অর্থপাচার মামলায় তারেকের রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থপাচারের মামলা এবং অর্থপাচার আইনের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের করা রিট খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিকেলে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।আদালতের এ রায়ের ফলে তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা পরিচালনায় কোনো বাধা নেই বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।জানা গেছে, ২০০৯ সালের ১৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) তারেক রহমান এবং তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে ২০ কোটি ৪১ লাখ টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে সেনানিবাস থানায় মামলা করে। গত ৫ জুলাই এর অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলা এবং মুদ্রাপাচার আইনের বৈধতা চ্যালেঞ্জ করে গত আগস্ট মাসে হাইকোর্টে তারেক রহমানের পক্ষে রিট করা হয়। এর পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট আদালত রুল জারি করেন। রুলের ওপর গতকাল মঙ্গলবার শুনানি শেষ হয়।আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পক্ষে আনিসুল হক ও খুরশীদ আলম এবং তারেক রহমানের পক্ষে রফিক-উল হক, মাহবুব উদ্দিন ও আহসানুল করিম শুনানিতে অংশ নেন।মাহবুব উদ্দিন বলেন, হাইকোর্ট কিছু পর্যবেক্ষণ দিয়ে রায় দিয়েছেন। রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর পর্যালোচনার করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।