অর্থপাচার মামলা: তারেকের আবেদনের ওপর রায় ২ জুন
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থপাচার মামলা বিষয়ে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। আগামী ২ জুন রায় দেওয়া হবে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ শুনানি শেষে আজ সোমবার পৌনে একটার দিকে রায়ের এ দিন ধার্য করেন।গত ৯ ফেব্রুয়ারি অর্থপাচার মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারেক রহমানের করা লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) কিছু পর্যবেক্ষণ সাপেক্ষে নিষ্পত্তি করে দেন আপিল বিভাগ। আপিল বিভাগের ওই আদেশ পুনর্বিবেচনা চেয়ে ৩০ এপ্রিল তারেকের পক্ষে আবেদন করা হয়। হাইকোর্ট গত বছরের সেপ্টেম্বরে এ মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে তারেকের পক্ষে করা রিট আবেদন খারিজ করে রায় দিয়েছিলেন। তিনি আপিল বিভাগে এর বিরুদ্ধে লিভ টু আপিল করেন। প্রসঙ্গত, ২০০৯ সালের ২৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপি নেতা তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে ২০ কোটি ৪১ লাখ টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে মামলা করে।