অর্থপাচার মামলা বাতিলে মামুনের আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থপাচার মামলা বাতিল চেয়ে তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আজ সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।বিচারিক আদালতে এ মামলায় আগামী ৮ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করা আছে। এর আগে চলতি বছরের ২৪ জুলাই মামলা বাতিল চেয়ে মামুন হাইকোর্টে আবেদন করেন।গতকালের শুনানি শেষে আদালত আজ আদেশের দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আনিসুল হক এবং মামুনের পক্ষে আহসানুল করিম শুনানি করেন। আদালত থেকে বের হয়ে দুদকের আইনজীবী আনিসুল হক বলেন, ‘অর্থপাচার প্রতিরোধ আইনে মামলা বাতিল চেয়ে মামুন আবেদন করেছিলেন। আদালত তিন দিন শুনানি নিয়ে আজ আদেশ দিয়েছেন। আবেদনটি সরাসরি খারিজ করা হয়েছে। ফলে গিয়াসউদ্দিন আল মামুন ও তারেক রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলাটি যেভাবে চলছিল সেভাবেই চলবে। মামলা চলতে কোনো বাধা রইল না।’ ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় বিদেশে অর্থপাচারের অভিযোগে তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছরের ২ জুলাই তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে জামিন নিয়ে চিকিত্সার জন্য যুক্তরাজ্য যান। এখনো তিনি সেখানেই আছেন। গত ৮ আগস্ট তারেক রহমানকে পলাতক দেখিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।অভিযোগপত্রে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানি ও সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর বন্ধু মামুন অবৈধভাবে অর্থ আদায় করেন। তারেক রহমান নিজেকে আড়াল করতে মামুনের মাধ্যমে ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে মোট ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা সিঙ্গাপুরে পাচার করেন। তারেক রহমানের অবৈধভাবে অর্জিত অর্থই সিঙ্গাপুরের সিটি ব্যাংকে মামুনের হিসাবে রক্ষিত ছিল।এ মামলায় ১৬ নভেম্বর তারেক ও মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেন মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের কর্মকর্তা ডেবরা লাপ্রেভেট।