অর্থনৈতিক শুমারির সঙ্গে করনির্ধারণী কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা নেই: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেছেন, অর্থনৈতিক কর্মকাণ্ড-সশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উপকার ও ভবিষ্যত্ উন্নতির জন্যই ‘অর্থনৈতিক শুমারি ২০১৩’ পরিচালিত হচ্ছে। শুমারিতে পাওয়া তথ্য অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে। করারোপ-সংক্রান্ত কোনো কাজে শুমারির তথ্য ব্যবহার করা হবে না।দেশব্যাপী কৃষিবহির্ভূত অর্থনৈতিক শুমারি ২০১৩-এর দ্বিতীয় পর্বের গণনার কাজ শুরুর প্রাক্কালে আগারগাঁওয়ের পরিসংখ্যান ব্যুরোতে আজ বুধবার এক প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ আজ এক শক্তিশালী অর্থনৈতিক ভিতের ওপর প্রতিষ্ঠিত। পোশাক, ওষুধ ও জাহাজশিল্পে আমরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। আমাদের চামড়াপণ্য আজ বিশ্বময় ছড়িয়ে পড়েছে।” মন্ত্রী বলেন, কৃষিবহির্ভূত এসব খাতের কাঠামোগত পরিবর্তন এবং অর্থনীতিতে অবদান নিরূপণই অর্থনৈতিক শুমারির মূল উদ্দেশ্য। তিনি গণনাকারীদের নির্দিষ্ট ও সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।উল্লেখ্য, অর্থনৈতিক শুমারির দ্বিতীয় পর্বের গণনা ১৫ থেকে ২৪ মে পর্যন্ত রাজধানীসহ দেশের ২৭টি জেলায় চলবে। প্রথম পর্বে ৩৭টি জেলার গণনা এরই মধ্যে শেষ হয়েছে।প্রেস ব্রিফিংয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. নজিবুর রহমান, পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল ও অর্থনৈতিক শুমারি ২০১৩-এর প্রকল্প পরিচালক দিলদার হোসেন বক্তব্য দেন। শুমারির ফলাফল এ বছরের শেষ নাগাদ প্রকাশ করা হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়।