীম কুমার দের তত্ত্বাবধানে তৈরি হয়। আলাউদ্দিন আল আজাদ ও আবদুর রহিম তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। রহিম আদমশুমারি প্রকল্পের সঙ্গেও যুক্ত ছিলেন।জানতে চাইলে আলাউদ্দিন আল আজাদ বলেন, ‘আমার বিরুদ্ধে আসা অভিযোগগুলো অফিশিয়াল (দাপ্তরিক) বিষয়। অফিশিয়ালি এর উত্তর দেব।’পরিসংখ্যান ব্যুরোর বেশ কয়েকটি শুমারি পরিচালনায় অভিজ্ঞ কয়েকজন পরিসংখ্যানবিদ প্রথম আলোকে জানান, এ ধরনের একটি শুমারি করতে বড়জোর ৪০ থেকে ৫০ কোটি টাকার প্রয়োজন হতে পারে। আদমশুমারির মতোই অর্থনৈতিক শুমারি থেকে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের জন্য প্রকল্পের ব্যয় বাড়িয়ে দেখানো হয়েছে।জানতে চাইলে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব নজিবর রহমান প্রথম আলোকে বলেন, দুর্নীতি ও অসদাচরণের প্রমাণ পাওয়ায় প্রকল্প পরিচালককে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত শুরু হয়েছে। প্রকল্পে অতিরিক্ত অর্থ বরাদ্দ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, প্রকল্পে যাতে আর কোনো ধরনের দুর্নীতি না হয়, সে জন্য মাঠপর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে। বাড়তি কোনো অর্থ খরচ করতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পের বাড়তি ব্যয় কমিয়ে উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে ফেরত পাঠানো হবে। পরিসংখ্যান ব্যুরো সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ের কাজ তদারকি ও দুর্নীতি ঠেকাতে সংস্থাপন মন্ত্রণালয় থেকে পাঁচজন উপসচিবকে অর্থনৈতিক শুমারির সঙ্গে যুক্ত করা হয়েছে। সারা দেশের ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকারের প্রতিনিধি এবং কার্যালয়কে এই শুমারির কাজে যুক্ত করতে মাঠপর্যায়ে চিঠি দেওয়া হয়েছে।১৫০ কোটি টাকা বাড়তি: অনুসন্ধানে দেখা গেছে, দুর্নীতি ও অর্থ আত্মসাতের ধরনের দিক থেকে আদমশুমারি-২০১০-এর সঙ্গে অর্থনৈতিক শুমারি-২০১৩-এর বেশ মিল রয়েছে। আদমশুমারিতে যে যে খাতে অতিরিক্ত অর্থ দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে, অর্থনৈতিক শুমারিতেও প্রায় একই খাতে অতিরিক্ত খরচ দেখানো হয়েছে।শুমারি প্রকল্পে অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে অগ্রিম অর্থ তুলে তা বিল ও ভাউচার জমা দিয়ে হিসাব ব্যবস্থাপনা করা হয়। বেশির ভাগ ক্ষেত্রে উপকরণ ক্রয়, মাঠপর্যায়ের সুপারভাইজার ও গণনাকারীদের সম্মানীসহ বিভিন্ন খাতে অর্থ বেশি দেখানো হয়। পরে ভুয়া বিল ও ভাউচার জমা দিয়ে ওই অর্থ ব্যয়ের বৈধতা নিশ্চিত করা হয়।প্রথম আলোর অনুসন্ধান ও নথি পর্যালোচনা করে দেখা গেছে, সুপারভাইজারদের সম্মানী ৪৭ কোটি ৭১ লাখ, প্রশ্নপত্রের সংখ্যা ও দর বেশি দেখিয়ে ১৯ কোটি আট লাখ, প্রশ্নপত্র ও অন্যান্য ফরম মুদ্রণ বাবদ ২৫ কোটি টাকা দেখানো হয়েছে, গণনাকারীদের সম্মানী, যাতায়াত খরচ ও দৈনন্দিন ভাতা (টিএ-ডিএ) বাবদ ৩০ কোটি টাকা এবং আপ্যায়ন ও প্রশিক্ষণ খাতে আরও ২৮ কোটি টাকা অতিরিক্ত খরচ দেখানো হয়।আরও দুর্নীতির সুযোগ: অর্থনৈতিক শুমারির নথি পর্যালোচনা করে এবং এর আগের অন্য শুমারিগুলোর নথির সঙ্গে তুলনামূলক পর্যালোচনা করে দেখা গেছে, অর্থনৈতিক শুমারি-২০১৩-এর জন্য প্রয়োজনীয় প্রতিটি উপকরণের দামই বাজারমূল্যের চেয়ে বাড়িয়ে ধরা হয়েছে। যেমন, শুমারির প্রশ্নপত্র পূরণের জন্য ব্যবহূত একটি পেনসিলের দাম ধরা হয়েছে ২০ টাকা, রাবার ও শার্পনার ১২ টাকা করে। রাজধানীর পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, শুমারিতে ব্যবহূত হওয়া একেকটি স্টেইডলার কোম্পানির পেনসিলের খুচরা মূল্য ১৫ টাকা ও পাইকারি ১৩ টাকা। ইরেজার খুচরা পাঁচ ও পাইকারি তিন টাকা, শার্পনার খুচরা চার এবং পাইকারি তিন টাকায় বিক্রি হচ্ছে।প্রকল্পের নথিতে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ধরা হয়েছে এক কোটি ১০ লাখ। পরিসংখ্যান ব্যুরোতে এর আগের শুমারিগুলোতে দায়িত্ব পালন করেছেন এমন পরিসংখ্যানবিদেরা জানিয়েছেন, এতে সর্বসাকল্যে দেড় লাখ পেনসিল, ৮০ হাজার ইরেজার ও ৮০ হাজার শার্পনার প্রয়োজন হবে। কিন্তু প্রকল্পে মোট ১২ লাখ পেনসিল, ১২ লাখ ইরেজার, ১২ লাখ শার্পনার, তিন লাখ খাম দেখানো হয়েছে। এই ইউনিটগুলোতে তথ্য সংগ্রহের উপকরণ বাবদ মোট ১৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।